শেষে সাগরেই প্রাণ সঁপে দিলেন সোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। বন্ধু ও ঘনিষ্ঠজনদের ভাষ্যমতে তাই। সমবয়সী বন্ধুরা যেখানে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয়ে বিভিন্ন পেশা বেছে নিয়েছেন, সেখানে তিনি আটকে ছিলেন সেশন জটের ফাঁদে। ডায়েরির পাতায় তাঁর লিখে রেখে যাওয়া দুটি কথায়ও এই হতাশার আভাস সুস্পষ্ট। দুঃসহ এ যন্ত্রণা থেকে পার পেতে সাগরের অথই জলরাশিকে শেষ আশ্রয় হিসেবে বেছে নেন তিনি।এই যুবক হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর (৩৩তম ব্যাচ) ছাত্র সোহান উল হাসান (২৫)। শহীদ বরকত হলের ৩২১ নম্বর কক্ষে থাকতেন তিনি।গত মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শেষ সীমানা শাহপরীর দ্বীপের বিডিআর জেটিঘাট এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে। গতকাল বুধবার সকালে টেকনাফ থানার পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।মেহেরপুর সদর উপজেলার বড়বাজার এলাকার বাবর আলী ও রেহেনা আক্তারের ছেলে সোহান। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।পারিবারিক সূত্রে জানা যায়, সোহান গত শুক্রবার মেহেরপুরের গ্রামের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হয়ে আসেন। পরের দিন বাড়ি থেকে ক্যাম্পাসে খোঁজ নিয়ে জানা যায়, সোহান পৌঁছাননি। পরিবারের সদস্যরা অনেক খুঁজেও তাঁর সন্ধান না পেয়ে সোমবার বড় ভাই রায়হান আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।টেকনাফ থানার পুলিশ জানায়, রোববার দুপুরে সোহান সেন্ট মার্টিন দ্বীপের একটি আবাসিক হোটেলে উঠে ব্যাগ রেখে ‘ছেঁড়া দ্বীপ’ যাওয়ার কথা বলে কাউন্টারে চাবি রেখে বেরিয়ে যান। পরে সেন্ট মার্টিন উপকূলে জেলেদের সহায়তায় নৌবাহিনীর সদস্যরা সোহানকে মুমূর্ষু অবস্থায় সাগর থেকে উদ্ধার করে তাঁদের জাহাজে তুলে প্রাথমিক চিকিৎসা দেন। এতে তাঁর অবস্থার উন্নতি না হলে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোজাফফর আহমেদ বলেন, সোহানকে চিকিৎসা দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু রাত ১১টার দিকে কাউকে কিছু না বলে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, মঙ্গলবার সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপ উপকূলে বিডিআর জেটির কাছে এক যুবকের লাশ ভেসে ওঠে। গতকাল সকালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মামা ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম ও বড় ভাই রায়হান লাশটিকে সোহানের বলে শনাক্ত করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়, সোহান টেকনাফ আছেন। মঙ্গলবার সকালে টেকনাফ পৌঁছান সোহানের মামা ও বড় ভাই। সোহানের সন্ধানে ওই দিন দুপুরে টেকনাফ শহর ও আশপাশে তাঁরা মাইকিংয়ের ব্যবস্থা করেন। রাতে লাশ পাওয়া যায়।মামা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য। আমরা সোহানকে বাঁচাতে পারলাম না।’ তিনি জানান, পুলিশের কাছ থেকে তাঁরা লাশ বুঝে নিয়েছেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ প্রথমে ঢাকা, পরে মেহেরপুরে নিয়ে যাওয়া হবে।সোহানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর বন্ধু মহলে। সহপাঠী বন্ধুরা জানান, তিনি ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ভর্তি হন। একই ব্যাচের অন্যান্য বিভাগে তাঁর বন্ধুরা অনেকেই পড়াশোনা শেষ করে চাকরি বা অন্য পেশায় নিয়োজিত। কিন্তু সেশনজটে আটকে বিশ্ববিদ্যালয় থেকে সময়মতো বের হতে না পেরে সোহান হতাশায় ভুগতেন। চাকরি থেকে বাবা অবসর নেওয়ায় চাকরিজীবী মায়ের কষ্টার্জিত আয়ে চলত তাঁর পড়াশোনার খরচ। এ কারণে সব সময় উদ্বেগের মধ্যে থাকতেন তিনি। সোহানের মামি ও বাংলাদেশ বেতারের সংবাদ-পাঠিকা শামিমা রহমান জানান, নিখোঁজ হওয়ার পর হলে সোহানের কক্ষে তার লেখা কয়েকটি চিরকুট পাওয়া যায়। তিনি জানান, একটিতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য সবাই দায়ী, আমিও দায়ী।’ আরেকটিতে লেখা, ‘আমার সুইসাইডের জন্য ইউনিভার্সিটি দায়ী, সেশনজট দায়ী।’ শামিমা রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় হল ছাড়ার আগে সে নিজের একটি প্রোফাইলও লিখে রেখে গেছে। এতে লেখা ছিল—‘নাম : স্বাপ্নিক সোহান, পেশা : স্বপ্ন দেখা, শখ: গান শোনা, ঠিকানা: সাম হোয়ার ইন বে অব বেঙ্গল নিয়ার সেন্ট মার্টিন আইল্যান্ড, প্রিয় দিন: ২৫ জুলাই, আমার জন্ম ও মৃত্যু দিন।’শামিমা জানান, সোহান ১ জুলাই তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের ডেকে এনে খাইয়েছে। পরে মনসুর নামে তার এক বন্ধুকে ই-মেইলে জানিয়েছে, ওটা ছিল তার জন্মদিনের খাবার। ২৫ জুলাই জন্মদিন বলে আগেই সে খাওয়াল। মনসুর প্রথম আলোর সঙ্গে আলাপকালে ইমেইলের সত্যতা নিশ্চিত করেছেন। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. আবদুস সালাম বলেন, কক্সবাজার থেকে সোহানের লাশ আনার জন্য ব্যবস্থা করা হয়েছে। সেশনজটের কারণে আত্মহত্যা করার মতো এমন ঘটনা দুখঃজনক বলে মন্তব্য করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কবিরুল বাশার।