শেষমেশ শুল্কমুক্ত গাড়ি পাচ্ছেন সাংসদেরা
অবশেষে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পাচ্ছেন সাংসদেরা। তবে এবার আগের মতো দামি গাড়ি আনা যাবে না। গাড়ির সিসি নির্ধারণ করে দেওয়া হবে। কয়েক মাস আগে সাংসদদের শুল্কমুক্ত গাড়ির বদলে সরকারি গাড়ি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। শেষ পর্যন্ত স্পিকারের উদ্যোগে সিদ্ধান্ত বদলে গেল।প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে স্পিকার আবদুল হামিদ এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। ২০ জানুয়ারি সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ মাসেই এ সংক্রান্ত গেজেট হবে বলে জানা গেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিধানটি বাতিল করেছিল।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, সাংসদদের এভাবে বিশেষ সুযোগ দেওয়ার আগে একটি আইন পাস করলে ভালো হয়। কারণ সংবিধানে দেশের সব নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। এখন সাংসদের বিশেষ সুযোগ দিতে হলে আইনগত ভিত্তির মাধ্যমে দিতে হবে; নইলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে।নতুন সিদ্ধান্ত অনুসারে সাংসদেরা সর্বোচ্চ ১৮০০ সিসির কার কিংবা ৩০০০ সিসির জিপ অথবা ২০০০ সিসির মাইক্রোবাস শুল্কমুক্ত কোটায় আমদানি করতে পারবেন। বিএমডব্লিউ, মার্সিডিজ, হ্যামার, পোরশের মতো অতি দামি গাড়ি এ কোটায় আনা যাবে না। দাম নির্ধারণ করা না গেলেও দামের সীমা সম্পর্কে একটি নির্দেশনা দেওয়া হবে। শুল্কমুক্ত কোটায় আনা এসব গাড়ি আট বছরের আগে বিক্রি করা যাবে না।সাংসদেরা নিজের টাকায় গাড়ি আনলেও এবারই প্রথম তাঁরা চালক, তেল ও রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৪০ হাজার করে টাকা পাবেন। যত দিন সদস্যপদ থাকবে তত দিন তাঁরা এ ভাতা পাবেন।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে গতকাল প্রথম আলোকে বলেন, শেষ পর্যন্ত সাংসদদের শুল্কমুক্ত কোটায় গাড়ি আনতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরে সাংসদেরা শুল্কমুক্ত গাড়ি আনতে পারবেন। এ ছাড়া সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাবও তৈরি করা হয়েছে বলে তিনি জানান।স্পিকার বলেন, অনেক অসচ্ছল সাংসদ আছেন, যাঁদের গাড়ি কেনার সামর্থ্য নেই। তাঁরা প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়ে হলেও গাড়ি আমদানি করতে পারবেন। পরে মাসে মাসে কিস্তি দিয়ে টাকা শোধ করতে পারবেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সিসি বেঁধে দিয়ে যদি শুল্কমুক্ত গাড়ি আনতে দেওয়া হয়, তাহলে তা মন্দের ভালো। এ সিদ্ধান্ত আরও আগে নেওয়া যেত। তিনি বলেন, ‘আমরা আশা করব, সাংসদেরা এসব শুল্কমুক্ত গাড়ি হস্তান্তর করবেন না। আর করলে যিনি এ গাড়ি কিনবেন তাঁকে পুরো শুল্ক দিয়ে গাড়ি তাঁর নামে নিবন্ধন করিয়ে নিতে হবে। ঢাকায় অবস্থিত বিদেশি কূটনীতিকদের ক্ষেত্রে এ নিয়ম চালু আছে।’জানা গেছে, সরকারি সিদ্ধান্তহীনতার কারণে এক বছরেও সাংসদদের গাড়ি নিয়ে জটিলতা কাটেনি। প্রথমে শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনটি পুনর্বহাল করলেও সাংসদদের সরকারি গাড়ি কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য সরকারের পরিবহন পুল থেকে ৩৪৫টি গাড়ি কেনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।এরপর বিষয়টি নিয়ে স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। স্পিকার বলেছিলেন, শুল্কমুক্ত কোটায় বিলাসবহুল নয় এমন গাড়ি আনলে সাংসদেরা সহজে গাড়ি আনতে পারবেন। আবার সরকারের বিপুল অর্থও সাশ্রয় হবে। শেষ পর্যন্ত স্পিকারের এ প্রস্তাবেই সরকার সায় দেয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলেন। সে অনুসারেই স্পিকার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।সভায় জানানো হয়, সাংসদদের গাড়ি কিনে দেওয়া হলে প্রায় ৭০০ কোটি টাকা খরচ হতো। আর এখন সাংসদেরা শুল্কমুক্ত কোটায় গাড়ি আনলে সরকারের রাজস্ব আয় কমবে ১০০ কোটি টাকা।গত জুনে সংসদ কমিশনের সভায় প্রধানমন্ত্রী সব সাংসদকে সরকারি গাড়ি দেওয়ার প্রস্তাব করেছিলেন। পরে স্পিকার সরকারি গাড়ি দেওয়ার বদলে শুল্কমুক্ত কোটায় গাড়ি দেওয়ার সুপারিশ করেন।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেন, সরকার সাংসদদের গাড়ি নিয়ে একেকবার একেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। এটা সাংসদদের জন্য অপমানজনক। তিনি দ্রুত এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জাতীয় সংসদের সাংসদদের শুল্কমুক্ত গাড়ি দেওয়া শুরু হয় এরশাদ সরকারের আমলে। অষ্টম সংসদ পর্যন্ত তা বহাল ছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে আইনটি বাতিল করে। বর্তমান সরকার অধ্যাদেশটি সংসদে পাস না করায় আইনটি আগের মতোই বহাল রয়েছে।