শেষ হলো রাখাইনদের প্রবারণা উৎসব
পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায়ের তিন দিনব্যাপী প্রবারণা উৎসব ২৪ অক্টোবর শেষ হয়েছে। ২২ অক্টোবর সকালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়েছিল।খোঁজ নিয়ে জানা গেছে, কলাপাড়া উপজেলার নতুনপাড়া, কুয়াকাটা, গোড়া আমখোলাপাড়া, কেরানীপাড়া, কালাচানপাড়া, বৌলতলীপাড়া, হাড়িপাড়া, বেতকাটাপাড়া, নাচনাপাড়াসহ ২৬টি রাখাইন পাড়ায় এবার পালন করা হয় প্রবারণা উৎসব। তবে প্রতিবারের মতো এখানকার রাখাইনদের চাকচিক্য ছিল না প্রবারণা উৎসব পালনে। রাখাইন পাড়াগুলোতে নারী-পুরুষেরা পূজা-অর্চনা পালনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এ উপজেলার কয়েকটি পাড়ায় রাতে বর্ণিল ফানুস ওড়ানো হয়েছে।পটুয়াখালী কেন্দ্রীয় বৌদ্ধবিহারেও প্রবারণা উৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ ২৩ অক্টোবর বিকেলে কেক কেটে রাখাইন ধর্মাবলম্বীদের এ উৎসবের শুভ সূচনা করেন। এ ছাড়া এখানে প্রদীপ প্রজ্বলন, ধর্মসভা ও আলোচনা হয়। এতে আলোচনা করেন বিহারের সাধারণ সম্পাদক মংচোমিন তালুকদার, যুগ্ম সম্পাদক উথানচো, সাংগঠনিক সম্পাদক তেনথান, অর্থ সম্পাদক মংখেন হাওলাদার প্রমুখ।পটুয়াখালী কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সভাপতি লুফ্রু মাস্টার জানান, রাখাইনরা নানা কষ্টে আছে। তার মধ্যে আছে অর্থসংকট। ফলে বিগত বছরগুলোর মতো সাড়ম্বরে প্রবারণা উৎসব পালন করা যায়নি। বরগুনার আমতলী উপজেলার তালতলীতে বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায়ের প্রবারণা উৎসব শেষ হয়েছে।প্রধান অতিথি হিসেবে ফানুস উড়িয়ে ২৩ অক্টোবর রাতে মূল উৎসবের উদ্বোধন করেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মশিউর রহমান।এ ছাড়া তালতলীর বিভিন্ন বৌদ্ধমন্দিরে বিশেষ প্রার্থনা, পঞ্চমশীল অনুষ্ঠান, বাণী অর্চনা এবং ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। রাতে ছিল ফানুস উড্ডয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ অক্টোবর মূল উৎসবের দিনে বিশেষ অনুষ্ঠানের মধ্যে ছিল তালতলীর জয়ো-রামা বৌদ্ধবিহার প্রাঙ্গণে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা। এ সভায় সব ধর্মাবলম্বীরা দেশের সম্মৃদ্ধি কামনা করেন। উৎসব উপলক্ষে আমতলী উপজেলার তালতলী থানার ১৭টি রাখাইন পল্লির বৌদ্ধমন্দিরগুলো সাজানো হয়েছিল বর্ণাঢ্য সাজে।উৎসব উপলক্ষে রাখাইনরা তাদের মন্দির ও গৃহে বিন্নি চালের সুস্বাদু পিঠা-পায়েস দিয়ে অতিথি আপ্যায়ন এবং ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।