শেষ হলো বিশ্ব ইজতেমা, দ্বিতীয় দফায় তিন মুসল্লির মৃত্যু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ধনী-গরিবের স্রোত এক হয়ে টঙ্গীর তুরাগতীরে মিশেছে ইজতেমা মাঠে। মোনাজাতে অংশ নিতে এসেছেন নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক, কিশোর-শিশু। সবাই সারা বিশ্বের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন।আখেরি মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকেই ইজতেমা অভিমুখে নামে মানুষের ঢল। ইজতেমা মাঠ পেরিয়ে মানুষের ভিড় আশপাশের সড়ক, অলিগলিসহ বাসাবাড়ির ছাদে ছড়িয়ে পড়ে। পুরো টঙ্গী এলাকা পরিণত হয় জনসমুদ্রে।গতকাল শনিবার মধ্যরাত থেকেই গাজীপুরের বিশ্বরোড থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রতিবছর ইজতেমায় আসা লাখো মুসল্লির কষ্ট বিবেচনা করে ইজতেমা কর্তৃপক্ষ গত বছর থেকে দুই পর্বে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়।আখেরি মোনাজাতের জন্য আজ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছুটি ছিল। দুপুর একটা পাঁচ মিনিটে মোনাজাত শুরু করেন দিল্লির তাবলিগ জামাতের মজলিসে সুরার সদস্য মাওলানা যোবায়েরুল হাসান। ১৮ মিনিটের মোনাজাত: দুপুর একটা পাঁচ মিনিটে শুরু হওয়া ১৮ মিনিটের মোনাজাতের সময় ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় নীরবতা নেমে আসে। মাওলানা যোবায়েরুল হাসান মহান সৃষ্টিকর্তার কাছে বিশ্বের সব মানুষ এবং মুসলিম উম্মাহরশান্তি কামনা করে দোয়া চান। এ সময় উপস্থিত লাখো মুসল্লি হাত তুলে ‘আমিন আমিন’ ধ্বনি তোলেন। ফজরের নামাজের পর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা সা’দ। ভিআইপিদের মোনাজাত: আখেরি মোনাজাতে অংশ নেন হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় পার্টির মাহাসচিব রুহুল আমিন, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।টেলিভিশন-মুঠোফোন মোনাজাত: ইজতেমা মাঠে না এসেও মোনাজাতের সময় হাত তুলেছে অসংখ্য মানুষ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা মজিদ মাঠ, নলজানি ওয়্যারলেস মাঠ, ভুরুলিয়া ওয়াপদা মাঠ, সফিপুর বাজার, উপজেলার প্রতিটি থানায় ওয়্যারলেস সেটে, মুঠোফোন ও টেলিভিশনের মাধ্যমে মোনাজাত প্রচার করা হয়। এসব স্থানে নারীদের ব্যাপক উপস্থিতি ছিল। আবার টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করার কারণে অনেকে বাসায় বসে মোনাজাতে অংশ নিয়েছে।ইজতেমায় দুই দফায় ১৪ মুসল্লির মৃত্যু: আজ ভোরে হূদরোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি হলেন পাবনার ঈশ্বরদী থানার আওতাপাড়া গ্রামের আবদুস সামাদ (৭০)। এ ছাড়া ইজতেমার দ্বিতীয় পর্বে গত দুই দিনে সুনামগঞ্জের আফজাল হোসেন (৭৫) ও নোয়াখালীর নজির আহাম্মেদ (৭০) মারা গেছেন। বিশ্ব ইজতেমার মাসলাহাল জামাতের আমির মো. আদম আলী জানান, নিহত ব্যক্তিদের প্রায় সবাই হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।মোনাজাত শেষে যানজট: মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া লোকজন যার যার গন্তব্যের উদ্দেশে রওনা হয়। এতে টঙ্গীর আশপাশের সড়ক-মহাসড়কগুলোতে সৃষ্টি হয় যানজট। ফলে আবারও হেঁটে রওনা দেন মুসল্লিরা।