‘মলিন ধুলা লাগিবে কেন পায়?’ অতএব চালু হলো চর্ম দ্বারা চরণযুগল আবৃত করার পালা। ‘বাঁচিল গরু, রক্ষা পেল ধরা’। কবি এমনই বলেছিলেন। তবে ঈদের বাজারে পাদুকা কিনতে যারা যাচ্ছে, তারা এত সহজে সাধ-সাধ্যের দুই কূল রক্ষা করে মনোবাঞ্ছা পূরণের পরিতৃপ্তি লাভ করতে পারছে না। কারণ, এবার জুতা-স্যান্ডেলের দরও যে বেশ চড়া।চর্ম দিয়ে চরণ আবৃত করা এই বাজারে যথেষ্ট ব্যয়বহুল। তবে বিকল্প আছে। চামড়ার বদলে হুবহু চামড়ার মতো দেখতে কৃত্রিম চর্ম, তন্তু, রাবার, প্লাস্টিক, বস্ত্র—ইত্যাকার উপকরণে এখন বাহারি রং-ঢঙের অজস্র পাদুকা উৎপাদিত হচ্ছে। প্রকৃত চামড়ার পাদুকার চেয়ে এগুলো দামেও সাশ্রয়ী। এ সবেই বাজার ভরা।ঢাকা শহরে জুতা-স্যান্ডেলের প্রধান খুচরা বাজার নিউ এলিফ্যান্ট রোডে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে বোঝা গেল, পোশাকের মতো ঢাকার পাদুকার বাজারও দখল করে আছে চীন দেশের পাদুকা। পুরুষ, নারী, শিশু—সবার পায়ের জন্যই মানানসই, সাধ-সাধ্যের সংযোগ ঘটে, এমন দামের পাদুকা প্রস্তুত করে তারা পাঠিয়েছে বঙ্গজনের চরণশোভার নিমিত্তে। আগে থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান—এসব দেশের পাদুকার প্রচুর কদর ছিল। এখনো যে নেই তা নয়, তবে দর এমন উত্তুঙ্গ যে সাধ-সাধ্যে বনিবনা হয় না। বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য এসব দেশের পাদুকা কিছু কিছু দোকানে সামান্যসংখ্যক আছে, তবে আমজনতার জন্য চীনা পাদুকাই ভরসা।নিউ এলিফ্যান্ট রোডের ‘সুজন সুজ’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ হান্নান জানালেন, তরুণদের এবার পছন্দ বিভিন্ন রঙের কাপড়ের তৈরি জুতা। দাম এক হাজার ৩০০ থেকে দুই হাজার টাকা। এ ছাড়া কেডসও চলছে প্রচুর। চীনা এসব কেডসের দাম এক হাজার থেকে দেড় হাজার টাকা। নামীদামি ব্র্যান্ডের কেডসের দাম অবশ্য শুরুই দুই হাজার টাকা থেকে। চামড়ার জুতা ৮০০ থেকে দুই হাজারের মধ্যে পাওয়া যায়। দেশি জুতা বেশি টেকসই। দাম ৮০০ থেকে তিন হাজার টাকা। কোনো কোনো দোকানে ওয়ারেন্টি কার্ডও দেওয়া হয়।বিক্রি বেশি হচ্ছে স্যান্ডেল। দেশি ও চীনা স্যান্ডেলের দাম সর্বনিম্ন ৩০০ থেকে তিন হাজার টাকা।শিশু ও নারীদের পাদুকার সম্ভার রয়েছে ‘স্প্যারো’তে। পাদুকার গায়ে আছে দামের স্টিকার। একদামে বিক্রি। অনেক দোকানেই এখন একদামে বেচাকেনা হয়। স্প্যারোর স্বত্বাধিকারী আবদুল হামিদ জানালেন, ক্রিস্টালের কারুকাজ করা জুতা ও স্যান্ডেল এবার চলছে বেশি। এমন কাজ রয়েছে পেনসিল হিল, ফ্ল্যাট, স্লিপারসহ নানা ধরনের স্যান্ডেলে। দাম ৫০০ থেকে এক হাজার ৪৫০ টাকা। বাচ্চাদের পাদুকার দাম ৪০০ থেকে এক হাজার টাকার মধ্যে। তিনি জানান, দাম গতবারের চেয়ে খানিক বেশি হলেও বিক্রি তেমন কমেনি।খ্যাতনামা দেশি প্রতিষ্ঠানের মধ্যে অ্যাপেক্স এবার ঈদ উপলক্ষে নতুন প্রায় ৩০০ ডিজাইনের পাদুকা এনেছে বলে জানালেন প্রতিষ্ঠানের নিউ এলিফ্যান্ট রোডের বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। অ্যাপেক্সে পুরুষের জুতার দাম এক হাজার ২৫০ থেকে চার হাজার ৯০০ টাকা। স্যান্ডেল ৫৯০ থেকে তিন হাজার ২০০ টাকা। নারীদের জুতা-স্যান্ডেল ৩৯০ থেকে চার হাজার ২০০ টাকা এবং শিশুদের ২৯০ থেকে এক হাজার ১৯০ টাকা।এ ছাড়া বাটার জুতার খ্যাতি তো বহু কালের। নিউ এলিফ্যান্ট রোড মোড়ের শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিন জানালেন, জুতার বাজার সাধারণত রমজান মাসের শেষ দিকেই জমে। মানুষ পোশাক-আশাক কেনার পর মানানসই জুতা-স্যান্ডেলের খোঁজ করে। তাদের জুতা এক হাজার ৪৯০ থেকে সাড়ে তিন হাজার টাকা, স্যান্ডেল ৫৫০ থেকে দুই হাজার ৪৯০ টাকা। নারীদের স্যান্ডেল ৩৯০ থেকে আড়াই হাজার এবং বাচ্চাদের ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত।সবাই তো আর প্রসিদ্ধ চিত্রকর মকবুল ফিদা হুসেনের মতো দামি পোশাক পরে নগ্নপদে চলতে পারে না। ঈদের সাজসজ্জা পূর্ণতার জন্য ঝলমলে পোশাকের সঙ্গে মানানসই নতুন পাদুকাও চাই। সে কারণে কেনাকাটার শেষবেলায় এখন পাদুকালয়ে ভিড় করছে ক্রেতারা।