শেষ হলো ‘মায়ার মাধুরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমির দুই দিনব্যাপী দ্বিমাসিক ‘মায়ার মাধুরী’ শীর্ষক উচ্চাঙ্গ সংগীতাসরের গতকাল ছিল শেষ দিন। শেষ দিনে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সংগীতের আসর বসে। সোমবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে সংগীত পরিবেশন করেন সংগীত রিসার্চ একাডেমির সিনিয়র স্কলার ব্রজেশ্বর মুখোপাধ্যায় এবং সম্মেলক তালবাদ্য পরিবেশন করেন বাংলাদেশের শিল্পীরা। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে প্রথম আলো। প্রসঙ্গত, বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের চর্চা অব্যাহত রাখা ও প্রচার-প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমি একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় আইটিসি সংগীত রিসার্চ একাডেমির শিল্পী ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে ঢাকায় ও ঢাকার বাইরে দ্বিমাসিক উচ্চাঙ্গসংগীতাসরের আয়োজন করবে। এ ছাড়া দেশের মেধাবী উচ্চাঙ্গসংগীত শিল্পী-শিক্ষার্থীদের নিয়ে সংগীতবিষয়ক কর্মশালার আয়োজন ও বৃত্তি প্রদান, সংগীত রিসার্চ একাডেমির কারিগরি সহায়তায় পরম্পরা শাস্ত্রীয় সংগীত বিদ্যালয় স্থাপন ও বার্ষিক সংগীত উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।