হাজার বছরের ঐতিহ্যময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহমান বাংলা। শান্তিপ্রিয় বাঙালির ওপর স্বার্থগত কারণে চাপিয়ে দেওয়া পাকিস্তানের বর্বর যুদ্ধ। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বাঙালির লাল-সবুজের পতাকা। এ প্রেক্ষাপট অবলম্বনেই নাটক স্বাধীনতাসংগ্রাম। গতকাল রোববার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ আয়োজিত ষষ্ঠ জাতীয় মানবাধিকার নাট্যোৎসবের সমাপনী দিনে স্বপ্নদলের মূকাভিনয় প্রযোজনা স্বাধীনতাসংগ্রাম-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‘কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি’ স্লোগানে ৯ মার্চ রবীন্দ্রসরোবরে মানবাধিকার নাট্যোৎসব শুরু হয়। গতকাল রোববার শেষ দিনে নাটক পরিবেশন ছাড়াও ছিল গুণীজন সংবর্ধনা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নাট্যব্যক্তিত্ব মান্নান হীরা প্রমুখ। অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে ভাষাসংগ্রামী আহমেদ রফিক, হালিমা খাতুন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফ অনুপস্থিত থাকায় তাঁর প্রতিনিধি সম্মাননা ক্রেস্ট নেন। স্বাধীনতাসংগ্রাম নাটকের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ ছাড়া গতকাল বেশ কয়েকটি নাটকের দল তাদের নাটক পরিবেশন করে।খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ শিবির‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় খেলাঘর আয়োজিত চার দিনের জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ শিবির গতকাল শেষ হলো। এই প্রশিক্ষণ শিবির শুরু হয় ৮ মার্চ।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে দেশ এবং মানুষকে ভালোবাসতে শেখা যায়। বিভিন্ন সংগঠনে যুক্ত হওয়ার পাশাপাশি আজকের শিশু-কিশোরদের নিজেদের ইতিহাস ও ঐতিহ্য পৃথিবীর সামনে উপস্থাপন করতে হবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি পান্না কায়সার।অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরেরা কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। এ ছাড়া তাদের দলীয় নৃত্য, ছড়াগীতি, ভঙ্গিগীতি, ব্রতচারী, কুংফু কারাত প্রদর্শন অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলে।এবারের খেলাঘর জাতীয় প্রশিক্ষণ শিবিরে সারা দেশ থেকে প্রায় ৬০০ শিশু-কিশোর ও তরুণ সংগঠক অংশ নিয়েছে। এ ছাড়া ভারতের দুটি সংগঠন ‘সব পেয়েছির আসর’ ও ‘কিশোর মেলা’ এবং নেপালের শিশু সংগঠন অংশ নেয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া প্রমুখ।রাজশাহীতে গুণীজন সম্মাননা নিজস্ব প্রতিবেদক (রাজশাহী) জানান, রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ৩০ ও ৩১ মার্চ দুই দিনব্যাপী ওস্তাদ আবদুল আাাজিজ বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে স্মৃতি সংসদের পক্ষ থেকে গত শনিবার রাতে রাজশাহী নগরের অলকার মোড়ে আনন্দধারা সংগীত বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর ছাত্র প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর উপস্থিত ছিলেন।দুর্গাপুরে গারো আদিবাসীদের সাংস্কৃতিক উৎসবনেত্রকোনা প্রতিনিধি জানান, ময়মনসিংহের আদিবাসীদের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গারো আদিবাসীদের সাংস্কৃতিক উৎসব। গত শুক্রবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। শনিবার সমাপনী দিনের অনুষ্ঠানে কালচারাল একাডেমির পরিচালক যতীন্দ্র সাংমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন সাংসদ মোস্তাক আহমেদ।বৃহত্তর ময়মনসিংহ ও সুনামগঞ্জ থেকে আসা ২০টির বেশি আদিবাসী সম্প্রদায় তাদের গান ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়া ছিল তাদের তৈরি ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী।জীববৈচিত্র্যবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীশাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জীববৈচিত্র্যবিষয়ক পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গতকাল রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ‘সবুজ স্বপ্ন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম। প্রদর্শনী চলবে ১৫ মার্চ পর্যন্ত।