শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর নেই আশা আছেনীলিমা ভ্রমণ শেষে ঘরে ফেরে পাখি...। শুনতে যতটা কাব্যিকই শোনাক কবিতার এই লাইন, এও তো সত্যি, এই পৃথিবীতে পাখিরাও সন্ধ্যায় ঘরে ফেরে; কিন্তু এমন অজস্র মানুষ আছে, যাদের ঘরই নেই। মাথা গোঁজার ঠাঁইহীন সেই সব মানুষের জন্য এ বছরও আয়োজন করা হয়েছিল গৃহহীনদের ফুটবল বিশ্বকাপ। বেশ ক বছর ধরেই চলে আসছে এই আয়োজন। গত ২১ আগস্ট এবারের আসরটি শুরু হয়েছিল প্যারিসে। যে টুর্নামেন্টে অংশ নিয়েছে ৬৪টি দেশ।মাত্র এক দশক আগে স্কটল্যান্ডের সমাজকর্মী মেল ইয়াং আর অস্ট্রিয়ার হ্যারল্ড সিমিড এমন একটা আয়োজনের কথা ভাবছিলেন, যেটি একই সঙ্গে গৃহহীনদের জন্য বিনোদনের আশ্রয় হবে, আবার বিশ্বের জন্য প্রকট হয়ে দেখা দেওয়া এই সমস্যার ব্যাপারে মনোযোগ আকর্ষণ করবে সবার। ধারণা করা হয়, বর্তমানে প্রায় ১০ কোটি মানুষ গৃহহীন। এই বিপুলসংখ্যক মানুষের সবার জন্য কিছু করা মেল ইয়াং আর সিমিডের পক্ষে সম্ভব নয়। তবে তাঁরা এমন কিছুর সূচনা করে দিতে চেয়েছেন, যেটায় ওই ১০ কোটি মানুষেরই আশার বীজ বোনা থাকবে।দ্রুতই একটা মাধ্যমও পেয়ে গিয়েছিলেন তাঁরা—গণমানুষের খেলা ফুটবল! তবে পথের মানুষদের নিয়েই যেহেতু এই আয়োজন, এখানে খেলাটাও হয় স্ট্রিট ফুটবল। ২২ মিটার দৈর্ঘ্য আর ১৬ মিটার প্রস্থের একটা মাঠে চার-চার আটজনের দুটো দল মুখোমুখি হয়। দিনে দিনে এই উদ্যোগের ব্যাপ্তি বাড়ছেই। এবারও যেমন নাইকির পাশাপাশি উয়েফা বিশাল অঙ্কের টাকা দিয়েছে আয়োজকদের। পাশাপাশি আর্সেন ওয়েঙ্গারের মতো কোচ আর লিলিয়ান থুরামের মতো বিশ্বকাপজয়ী তারকারাও সমর্থন জানিয়েছেন এই উদ্যোগের। ২৮ আগস্ট শেষ হয়েছে এবারের আসর। তাতে কোন দল জিতেছে সেটা এখানে গৌণ। শেষ পর্যন্ত যে জেতে আসলে গৃহহীন মানুষদের স্বপ্নটাই।অর্থই শক্তিখুব বেশি দিন আগের কথা নয়। কিছুদিন আগ পর্যন্তও আনঝি মাখাচকালা পরিচিত ছিল রাশিয়ার অন্যতম গরিব এক অঞ্চলের ক্লাব হিসেবে। লিগেও যারা ধুঁকত প্রতিনিয়ত। শুধু আর্থিক দৈন্যই নয়, ক্লাবটি এমন এক অঞ্চল থেকে এসেছিল, যেখানকার মানুষ প্রতিনিয়ত মুখোমুখি হয় সন্ত্রাসবাদ নামের এক বিষবাষ্পের। সেই আনঝিই গত কিছুদিন ধরে বিশ্বজুড়ে আলোচনায়। শুধু ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে সই করিয়েছে বলেই নয়, আনঝি চমকে দিয়েছে ইতোকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বানিয়ে দিয়ে। ইতোর বেতন নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ওয়েইন রুনিদের থেকে ঢের বেশি।বেতনের অঙ্ক দিয়ে গত কয়েক বছর ধরে চমকে দিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির এই রূপবদলের নেপথ্যে যেমন আছে আরব ধনকুবের অঢেল টাকা, আনঝিকেও পাল্টে দেওয়ার স্বপ্ন দেখছেন এমন এক রুশ ধনকুবের। ফোর্বস সাময়িকীর হিসাব মতে, রাশিয়ার ১৯তম ধনী ব্যক্তি, ৭৮০ কোটি মার্কিন ডলার সম্পত্তির মালিক সুলেমান কেরিমভ আনঝিকে আরও বড় ক্লাবে রূপান্তরের স্বপ্ন দেখছেন। অনেকেই তাঁকে বলছে, রাশিয়ার ফুটবলের আব্রামোভিচ। আর আনঝি এরই মধ্যে নাম পেয়েছে ‘ম্যানচেস্টার সিটি অব ককেশাস’!