শেষের আগে
ফেসবুকের বৃত্তেআগে বলা হতো, ছোট হয়ে আসছে পৃথিবী। এখন এ কথাটাই একটু ঘুরিয়ে বলা হয় অন্যভাবে—ফেসবুকে ঢুকে পড়ছে পৃথিবী। না, কমলালেবুর মতো আমাদের এই পৃথিবী তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে ফেসবুকে ঢুকে পড়েনি। ঢুকে পড়ছে আসলে তার জগৎটা। সবকিছুই কেমন জানি ফেসবুক-কেন্দ্রিক হয়ে পড়ছে। এবার ফেসবুকের ভার্চুয়াল জগতে ঢুকে পড়ছে ইংল্যান্ডের ১৪০ বছরের পুরোনো ঐহিত্যবাহী টুর্নামেন্ট এফএ কাপও।এফএ কাপের কোয়ালিফাইং রাউন্ড নিয়ে খুব একটা আগ্রহ থাকে না। বড়জোর শ খানেক দর্শক যায় মাঠে খেলা দেখতে। সেই ম্যাচটার সামনেই কিন্তু এখন ৭০ কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ! সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটের সঙ্গে চুক্তি হয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আর টুর্নামেন্টটির নতুন স্পনসর বাডউইজারের। গত শুক্রবার এসকট ইউনাইটেড বনাম ওয়েম্বলির এক্সট্রা-প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে ফেসবুক। এফএ কাপ তার গুরুত্ব হারাচ্ছে কি না, এমন একটা আলোচনা যখন চলছে, সেই সময় এই উদ্যোগ নিল আয়োজকেরা। ইংল্যান্ডের একেবারেই নিচু সারির দুটো ক্লাবের খেলা বিশ্বের সব ফেসবুক ব্যবহারকারীর দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। আর এই উদ্যোগে ভীষণ উচ্ছ্বসিত বাডউইজারের বিপণন পরিচালক ইয়ান নেওয়েল, ‘এফএ কাপ আজ থেকে ১৪০ বছর আগে শুরু হয়েছিল। আর এই ঐতিহাসিক টুর্নামেন্টের একেবারে প্রথম কিকটা আমরা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। এই প্রথম যেকোনো পর্যায়ের ফুটবল ম্যাচ সামাজিক যোগাযোগের সাইটে সরাসরি সম্প্রচার হলো। এটা সমর্থক আর ক্লাব সবার জন্যই একটা বড় খবর।’ বিতর্ক আবারধনুকের মতো বাঁকানো ফাইবারের তৈরি কৃত্রিম পা জোড়া নিয়ে দৌড়ানোর সময় অস্কার পিস্টোরিয়াস আদৌ বাড়তি সুবিধা পান কি না, এ নিয়ে শুরু হয়ে গেল নতুন বিতর্ক। বিতর্ক জমে ওঠার কারণও অনুমেয়। এ মাসের শেষে দক্ষিণ কোরিয়ার দেগুতে শুরু হচ্ছে অ্যাথলেটিকস বিশ্বচ্যাম্পিয়নশিপ। আর বিশ্বের পা-বিহীন দ্রুততম মানব নামে পরিচিত পিস্টোরিয়াস সেই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এই প্রথম অ্যাথলেটিকস বিশ্বচ্যাম্পিয়নশিপের মতো বড় আসরে অংশ নেবেন দক্ষিণ আফ্রিকার এই দৌড়বিদ।ফাইবারের তৈরি পা স্প্রিংয়ের মতো শক্তি তৈরি করে, মানুষের গোড়ালি যে শক্তি তৈরি করতে প্রচুর ক্যালরি পোড়ায়, পিস্টোরিয়াসকে সেটি করতেই হয় না; সবচেয়ে বড় কথা, অ্যাথলেটরা অনেক সময় গোড়ালির সমস্যার কারণে দৌড়ে পিছিয়ে পড়েন। পিস্টোরিয়াসের গোড়ালিই যেখানে নেই, সেখানে গোড়ালির সমস্যা দেখা দেওয়ার প্রশ্নই তো ওঠে না। এমন বিতর্কই হচ্ছিল এক সময়। পরে বিতর্কের মুখে ২০০৮ সালে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ) সিদ্ধান্ত নেয়, পিস্টোরিয়াস সুস্থ-সবল প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) দ্বারস্থ হন শৈশবে এক দুর্ঘটনায় পা জোড়া হারানো পিস্টোরিয়াস। তিনি ফাইবারের তৈরি পা জোড়ার কারণে বাড়তি সুবিধা পান এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়নি। ফলে আইএএএফ নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়।