হাস্যরসাত্মক পালা চৌদ্দ গোঁসাই পেসকেটার সংসার দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হলো লোকনাট্য উৎসব। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে পালাটি পরিবেশন করে পঞ্চগড়ের বলরাম লোকনাট্য গোষ্ঠী। উল্লেখযোগ্যসংখ্যক দর্শক উপভোগ করে পালাটি।চৌদ্দ গোঁসাই পেসকেটার সংসার পালার কেন্দ্রীয় চরিত্র এক বৃদ্ধ। বয়সের কারণে প্রায় অচল। তাঁর তিন স্ত্রী। প্রত্যেক স্ত্রী বৃদ্ধকে নিজের দিকে টানতে থাকেন। বুদ্ধির নানা প্যাঁচ কষে বৃদ্ধ নিজেকে মুক্ত করেন। হাসিতে ঠাসা এই পালার গভীরে রয়েছে সমাজ-সংসারের প্রতি সূক্ষ্ম ব্যঙ্গ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুলিন চন্দ্র রায়, জগদীশ চন্দ্র রায়, দীনেশ চন্দ্র, ভোলারাম রায়, অজিত চন্দ্র, দীগেন্দ্রনাথ প্রমুখ।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের আয়োজনে গত ২০ এপ্রিল শুরু হয়েছিল লোকনাট্য উৎসব। এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাতটি দলের পালা পরিবেশিত হয়। পাশাপাশি পালাগানে বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জের গোপাল মোদক, নাটোরের তছের মণ্ডল, মাগুরার বীরেন্দ্রনাথ রায়, কুমিল্লার মানিক সরকার ও নড়াইলের পাগল চন্দ্র গোস্বামীকে সম্মাননা জানানো হয়। উদ্বোধনী দিনে ছিল ‘বাংলাদেশের নাট্য-ঐতিহ্য: পরম্পরা ও আধুনিকতা’ শীর্ষক সেমিনার।