পাবে না কেন? গত মৌসুমে কোনোমতে রেলিগেশন এড়ানো এই ক্লাবটি যে পরের মৌসুমেই টাকার জোরে শিরোপা জেতার ঘোষণা দিচ্ছে! অবশ্য ইতোই প্রথম নন, এর আগেই বিশ্বকাপজয়ী তারকা রবার্তো কার্লোস এসেছেন ক্লাবটিতে। কার্লোস, ইতোর পথ ধরে আরও অনেক তারকা আসছেন বলেই জানিয়েছে ক্লাবটি। শুধু পড়ন্ত বেলার তারকাদের ধরে এনে বোঝাই করা হচ্ছে না, ভালো মানের ফুটবলারও টানছে আনঝি। নতুন একটা স্টেডিয়াম বানানোর ঘোষণাও দিয়েছেন কেরিমভ। শুধু রাশান লিগ জয়ই নয়, চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়াও তাদের স্বপ্ন।টাকায় কী না হয়!মুদ্রার উল্টো পিঠেস্প্যানিশ সাম্রাজ্যের সূর্য অস্ত গেছে সেই কবে। তবে রাজনীতির মানচিত্র থেকে মুছে গেলেও স্পেনের নতুন সাম্রাজ্য গড়ে উঠছে বিশ্ব ফুটবলে। বিশ্ব চ্যাম্পিয়ন তো তারাই, চ্যাম্পিয়ন তারা ইউরোপেরও। এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনাও স্পেনেরই। চ্যাম্পিয়নস লিগের মুকুট হয়তো তাদের মাথায় নেই, কিন্তু তার পরও রিয়াল মাদ্রিদও কিন্তু বিশ্বের সেরা দলগুলোর একটি। এই সাফল্য শুধু ফুটবল মাঠে নয়, অর্থনীতির হিসাব-নিকাশেও। বার্সা-রিয়াল বিশ্বের অন্যতম সেরা ধনী ক্লাবও।যে স্পেনের ফুটবলের এত সাফল্য, সেই স্প্যানিশ লিগ এবার নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। বেতন-ভাতাসহ আরও বেশ কিছুর দাবিতে খেলোয়াড়দের ধর্মঘট চলছিল। এই ধর্মঘট স্প্যানিশ ক্লাব ফুটবলের অর্থনৈতিক অস্থিতিশীল ছবিটাও তুলে এনেছে সবার সামনে। স্পেনের ক্লাবগুলোর আর্থিক দেনার পরিমাণটাও চমকে দেওয়ার মতো—৩৫০ কোটি ইউরো!এই দেনার মাত্র ১.৫ শতাংশ খেলোয়াড়দের বেতন বাবদ। এখান থেকেই বোঝা যায়, ক্লাবগুলোর টাকা-পয়সা খরচের ব্যালেন্সশিটটা কী রকম ভারসাম্যহীন হয়ে পড়েছে। ক্লাবগুলো তাদের আয়ের চেয়ে অনেক গুণ বেশি খরচ করছে। এবং ক্লাবগুলোর এই আকাশচুম্বী ব্যয়ের দেখভাল করার জন্য সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষও নেই। রিয়াল বেটিস, সেভিয়া, রিয়াল জারাগোজা, রেসিং সান্তান্দর—এই ক্লাবগুলোর কাছেই সবচেয়ে বেশি বকেয়া বেতন পড়ে আছে খেলোয়াড়দের। কিছু কিছু ক্লাব যেন সুতোর ওপর হাঁটছে। একটু এদিক-ওদিক হয়ে গেলেই দেউলিয়া!এবারের ধর্মঘট আরেকটি বিষয়কে সবার দৃষ্টির সামনে নিয়ে এসেছে। বেশ ভালো মানের ফুটবল খেলা হলেও আয়ের দিক দিয়ে স্প্যানিশ লিগ কিন্তু দুইয়েও নেই, আছে তিনে। ২৬০ কোটি ইউরো আয় করে শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, সেখানে স্প্যানিশ লিগের আয় ঠিক ১০০ কোটি ইউরোর কম! এই বিশাল ফারাক আয়োজকদের দক্ষতা নিয়েও তুলে দিয়েছে প্রশ্ন।প্রদীপের নিচেই যে থাকে অন্ধকার! রাজীব হাসান