শেষবেলায় বাসেও ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাদ, ইঞ্জিনরুম, দরজা—সবখানে যাত্রী। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল সোমবার বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে এমনই চাপ ছিল ঈদে ঘরমুখী যাত্রীদের। যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে ট্রেন ছাড়ায় দেরি।বিকেল থেকে রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়। আজ মঙ্গলবারও টার্মিনালগুলোতে যাত্রী বাড়বে—এমনই প্রত্যাশা পরিবহনকর্মীদের। এদিকে যাত্রীবৃদ্ধির কারণে হয়রানি ও টার্মিনালের সামনের রাস্তায় যানজট বৃদ্ধি পেয়েছে।কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই যাত্রীরা আসতে শুরু করে। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশের সঙ্গে সঙ্গে যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়। রেল কর্তৃপক্ষ ঝুঁকি নিয়ে ছাদে না ওঠার জন্য বারবার মাইকে ঘোষণা দিলেও তা গ্রাহ্য করেনি যাত্রীরা। লোকাল ও কমিউটার ট্রেনগুলোর ছাদে লোকজনকে উঠতে রেলকর্মীদের সাহায্য করতে দেখা গেছে।গতকাল বেশি কষ্ট পেয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের ট্রেনযাত্রীরা। এসব ট্রেন দুই থেকে আড়াই ঘণ্টা দেরিতে স্টেশনে পৌঁছেছে, ছেড়েছেও নির্ধারিত সময়ের চেয়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পর।সরেজমিনে দেখা যায়, সকাল নয়টা পর্যন্ত উত্তরবঙ্গের দুটি ট্রেনের একটিও পৌঁছায়নি। অথচ এই ট্রেনগুলো কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল ভোর সাড়ে ছয়টার মধ্যে। এগুলো হলো রাজশাহীগামী ধূমকেতু ও রংপুরগামী রংপুর এক্সপ্রেস। এ ছাড়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসও ঠিক সময়ে পৌঁছায়নি। ধূমকেতু কমলাপুরে প্রবেশ করে সকাল সোয়া নয়টায়, রংপুর এক্সপ্রেস নয়টা ৩৫ মিনিটে এবং সুন্দরবন এক্সপ্রেস প্রবেশ করে ১০টা ৪০ মিনিটে। স্টেশনে পৌঁছার প্রায় আধা ঘণ্টা পর এগুলো আবার যাত্রা করে।ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত ছয়টি ট্রেন কমলাপুর ছেড়ে যায়। এগুলো হলো—সিলেটগামী পারাবত, নোয়াখালীগামী উপকূল, দেওয়ানগঞ্জগামী তিস্তা, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও কর্ণফুলী এবং কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর। এগুলোর কোনোটিই নির্ধারিত সময়ে ছাড়েনি। প্রতিটি কমপক্ষে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা দেরি করে স্টেশন ছেড়েছে।সকাল নয়টার দিকে ধূমকেতুর জন্য অপেক্ষায় থাকা যাত্রী আল রশিদ বলেন, ‘১৭ ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি। ট্রেনও আসছে দেরিতে। আল্লাহ আল্লাহ করে বাড়ি পৌঁছাতে পারলেই হয়।’স্টেশনমাস্টার কামরুজ্জামান জানান, ‘অতিরিক্ত যাত্রী থাকায় ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে করে ট্রেনের সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না।’বাস টার্মিনালে উপচে পড়া ভিড়: বিকেল থেকে রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল—গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীতে ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়। অফিস শেষে লোকজন ভিড় করে টার্মিনালে। আগের দুই দিনের চিত্র বদলে গিয়ে সরগরম হয়ে ওঠে টার্মিনালগুলো। একই সঙ্গে বেড়েছে যাত্রী হয়রানি ও ভোগান্তি। বেশি ভাড়া নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।