শেষের আগে
বিতর্কের রাজাখালটা আদ্রিয়ান মুটু কেটে রেখেছিলেন, ভিক্তর পিতুর্কা কেবল কুমিরটাকে ডেকে আনলেন। জাতীয় দল থেকে আজীবন নিষিদ্ধ হলেন রোমানিয়ার স্ট্রাইকার। মুটুর ‘অতীত’ যাঁদের জানা, তাঁদের কাছে অবশ্য এই খবরে চমক নেই। এমনটা একদিন হতোই। তবে ‘লঘু অপরাধে গুরু দণ্ড’ই হয়তো পেলেন। মদ খাওয়ার অপরাধে দুই-তিন ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনা হামেশাই ফুটবলে ঘটে। একেবারেই আজীবন নিষিদ্ধ হওয়ার ঘটনা একমাত্র যদি নাও হয় বিরল তো বটেই।গত ১২ বছরে নয়টি ক্লাবের হয়ে খেলেছেন। এখান থেকেই বোঝা যায়, কোনো দলেই দীর্ঘদিন টেকেন না মুটু। এতে অবশ্য তাঁর পারফরম্যান্সের পাশাপাশি অনেক সময় বিতর্কও ভূমিকা রাখে। ২০০৪ সালে যেমন ডোপ টেস্টে ধরা পড়েছিলেন কোকেইন নেওয়ায়। সে সময় ছিলেন চেলসির খেলোয়াড়। সাত মাস নিষিদ্ধ হন মুটু। চেলসি তাঁর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও আনে। দাবি করে ক্ষতিপূরণ। এ নিয়ে মামলা চলছেই। সর্বশেষ সুইজারল্যান্ডের একটি আদালত মুটুকে ১ কোটি ৭২ লাখ ইউরো ক্ষতিপূরণ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু আবারও মুটু আপিল করবেন বলে জানিয়েছেন।ওই ঘটনা থেকে যে কোনো শিক্ষাই নেননি, সেটা বেশ বোঝা যায় গত বছর ডোপ টেস্টে ধরা পড়ে নয় মাস নিষিদ্ধ হওয়ায়। নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও বিতর্কে জড়ান পানশালায় মারপিট করে। জাতীয় দলেও তাঁকে কড়া বিধিনিষেধের শৃঙ্খলে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন কোচ পিতুর্কা। কিন্তু নিয়ম ভাঙাই যাঁর নিয়ম, তাঁকে বেঁধে রাখে সাধ্য কার! মদ খেলে আজীবন নিষিদ্ধ হতে পারেন জেনেও বুধবার প্রীতি ম্যাচের আগের রাতে পানশালায় ছুটে গিয়েছিলেন। মুটু এখন গাইতেই পারেন, ‘জেনে শুনে বিষ করেছি পান...!জার্মান মেসিজার্মানির তরুণ দলটা গত বিশ্বকাপ থেকেই নজর কেড়েছে সবার। শুধু এই দলে ঘাটতি ছিল একটাই—একজন লিওনেল মেসির অভাব। সেই অভাবটাও পূরণ করে দিলেন মারিও গোয়েটশে। বুধবার ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচের আগেই গোয়েটশেকে ‘জার্মান মেসি’ হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছিলেন খোদ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ‘কাইজারে’র ঘোষণায় অনুপ্রাণিত হয়েই কিনা, ৬৬ মিনিটে দুর্দান্ত এক গোল করলেন এই ১৯ বছর বয়সী। আর এর পর থেকেই গোয়েটশেকে নিয়ে জার্মান মিডিয়ায় চলছে উচ্ছ্বাস। জার্মানির শীর্ষ দৈনিক বিল্ড তো গোয়েটশেকে বলেছে ‘জাদুকর’। লিখেছে, ‘গোয়েটশের জাদু হারিয়ে দিল ব্রাজিলকে।’ আরেক শীর্ষ দৈনিক ডাই ভেল্ট অবশ্য এতটা উচ্ছ্বাস দেখায়নি। তবে তারাও লিখেছে, ‘গোয়েটশে মুগ্ধকর।’প্রত্যাশার প্রতিদান দেওয়ার পথেই হাঁটছেন গোয়েটশে। মাত্র পাঁচ বছর বয়সে রন্সবুর্গের ছোটদের দলে খেলেছেন। বরুশিয়া ডর্টমুন্ডের যুবদলে তাঁর আগমন ২০০১ সালে। আট বছর যুব দলের হয়ে খেলার পর ২০০৯ সালে জার্মান লিগে অভিষেক। গত দুই মৌসুমে খেলেই তারকা হয়ে উঠছেন। গত মৌসুমে ডর্টমুন্ডের লিগ শিরোপা জয়ে বড় ভূমিকাও রেখেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফলে এই মৌসুমে নজরে পড়েছেন পাকা জহুরি অ্যালেক্স ফার্গুসনের। ডর্টমুন্ড অবশ্য সোনার ডিম পাড়া হাঁসটিকে এখনই বেচে দিতে রাজি নয়।ক্যাবানাসের ফেরাআবার ফিরে এলেন সালভাদর ক্যাবানাস। ফিরে এলেন সেই পরিচিত মাঠে, পায়ে ফুটবল নিয়ে নাচালেন, খেললেন কয়েক মিনিট। সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে ঘোষিত হলো জীবনের জয়গান, মানুষের অদম্য ইচ্ছার জয়।ক্যাবানাস আবার ফুটবল মাঠে ফিরতে পারবেন, খোদ চিকিত্সকেরাই তা বিশ্বাস করেননি। ফুটবল মাঠে কেন, ক্যাবানাস যে বেঁচে ফিরবেন, সেটাই তো অলৌকিক এক ব্যাপার। গত বছর জানুয়ারিতে মেক্সিকোর এক পানশালায় খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করেছিল হোসে হোর্হে বালতেরাস নামের এক সন্ত্রাসী। দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। অচেতন হয়ে হাসপাতালের বিছানায় পড়ে ছিলেন অনেক দিন। জটিল অস্ত্রোপচার করিয়ে তাঁকে বাঁচিয়ে দেন চিকিত্সকেরা। কিন্তু মাথার মধ্যে এখনো থেকে গেছে সেই বুলেট। এমন এক জায়গায় গিয়ে বুলেটটা আটকে আছে, সেটি বের করতে গেলে জীবনই সংশয়ে পড়ে যাবে ক্যাবানাসের। মগজের কোষে সেই ভয়ংকর খুনির ছবি আর ক্ষিপ্র গতিতে ছুটে আসা বুলেট দুটো নিয়েই বেঁচে আছেন মেক্সিকোর ক্লাব আমেরিকার হয়ে খেলা ক্যাবানাস।দীর্ঘ দেড় বছর পর আবারও ফুটবল মাঠে নেমেছিলেন। বুধবার তাঁরই প্রিয় ক্লাব আমেরিকা আর প্রিয় দল প্যারাগুয়ে ক্যাবানাসের সম্মানেই মুখোমুখি হয়েছিল এক প্রীতি ম্যাচের। সেই ম্যাচেই বেশ কয়েক মিনিট খেলেছেন ক্যাবানাস। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন চাইছেন পুরোপুরি পেশাদার ফুটবলে ফিরে আসতে। ফিরে আসতে তাঁর প্রাণের ক্লাবটিতে, ‘আবারও ফিরে আসতে পারলাম। খুবই ভালো লাগছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি ফুটবলে আবার ফিরব। কারণ, এই খেলাটিই আমার সব। আমার জীবন, আমার ভালোবাসা, আমার জীবিকাও।’ক্যাবানাসকে গুলি করা ‘জেজে’ নামে পরিচিত সেই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মেক্সিকো পুলিশ। শিগগিরই শুরু হবে আইনি প্রক্রিয়া। রাজীব হাসান