শেষ হলো ৭ম বাংলাদেশ গণিত ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত ক্যাম্প? শুনতেই কেমন যেন ভয় লাগে, যেখানে সারা দিন সবাই ভেসে বেড়াবে গণিতের মহাসমুদ্রে। প্রতিবারের মতো এবারও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে শেষ হলো সপ্তম বাংলাদেশ গণিত ক্যাম্প। ঢাকার নিউ ইস্কাটন রোডের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে গত ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্যাম্পটি। সারা দেশ থেকে নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের মাধ্যমে বাছাই করা ২৮ জন শিক্ষার্থী অংশ নেয় এবারের ক্যাম্পে। সঙ্গে ছিল গতবারের জাতীয় গণিত দলের সদস্যরাও।এবারের ক্যাম্পে জ্যামিতির সঙ্গে সঙ্গে নাম্বার থিওরিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে ক্লাস, গ্রুপ স্টাডি, হোমওয়ার্ক, গণিতের নতুন নতুন সমস্যা নিয়ে আলোচনা ও চিন্তাভাবনা। সেই সঙ্গে শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, আলোচনা করা হয় বিগত বছরগুলোতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রশ্নপত্র নিয়েও। দুটি ডায়াগনস্টিক টেস্ট পরীক্ষা ছাড়াও ছিল চারটি ভিন্ন ধরনের পরীক্ষা এবং গাণিতিক মেধা ও যোগ্যতা যাচাইয়ের আয়োজন। এসব থেকেই বাছাই করা হবে ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশের প্রাথমিক দল। তাদের নিয়ে একটি বর্ধিত গণিত ক্যাম্পের মাধ্যমে মূল দল চূড়ান্ত করা হবে। সব মিলিয়ে ক্যাম্পারদের মধ্যে ছিল বাড়তি চাপ। তাই বলে কি আনন্দ থেমে থাকবে? বাড়ি থেকে অনেক দূরে অন্য রকম একটি পরিবেশে গণিতের এ ক্যাম্পকে আনন্দমুখর করে রাখতে ছিল বিভিন্ন আয়োজন। গত বছরের ব্রোঞ্জ পদক জয়ী তারিক আদনান মুন ও সম্মানসূচক স্বীকৃতি পাওয়া হক মুহম্মদ ইশফাক এবারের ক্যাম্পের প্রশিক্ষক থাকায় কোনো অংশেই মজার কমতি ছিল না। সময় পেলেই ক্লাসের ফাঁকে তারা বিগত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) অভিজ্ঞতা বর্ণনা করত। সৌমিত্র চক্রবর্তীর জ্যামিতির ক্লাস এবং চমক, সৌমেন ও রাহাতের নাম্বার থিওরি ক্লাস। ক্যাম্প সমন্বয়ক অভীক রায়ের হাস্যোজ্জ্বল উপস্থাপনা সব সময় একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখত। রাতে প্রিতমের শক্তিশালী লেজারের মাধ্যমে তারা দেখানো, স্নিগ্ধর গান, হাসিব আল মুহাইমিনের কৌতুক ও ইশফাকের প্রিঙ্গেল চুরি করে খাওয়া সবাইকে বিশেষ আনন্দ দিয়েছে। এ ছাড়া ক্যাম্প ফেসিলেটর কামরুল, নাফিস, সামির, সুদীপ্ত ও মাসনাদের উপস্থিতি সব সময় ছিল সরব। গণিত অলিম্পিয়াডের দীর্ঘদিনের অ্যাকাডেমিক সমন্বয়কারী সুব্রত দেবনাথকে কোরিয়া যাওয়ার আগে সব ক্যাম্পারের স্বাক্ষরিত টি-শার্ট দেওয়া হয় এবং কেক কেটে বিদায় জানানো হয়। গণিত ক্যাম্পে যত কিছুই ঘটুক না কেন, সবকিছুতেই গণিত বিষয়টা কিন্তু থাকতই। দেখা গেল, সবাই মিলে খাবার রুমে আড্ডায় কথা হচ্ছে ক্লাস রোল নিয়ে। কারও রোল ৪, কারও ৯, হঠাৎ একজন বলে উঠল এগুলো না বর্গসংখ্যা। ব্যস, এই আড্ডা বদলে গেল গণিতের আড্ডায়। ক্যাম্প শেষে ৮ মার্চ গণিত ক্যাম্পের শিক্ষার্থীরা অংশ নেয় এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে (এপিএমও)। ক্যাম্পে প্রথম আসা সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র বিশ্বমিত্র ঘোষ জানায়, ‘প্রতিদিন রুটিন অনুসারে ক্লাস, প্রচুর অঙ্ক করা প্রথমে একটু সমস্যা হয়েছে, পরে সবার সহযোগিতায় ঠিক করে নিয়েছি, ক্যাম্পকে উপভোগও করেছি বেশ।’ চট্টগ্রাম গ্রামার স্কুলের বৃষ্টি শিকদার জানায়, এবার ক্যাম্পে অনেক নতুন নতুন সমস্যা নিয়ে ক্লাস হয়েছে, সঙ্গে হোমওয়ার্কও ছিল প্রচুর। সব মিলিয়ে অনেক চাপ, সঙ্গে মজাও হয়েছে অনেক। ১৪ দিনে বিভিন্ন সেশনের পুরো পরিকল্পনা করেছেন গণিত ক্যাম্পের পরিচালক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ ড. মাহবুব মজুমদার। ৩ মার্চ রাতে ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লবমোহাইমেন, আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক নারায়ণচন্দ্র দেবনাথ ও ড. মাহবুব মজুমদারসহ মুভার্স কেন্দ্রীয় সার্কেলের সদস্যরা। সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। গণিত ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় গণিত অলিম্পিয়াডের কেন্দ্রীয় সমন্বয়কারী বায়েজিদ ভূইয়া জুয়েলের সঙ্গে ছিল মুভার্স আইয়ুব সরকার, রকিবুল ইসলাম রকি, জয়দীপ সুমন, রতন, জাহিদ হোসাইন, সাদিক, রাকিব, সোহাগ ও তুষারসহ আরও অনেকে। রকিবুল রকি