শেষ হয়েও হয়নি শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈশ্বরদী উপজেলার ৫০ শয্যা হাসপাতালটি শুধু প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় চালু করা যাচ্ছে না। অথচ আট মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগের ভবনের পাশে ৫০ শয্যার এই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, সাত কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৫০ শয্যা এই হাসপাতালের ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ ২০০৯ সালের ডিসেম্বরে শেষ হয়। হাসপাতাল অফিস সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পাবনা জেলা সদর হাসপাতালের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। নারী, শিশু ও পুরুষ মিলে গড়ে প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে ৭০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ঈশ্বরদী ছাড়াও পাবনা সদর, আটঘরিয়া, নাটোর জেলার লালপুর, বড়াইগ্রাম, কুষ্টিয়া জেলার ভেড়ামারা, দৌলতপুর উপজেলাসহ দূর-দূরান্তের রোগীরা ঈশ্বরদীতে আসেন চিকিৎসার জন্য। বর্তমানে এখানে মা ও শিশু, মেডিসিন, সার্জারি, গাইনি, পরিবার পরিকল্পনা, ডেন্টাল ও যক্ষ্মা বিভাগ চালু রয়েছে। হাসপাতাল ঘুরে জানা গেছে, এই হাসপাতালে বহির্বিভাগ ও আন্তবিভাগে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। ২১ জুলাই সকাল সাড়ে ১০টায় বহির্বিভাগে রোগীর সংখ্যা ছিল ৫০০ জন। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪০ জন।হাসপাতালের নার্স ও ব্রাদাররা জানান, এই হাসপাতালে গড়ে প্রতিদিন ৪০ জনের ওপরে রোগী ভর্তি থাকে। যাদের শয্যায় জায়গা হয় না তাদের মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের মেঝেতে থাকা এক নারী রোগী জানান, দুই দিন ধরে চেষ্টা করেও হাসপাতালের বেড পাচ্ছেন না। বাধ্য হয়ে মেঝেতে থাকতে হচ্ছে। দরিনারিচা এলাকার রোগী শুকজান বেগম ২১ জুলাই হাসপাতালে তাঁর ছেলের জন্য শয্যা না পেয়ে বাড়ি ফিরে যান। যাওয়ার সময় তিনি জানান, শয্যা পাওয়া গেলে পরে এসে ছেলেকে ভর্তি করাবেন।এদিকে দন্ত বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৪ সালে কেনা এই ইউনিটের সব যন্ত্রপাতি ও মেশিন অকেজো হয়ে পড়ে আছে। হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি দেড় বছর ধরে নষ্ট। আর অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে পড়ে আছে আরও আড়াই বছর ধরে। এসব বিষয় নিয়ে কথা হয় হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মচারীদের সঙ্গে। তাঁরা জানান, মূলত আমলাতান্ত্রিক জটিলতায় ৫০ শয্যার এই হাসপাতালের প্রশাসনিক অনুমোদন মিলছে না। এটি চালু করার জন্য ৩০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়। এরপর পুনরায় ৭ জুলাই স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও হাসপাতালটি চালু করতে চিঠি দেওয়া হয়। কিন্তু এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু জানায়নি।উপজেলা স্বাস্থ্য প্রশাসক নাজিম উদ্দিন জানান, শয্যার অভাবে রোগীরা মেঝেতে থাকছেন। এ অবস্থায় ৫০ শয্যার হাসপাতালটি জরুরি ভিত্তিতে চালু করা দরকার। এ নিয়ে তিনি বেশ কয়েকবার চেষ্টা-তদবির করেছেন। তিনি বলেন, ‘প্রশাসনিক ও আর্থিক অনুমোদন পেলে আমরা হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু করব।’