শেষ হলো সত্যেন সেন গণসংগীত উৎসব
শেষ হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে গত বুধবার শুরু হয় এ অনুষ্ঠান। গতকাল দ্বিতীয় ও শেষ দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণের মাধ্যমে। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ, এবারের উৎসবে আমন্ত্রিত গণসংগীত দল ক্যালকাটা কয়্যারের পরিচালক কল্যাণ সেন, উদীচীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুল আলম প্রমুখ। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন ‘ক’ বিভাগের প্রথম স্থান অধিকারী রাজশাহী বিভাগের শিল্পী সঙ্গীতা সাহা, দ্বিতীয় স্থান অধিকারী খুলনা বিভাগের ফাইজা হোসেন এবং তৃতীয় স্থান পাওয়া ঢাকা বিভাগের জিহাদ খান। এরপর গান গাইতে মঞ্চে আসেন ‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকারী সিলেট বিভাগের আফতাব আহমেদ, দ্বিতীয় স্থান পাওয়া খুলনা বিভাগের আবু আফফান রোজ এবং তৃতীয় স্থান অধিকারী ঢাকা বিভাগের মোহাম্মদ জনি মিয়া। দলীয় বিভাগে প্রথম স্থান অধিকারী ঢাকা বিভাগের দল শতদল সাংস্কৃতিক একাডেমী, দ্বিতীয় স্থান অধিকারী খুলনার লিনেট ফাইন আর্টস এবং যৌথভাবে তৃতীয় স্থান লাভ করা উদীচী সিলেট জেলা সংসদ ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরাও গণসংগীত পরিবেশন করেন।এরপর দলীয় সংগীত পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও স্বভূমি লেখক শিল্পী সংঘ।