মন্ত্রীর পারিবারিক পরিবহনের কাউন্টারে ভাড়া নিয়ে অপ্রীতিকর ঘটনা: বেলা আড়াইটার দিকে গাবতলীতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পরিবারের মালিকানাধীন ‘সার্বিক পরিবহন’-এর কাউন্টারে গিয়ে দেখা যায়, মিনারা বেগম (৪০) নামের এক যাত্রী কাঁদছেন। তাঁর অভিযোগ, বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় কাউন্টারের কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেছেন। তবে কাউন্টারের কর্মীরা দাবি করেন, মিনারা বেগমই আগে তাঁদের আঘাত করেন। একপর্যায়ে মিনারাকে পরিবহনকর্মীরা ঘিরে ধরেন।র‌্যাবের কয়েকজন সদস্য এ সময় সেখানে আসেন এবং তাঁদের উপস্থিতিতেই সার্বিক পরিবহনের কর্মীরা মিনারাকে কারাগারে পাঠানোর ও শিক্ষা দেওয়ার ভয় দেখান এবং গালমন্দ করেন। একপর্যায়ে তিনি পড়ে যাচ্ছিলেন। এরপর তাঁকে টার্মিনালে পুলিশের ক্যাম্পে নিয়ে বসানো হয়। সেখানেও পরিবহনকর্মীরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন।মিনারা অভিযোগ করেন, কাউন্টারের কর্মীরা মাদারীপুরের জন্য তাঁর কাছে ভাড়া চান ২৫০ টাকা। লঞ্চ পারাপারে এত ভাড়া হওয়ার কথা নয়—তিনি এ কথা জানালে তাঁকে বলা হয়, ‘না পোষালে এখান থেকে দূরে যান।’ একপর্যায়ে কাউন্টারের কর্মীরা তাঁকে উদ্দেশ করে গালি দেন। জবাবে তিনি জুতা দিয়ে পেটানোর কথা বলেছেন।মাদারীপুর পথে চলাচল করা সার্বিক পরিবহনের ব্যবস্থাপক আনিসুর রহমান দাবি করেন, মিনারা তাঁকেসহ পরিবহনকর্মীদের জুতা দিয়ে আঘাত করেন। এ জন্য পরিবহনকর্মীরা ক্ষুব্ধ হয়ে গালমন্দ করেন।সার্বিক পরিবহনের বাস গুলিস্তান থেকেও মাওয়া হয়ে মাদারীপুর যায়।বাড়তি ভাড়ার হয়রানি: বিভিন্ন বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মানিক সরদার নামের এক যাত্রী অভিযোগ করেন, তিনি পরিবারসহ বরিশাল যাওয়ার জন্য দুপুরে সাকুরা পরিবহনের চারটি টিকিট কিনেছেন ৪১০ টাকা করে। অথচ ১৫ দিন আগেও এই ভাড়া নেওয়া হতো ৩৫০ টাকা। চারটি টিকিটে বাড়তি দিতে হয়েছে ২৪০ টাকা। এটা জালিয়াতি।সাকুরা পরিবহনের ব্যবস্থাপক রিপন দাবি করেন, বাড়তি নয়, বরাবর ঈদে যেভাবে ভাড়া নেন, এবারও তাই নিচ্ছেন।গোপালগঞ্জের যাত্রী তিন বন্ধু সুমন, আরিফ ও সোহেল অভিযোগ করেন, পলাশ পরিবহনে তাঁদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে ২৭০ টাকা করে। কয়েক দিন আগেও এই পথে চেয়ারকোচের ভাড়া ছিল ২০০ টাকা।টার্মিনালে পৌঁছাতে ভোগান্তি: গতকাল অনেক মানুষ ঢাকা ছাড়ায় টার্মিনালমুখী সড়কে যানজট দেখা দেয়। এতে টার্মিনালে পৌঁছাতে মানুষকে ভোগান্তি পোহাতে হয়। মানুষের চাপ বাড়ায় বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও বেশি আদায় করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।মহাখালী বাস টার্মিনালে বেলা সাড়ে তিনটার দিকে বিমা কোম্পানির কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, পরিবারসহ তিনি যাবেন সিরাজগঞ্জে। গুলিস্তানে অফিস করে মালিবাগের বাসায় গেছেন। সেখান থেকে স্ত্রী-সন্তান নিয়ে টার্মিনালে আসার জন্য যানবাহন পাচ্ছিলেন না। অনেক অপেক্ষার পর ৩০০ টাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে আসেন।অনেকে টার্মিনালে যাওয়ার যানবাহন না পেয়ে হাঁটা দেন। বিকেলে আসাদগেটে আমিনুল ইসলাম মল্লিক হাঁটতে হাঁটতে গাবতলী টার্মিনালে যাওয়ার সময় বলেন, ‘যানবাহন পাচ্ছি না। হাঁটা ছাড়া উপায় কি?’ পরিবহনকর্মীরা জানান, সিটি সার্ভিসের অনেক বাস এখন ঢাকার আশপাশের জেলাগুলোতে যাত্রী পরিবহনে ব্যস্ত। সে জন্য যানবাহন কম।এদিকে কাউন্টারভিত্তিক বাসগুলোতে ‘ঈদ বোনাস’ হিসেবে বাড়তি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।