যদিও সেই সময় অলিম্পিকে কোয়ালিফাই করতে পারেননি, প্রয়োজনীয় টাইমিংটা করা সম্ভব হয়নি। কিন্তু পিস্টোরিয়াস বিশ্বচ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ে কোয়ালিফাই করেছেন কদিন আগে ক্যারিয়ার সেরা টাইমিং গড়ে। আর এ কারণেই নতুন করে বিতর্কটা উঠেছে। দক্ষিণ আফ্রিকারই ক্রীড়া বিজ্ঞানী রস টাকার পিস্টোরিয়াসকে দৌড়ানোর অনুমতিটাকে বলেছেন ‘একটা প্রসহন।’ পিস্টোরিয়াসের ক্যারিয়ার সেরা টাইমিংয়ের পেছনে ফাইবারের পা জোড়ার প্রযুক্তিগত উন্নতিই দেখছেন তিনি।কিন্তু পিস্টোরিয়াসের পক্ষে আবার এসে দাঁড়িয়েছেন এমআইটির গবেষক হিউ হের। পিস্টোরিয়াসের মতোই পা-বিহীন এই বিজ্ঞানী এর আগেও সিএএসে পিস্টোরিয়াসের পক্ষে বৈজ্ঞানিক উপাত্ত তুলে ধরেছিলেন। তিনি বলছেন, পিস্টোরিয়াসের টাইমিং ভালো হওয়ার পেছনে প্রযুক্তির কোনো হাত নেই। পিস্টোরিয়াস সাত বছর আগে তৈরি ব্লেড দুটো দিয়েই দৌড়াচ্ছেন। ‘অস্কার ভালো টাইমিং করেছে তাঁর অধ্যবসায়, প্রতিজ্ঞা আর শ্রম দিয়ে। কিন্তু কিছু মানুষ আছে যারা সুস্থ হয়েও অসুস্থ। এই সহজ ব্যাপারটি মেনে নিতে তারা চায় না’—বলেছেন হের।ইতোর দুঃখআচ্ছা বলুন তো, লিগে ৩৬ ম্যাচে ৩০ গোল করার পর একটা স্ট্রাইকারকে কী পুরস্কার দেওয়া উচিত তাঁর ক্লাবের? আপনি মনে মনে যে উত্তরটাই ভেবে রাখুন না কেন, আপনাকে চমকে দেবে এই তথ্য, ২০০৮-০৯ মৌসুমে স্প্যানিশ লিগে ৩০ গোল করার পরও বার্সেলোনায় টিকতে পারেননি স্যামুয়েল ইতো। একরকম অপমানজনক শর্তে তাঁকে বিক্রি করে দেওয়া হয়েছিল। কেন অপমান? এক জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে আসতে ইন্টার মিলানকে বড় অঙ্কের নগদ টাকার পাশাপাশি ইতোকেও দিয়েছিল বার্সা। ইতোর দাম বুঝি ইব্রার তুলনায় এতটাই নগণ্য!মনে কষ্টের পাথর চেপে মুখ বুজে তবু প্রিয় ক্লাব বার্সার সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে দিয়েছিলেন। ইন্টারকেই আপন করে নিয়েছিলেন। কিন্তু সেই ইন্টারও স্রেফ টাকার লোভে তাঁকে পাঠিয়ে দিচ্ছে রাশিয়ার ক্লাব আনজি মাখাচকালায়। তবে এবার ইতোর কিন্তু লাভই হচ্ছে। হতে পারে রাশিয়ায় গেলে তারকাখ্যাতি আর সেভাবে উপভোগ করবেন না। তবে পত্রপত্রিকার খবর বলছে, বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হয়ে যাচ্ছেন ক্যামেরুনের ইতোই। প্রতি মৌসুমে ইতোকে নাকি ২ কোটি ৯০ লাখ ডলার করে দেবে আনজি। সে হিসাবে ইতো ছাপিয়ে যাবেন রিয়াল মাদ্রিদের কাছ থেকে বছরে ১ কোটি ৭৪ লাখ ডলার পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো আর বার্সার কাছ থেকে ১ কোটি ৫২ লাখ ডলার পাওয়া লিওনেল মেসিকেও। ৩০ বছরের পড়ন্ত বেলায় এসে ইতোর জন্য এ তো অনেক লাভজনক চুক্তি। ক্যামেরুনিয়ান এই স্ট্রাইকারকে পেতে আরও ৩ থেকে ৪ কোটি ডলার গুনছে আনজি, যে টাকা অবশ্য পাবে ইন্টার মিলান। বোঝাই যাচ্ছে, ইতোর জন্য নিজের সিন্দুকের ডালাটা একেবারেই মেলে ধরেছেন বিশ্বের অন্যতম ধনকুবের (ফোর্বস-(ফোর্বস-এর তালিকায় ১১৮তম শীর্ষ ধনী) আনজির মালিক তেলব্যবসায়ী সুইেমান কেরিমভ। তার পরও ইতো নাকি নিমরাজি ছিলেন এই চুক্তিতে। টাকাই তো আর জীবনের সব নয়! রাজীব হাসান