শেষ হলো বিশ্ব ইজতেমা
টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনায় বেলা পৌনে একটায় আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ১৬ মিনিট ধরে চলে মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ও দিল্লির নিজামুদ্দিন মসজিদের খতিব মাওলানা জোবায়রুল হাসান।ধর্মপ্রাণ মুসল্লিদের এ সময় কারও দুই চোখ ছিল মুদিত, কারও দৃষ্টি ছিল সুদূরে প্রসারিত। আর মৃদু স্বরে উচ্চারিত হয়েছে ‘আমিন আমিন’ ধ্বনি।জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য পরম দয়াময় আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে পানাহ ভিক্ষা করছিলেন তাঁরা। ক্ষমালাভের আশায় লাখো মানুষের সঙ্গে একত্রে হাত তুলতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিলেন তাঁরা।দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল ১১ জানুয়ারি। শেষ হয়েছিল ১৩ জানুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হয় ১৮ জানুয়ারি। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমা।তাবলিগ জামাতের দীনের দাওয়াতের কর্মধারায় বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল ১৯৪৬ সালে। ঢাকার রমনা উদ্যানসংলগ্ন কাকরাইল মসজিদে প্রথম ইজতেমার আয়োজন করা হয়েছিল। মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৯৪৮ সালে ইজতেমা হয় বর্তমানে যেখানে হাজি ক্যাম্প, সেই ময়দানে। ১৯৫৮ সালে ইজতেমা হয় সিদ্ধিরগঞ্জে। ক্রমবর্ধমান মুসল্লির সংখ্যায় স্থানসংকুলানের জন্য ১৯৬৬ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের পারের মাঠে ইজতেমা শুরু হয়। সারা বিশ্ব থেকে ইজতেমায় মুসল্লিদের আগমন ঘটতে থাকে। দেশের সব অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষ আল্লাহর রহমত লাভে ধন্য হওয়ার আশায় ছুটে আসেন ইজতেমায়। টঙ্গীর বিশাল ময়দানও নেহাত ছোট হয়ে পড়ে এই বিপুলসংখ্যক মানুষের স্থানসংকুলানের জন্য। এ পরিস্থিতিতে গত বছর ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমার আয়োজন করেন তাবলিগের নেতারা।