শেষে মিলছে আফ্রিদির শুরু
কাটা কাটা উত্তর। মাঝে মাঝে এই ছোট উত্তরেই ফুটে উঠবে দারুণ রসবোধ। শহীদ আফ্রিদির সংবাদ সম্মেলন মানেই এই। যদি নিজের আর দলের পারফরম্যান্স ভালো হয়, তাহলে তো কথাই নেই। অনেক কথা, অনেক রস। আফ্রিদির প্রায় সবগুলো সংবাদ সম্মেলনের সাক্ষী এক পাকিস্তানি সাংবাদিক জানালেন, এসব দিনে আফ্রিদি খুব ‘দিলখুশ’ থাকে। পরশুর রাত ছিল এমনই এক ‘দিলখুশ’ রাত। প্রাণবন্ত, উপভোগ্য সংবাদ সম্মেলন। হাসলেন, হাসালেন। এরই ফাঁকে জানিয়ে দিলেন তাঁর ক্যারিয়ারের শেষ ভাগটা মিলে যাচ্ছে শুরুতে! প্রশ্নটা ছিল আফ্রিদির ব্যাটিং নিয়ে। ব্যাটে-বলে নিষ্প্রভ তিনটি বিশ্বকাপের পর এবার বল হাতে প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স অসাধারণ। কিন্তু তাঁর ব্যাটিংটা যে পাচ্ছে না ভক্তরা! ‘আমি নিজেও আমার ব্যাটিং মিস করছি! নামছি শেষ দিকে, সব বলই তাই মারার চেষ্টা করি। কখনো লাগে, কখনো লাগে না। কী করব বলুন...তবে স্যার কথা দিচ্ছি, মিস যাতে না করেন তার সর্বোচ্চ চেষ্টা করব!’—সরস বাক্যে আফ্রিদি জানিয়ে দিলেন খুব সিরিয়াস আরেকটি কথা, ‘আমার প্রথম পছন্দ বলেন বা মূল কাজ, এখন সেটা বোলিং। এতেই বেশি মনোযোগ দিতে চাই।’মিল খুঁজে পাচ্ছেন না ক্যারিয়ার শুরুর সঙ্গে? সেই যে ১৯৯৬ সালের অক্টোবরে কেনিয়ায় চারদেশীয় সামির কাপে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক হয়েছিল তরুণ এক লেগ স্পিনারের। হঠাৎ চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন মুশতাক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অনূর্ধ্ব-১৯ দলের এক লেগ স্পিনারকে উড়িয়ে আনা হলো কেনিয়ায়। প্রথম ম্যাচে উইকেট নেই, ব্যাটিং পেলেন না। দ্বিতীয় ম্যাচের আগের দিন নেটে ওই তরুণের ব্যাটিং দেখে মনে ধরে গেল অধিনায়ক সাঈদ আনোয়ারের। পরের দিন নামিয়ে দিলেন তিনে। আফ্রিদি চমকে দিলেন পুরো বিশ্বকে, ৩৭ বলে সেঞ্চুরি! আস্তে আস্তে দেখা গেল ব্যাটিং-বোলিং কোনোটিতেই খুব একটা ভালো নয়, দুটোই পারেন একটু একটু। যাকে বলে ‘মিনি অলরাউন্ডার।’ ক্যারিয়ারের বেশির ভাগ জুড়ে এটাই ছিল পরিচয়। দু-তিন বছর ধরে আবার লেগস্পিনটা দারুণ করছেন। পরশু জানালেন, এখন তিনি মূলত লেগস্পিনারই!মাঠে তারই পরিচয় মিলছে। প্রথম ম্যাচে কেনিয়ার বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট। পরশু ৪ উইকেট ৩৪ রানে। ৫ উইকেট ম্যাচ সেরার পুরস্কার দিতে না পারলেও ৪ উইকেটে দিয়েছে। ৪ উইকেটের তৃতীয়টি আবার ওয়াডেতে তাঁর ৩০০তম। তালিকায় তৃতীয় পাকিস্তানি আর চতুর্থ স্পিনার। পূরণ হয়েছে অসাধারণ এক ডাবলও। এত অর্জন, কেমন অনুভূতি? আফ্রিদির চওড়া হাসি, ‘কেমন আর লাগবে, ভালো! এমন পারফরম্যান্স হলে কার না ভালো লাগবে। লক্ষ্য ছিল ৩০০ উইকেট। খুশি যে লক্ষ্য অর্জন করতে পেরেছি। ৩০০ উইকেট পাওয়াটা অবশ্যই বড় অর্জন, বিশেষ করে ওয়ানডেতে। তবে আমি বেশি খুশি আজ দলের জয়ে অবদান রাখতে পেরে।’ আফ্রিদি এখন এমনই। নিজের পারফরম্যান্সের চেয়ে যদি দলকেই এগিয়ে না রাখবেন তবে আর অধিনায়ক কেন!