শেষ হলো হরিষে-বিষাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের আনন্দ আর বই নিয়ে মাসব্যাপী প্রাণের মেলার সমাপ্তির বেদন দুয়ে মিলে হরিষে-বিষাদে মেশানো ছিল শেষ দিনে বই মেলার পরিবেশ। সকাল থেকেই শুরু হয়েছিল মেলা। কিন্তু লোকসমাগম তেমন হয়নি। সবাই উদ্গ্রীব ছিলেন ওই মানবতাবিরোধী অপরাধীর বিচারের রায় জানতে। রায় ঘোষিত হওয়ার পর পরই শাহবাগের প্রজন্ম চত্বরে আনন্দের ঢেউ বয়ে যায়। সেই উচ্ছ্বাস বই মেলা চত্বরও ছুঁয়ে যায়। দুপুরের পর থেকেই শুরু হয় মেলায় লোকসমাগম। তবে শেষ দিনের মেলায় বরাবর যেমন প্রচণ্ড ভিড় আর তুমুল বেচাকেনা দেখা যায়, সেই ছবিটি ছিল না।বিক্রিতে ভাটা: প্রকাশকেরা মেলার মাঝ নাগাদ থেকেই বলে আসছিলেন এবার বিক্রি মন্দা। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ এসব কারণে প্রকৃত ক্রেতাদের একটা বড় অংশ মেলায় আসতে পারেনি। শেষ দিনের হিসাবে দেখা গেল, গত বছরের তুলনায় অর্ধেকের কমে নেমে এসেছে বিক্রি। বাংলা একাডেমীর তথ্য অনুসারে এবার বিক্রি হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার টাকা। গত বছর বিক্রির পরিমাণ ছিল ২৬ কোটি এবং ২০১১ সালে ছিল ২৫ কোটি টাকা।শীর্ষে কবিতা: এবার তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে তিন হাজার ৭০টি। গতবারের তুলনায় প্রকাশনাও কমেছে। গতবার প্রকাশিত হয়েছিল তিন হাজার ৬৬৯টি বই। এ বছর প্রকাশনার শীর্ষে কবিতা ৭৭১টি। ৫৩২টি প্রকাশনা নিয়ে দ্বিতীয় স্থানে উপন্যাস। ৩৬৯টি বই নিয়ে গল্প তৃতীয়। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রবন্ধ ২২০টি, ছড়া ১০৫টি, ৯৮টি শিশুতোষ, জীবনী ৮৮টি, রম্য ৬৮টি, মুক্তিযুদ্ধবিষয়ক ৬৪টি এবং গবেষণাধর্মী ৫২টি। শীর্ষ দশের মধ্যে স্থান পায়নি বিজ্ঞান। অধিক সংখ্যায় মানসম্মত বই প্রকাশের জন্য মেলার শেষ দিনে ঘোষিত বাংলা একাডেমীর ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পেয়েছে শুদ্ধস্বর, ইউপিএল ও আগামী প্রকাশনী।সমাপনী অনুষ্ঠান: বিকেলে মেলামঞ্চে ছিল সমাপনী অনুষ্ঠান। মেলার সদস্যসচিব শাহিদা খাতুন তাঁর প্রতিবেদনে বলেন, মেলায় অগ্নিকাণ্ডে একাডেমী অত্যন্ত মর্মাহত। এ বিষয়ে যে তিনটি কমিটি গঠন করা হয়েছে, শিগগিরই তারা প্রতিবেদন জমা দেবে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সৃজনশীল সমাজ গঠনে বইমেলার এই ভূমিকা অব্যাহত থাকবে। একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এবার শুধুই প্রকাশকদের মেলা করা হয়েছে। ঢাকায় জনসংখ্যা যেভাবে বাড়ছে, তাতে সুন্দর পরিবেশে মেলা করতে হলে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বিষাদের মধ্য দিয়ে আমরা মেলাকে বিদায় জানাচ্ছি। তিনি লেখক-প্রকাশক ও পাঠকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বই ও প্রকাশনা সংস্থার পুরস্কার বিতরণ করা হয়। শেষে ছিল সংগীতানুষ্ঠান।মানুষ, মহাবিশ্ব ও ভবিষ্যৎ: মেলায় প্রথমা প্রকাশনের নতুন বই ছিল ফারসীম মান্নান মোহাম্মদীর মানুষ, মহাবিশ্ব ও ভবিষ্যৎ। প্রোটোপ্লাজম থেকে নিউরন হয়ে আকাশের মানচিত্র, জলবায়ুর প্রভাব থেকে ভূমিকম্প হয়ে জিনোম সিকোয়েন্স, এলিয়েনের সম্ভাবনা থেকে গ্রিড বিপর্যয়, প্রাণের উদ্ভব—বিজ্ঞান-বর্ণালির বিবিধ প্রান্তের নানা বিষয়ে চিন্তার আলোড়ন নিয়ে এ বই। নতুন বই: শেষ দিনেও নতুন বই এসেছে প্রচুর। তথ্যকেন্দ্রে নাম জমা পড়েছে ১০৮টি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ছিল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ঘুরে দাঁড়ানোর রাজনৈতিক- অর্থনৈতিক চিন্তা-জাতীয় সংসদে হাসানুল হক ইনুর ভাষণ সংকলন। বইটি প্রকাশিত হয়েছে অনার্য থেকে। সংকলন করেছেন কৌশিক মামুন। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বইটির মোড়ক উন্মোচন করেন। তথ্যমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। অন্য বইয়ের মধ্যে ছিল মুক্তচিন্তা থেকে আবদুল মতিনের রাষ্ট্রভাষা আন্দোলন। নবযুগ থেকে মনসুর মুসার প্রবন্ধ শিক্ষা ভাষা ও ভাষা-শিক্ষা, সংবেদ থেকে ফখরুল চৌধুরীর সংস্কৃতির রূপকল্প। অন্যপ্রকাশ থেকে মাজহারুল ইসলামের হুমায়ূন আহমেদের সঙ্গে নয় রাত। শুদ্ধস্বর থেকে মাহমুদ আল জামানের জয়নুল, সফিউদ্দীন, কামরুল ও অন্যান্য। অনিন্দ্য থেকে মোকারম হোসেনের প্রকৃতিবিষয়ক রবীন্দ্রনাথের সচিত্র বনবাণী। নান্দনিক থেকে শিহাব শাহরিয়ারের কবিতা যখন ভাঙে নক্ষত্র, আনজীর লিটনের উপন্যাস রঙের দেশে তুলির রাজা। ম্যগনামওপাস থেকে জ্যোর্তিময় বসুর বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ। একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স থেকে ড. বেগম জাহান আরার প্রমিত বাংলা বানান সমাচার, আহমদ মঞ্জুরদ্দৌলার কবিতা ধূসর নীলিমা। জাতীয় সাহিত্য প্রকাশ থেকে আলম তালুকদারের রম্য রবীন্দ্রনাথ।গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে সাংবাদিক মিজান মালিকের লেখা পদ্মা সেতু: পর্দার অন্তরালে বইটির মোড়ক উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন।শেষ হলো প্রাণের মেলা। বিকেল হলেই বাংলা একাডেমীর দিকে যাওয়ার মনের তাগিদ থাকবে না আর। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। আসবে নতুন কোনো আয়োজন, শুরু হবে নতুন উদ্যোগ।