শেষ হলো মেধার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডের ঐতিহ্যবাহী নাচ ও গান আর বিজয়ীদের মধ্যে পদক বিতরণ এবং বিদায়ী ভোজের মাধ্যমে শেষ হলো বিশ্বের প্রাকবিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গৌরবের মেধার লড়াই—আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। ১০১টি দেশের ৫৬৪ জন শিক্ষার্থী এবারের অলিম্পিয়াডে অংশ নেয়। এর মধ্যে মেয়ে ৫৭ জন এবং ছেলে শিক্ষার্থী ৫০৭ জন।এবারের আইএমওতে স্বর্ণপদক পেয়েছে ৫৪ জন শিক্ষার্থী। রুপা ও ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে ৯০ ও ১৩৭ জন। গতকাল শনিবার সমাপনী দিনে এই ২৮১ জন খুদে গণিতবিদকে পদক দেওয়া হয়। এ ছাড়া সম্মানসূচক স্বীকৃতি পায় ১২৩ জন।পুরস্কার বিতরণীর আগে সকালে উপদেষ্টা পর্ষদ ও বিচারকদের যৌথ সভায় ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের জন্য যথাক্রমে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ড আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়। পাশাপাশি আইএমওকে আরও কীভাবে আকর্ষণীয় ও ত্রুটিমুক্ত করা যায়, সে বিষয়ে কাজ করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়।প্রসঙ্গত, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ২০১৬ সাল পর্যন্ত আইএমও আয়োজনের পৃষ্ঠপোষকতার জন্য ১০ লাখ ইউরো দেয়। অর্থের সঠিক ব্যবস্থাপনার জন্য আইএমও ফাউন্ডেশন নামে একটি নতুন প্রতিষ্ঠানও এ বছর প্রতিষ্ঠা করা হয়েছে।সমাপনী অনুষ্ঠানের শেষে আগামী বছরের আয়োজক দেশ আর্জেন্টিনার প্রতিনিধিদের হাতে আইএমওর পতাকা হস্তান্তর করা হয়।এবারের আইএমওতে একটি ব্রোঞ্জপদক ও একটি সম্মানসূচক স্বীকৃতি লাভ করে বাংলাদেশ দল। কাল সোমবার এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। বাংলাদেশ সপ্তমবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে।ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ৫২তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।