শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে মিলানেঅনেকেই চাইছিল তাঁকে। শেষ পর্যন্ত পেলে সই করলেন এসি মিলানে। না, কোচ বা কর্মকর্তার ভূমিকায় নয়, খেলোয়াড় হিসেবেই ইতালির ক্লাবটাতে নাম লিখিয়েছেন পেলে। দাঁড়ান দাঁড়ান, ভুল করছেন। এই পেলে ব্রাজিল কিংবদন্তি নন। এই বয়সে তাঁকে সান্তোসের হয়ে ফেরানোর কথাবার্তা হতে পারে, কিন্তু মিলানে? অসম্ভব। এই পেলে পর্তুগালের এই উঠতি তারকা। বয়স তাঁর ১৯ বছর।নামটা তাঁর সর্বকালের সেরা ফুটবলারটির সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে। তবে এই পেলের সঙ্গে কিন্তু বেশি মিল আছে ম্যারাডোনার। কারণ পেলে ফরোয়ার্ড নন, খেলেন মাঝমাঠে। পর্তুগালের ভবিষ্যতের বড় সম্পদ ভাবা হচ্ছে তাঁকে। সম্প্রতি কলম্বিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বেশ নজর কেড়েছেন পেলে। যে টুর্নামেন্টে ব্রাজিলের কাছে ৩-২ গোলে হেরে রানার্স আপ হয়েছিল পর্তুগাল।ছিলেন বেলেনেসসেস ক্লাবের। সেখান থেকে একেবারে মিলান। এ তো কুয়ো থেকে সমুদ্রে এসে পড়া। তবে পেলে কিন্তু ভড়কে যাচ্ছেন না, ‘বলতে পারের আমার শৈশবের স্বপ্ন পূরণ হলো। আমি মোটেও ভয় পাচ্ছি না। নিজের প্রতিভার ওপর আমার আস্থা আছে। আমি জানি, সবকিছু আমার জন্য ভালো ভালোয় যাবে।’ মিলানে নাম লেখাতেই ‘স্বপ্ন পূরণ’ বলছেন না। স্বপ্ন তাঁর তখনই পূরণ হবে, যখন কোচের আস্থা অর্জন করে জায়গা করে নেবেন মূল একাদশে। ঘাবড়াচ্ছেন না, তবে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন ঠিকই। কারণ তাঁর দুই ‘আদর্শ’ যে ক্লারেন্স সিডর্ফ আর জ্লাতান ইব্রাহিমোভিচ। এত দিন যাঁদের খেলা দেখে এসেছেন টিভিতে, সেই তাঁরাই এখন কিনা তাঁর সতীর্থ!চেনির এক হাজার১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মাত্র ১০৩টি গোল। ফুটবলার হিসেবে পাস নম্বর দেবেন? নম্বর ঠিক করার আগে জেনে নিন, যে খেলোয়াড়টির এই পরিসংখ্যান শুনলেন, তিনি আসলে একজন গোলরক্ষক!গোল করা নয়, ঠেকানোই তাঁর কাজ। কিন্তু সেই কাজের বাইরেও রোজারিও চেনি গোলও করেন মাঝেমধ্যেই। শুধু পেনাল্টি নয়, চেনি আসলে ফ্রি-কিক স্পেশালিস্ট। দলের হয়ে প্রায়ই ফ্রি-কিকের দায়িত্ব নেন। যেমনটা নিয়েছিলেন এ বছর মার্চে, করিন্থিয়ানসের বিপক্ষে ম্যাচে। ১৮ মিটার দূর থেকে নেওয়া শটে করেছেন গোল, যে গোলটি পেশাদার ফুটবলে তাঁর শততম!তবে সেঞ্চুরির জন্য নয়, চেনি আবার খবরে এসেছেন ‘হাজার’-এর কারণে। সম্প্রতি সাও পাওলোর হয়ে সহস্রতম ম্যাচটি খেললেন ব্রাজিলের এই ৩৮ বছর বয়সী গোলরক্ষক। গত সপ্তাহে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অ্যাটলেটিকো-এমজির হয়ে এই ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছেন চেনি। মাঠ ছেড়েছেন দলের ২-১ গোলের জয়ের তৃপ্তি নিয়ে। বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়েছে তাঁকে। শুরুটা তাঁর সাও পাওলোতেই হয়েছিল। ১৯৯২ সালে। ক্যারিয়ারের পুরোটা কাটিয়ে দিয়েছেন এই ক্লাবে। ২০০২ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য শেষটাও করতে চান সাও পাওলোতেই।ডাকওয়ার্থ লুইস মেথডদ্য কয়েন টস, ম্যাসন অন দ্য বাউন্ডারি, রেইন স্টপস প্লে, মিটিং মিস্টার মিয়াঁদাদ, দ্য নাইটওয়াচম্যান, টেস্ট ম্যাচ স্পেশাল, দ্য অ্যান্ড অব দ্য ওভার...প্রথম দফায় পড়লে মনে হতে পারে কোনো ক্রিকেটের বইয়ের অধ্যায় বা পরিচ্ছেদের শিরোনাম হয়তো এগুলো। কিন্তু না, জেনে চমকে যেতে পারেন, এগুলো আসলে গানের শিরোনাম!গানের শিরোনাম হলেও কিন্তু বোঝাই যাচ্ছে, ক্রিকেটের সঙ্গে এই গানগুলোর বেশ ভালো সম্পর্ক আছে। তা তো থাকবেই। খোদ অ্যালবামটির নামই যে ‘ডাকওয়ার্থ লুইস মেথড’। ক্রিকেটের সবচেয়ে আলোচিত এই বৃষ্টি আইনের নামে শুধু অ্যালবামটিই নয়, নিজেদের ব্যান্ড দলের নামও দিয়েছেন দুই আইরিশ। এঁদের একজন টমাস ওয়ালশ, নিজেকে যিনি ডাকওয়ার্থ বলে পরিচয় করিয়ে দেন। অন্যজন নিল হ্যানন, বলাবাহুল্য ইনিই এই ব্যান্ড দলের ‘লুইস’।দুজনের এই ব্যান্ড দল ২০০৯ সালে ‘ডাকওয়ার্থ লুইস মেথড’ নামেই নিজেদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবাম প্রকাশের কিছুদিন পর ইংল্যান্ড ক্রিকেট দল তাদের লর্ডসের লং রুমে গান শোনানোর আমন্ত্রণ জানায়। গ্রায়েম সোয়ান, কেভিন পিটারসেন, এউইন মরগানরা জানিয়েছেন, ডিএলএমের গান শুনে তাঁরা মুগ্ধ। তবে এই দুই আইরিশের জন্য সবচেয়ে বড় বিস্ময় এসেছে, যখন খোদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ আর টনি লুইস শুভেচ্ছা জানিয়েছেন। এই দুই ব্রিটিশ গণিতবিদেরই গবেষণার ফসল ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি। এক ই-মেইলে ডাকওয়ার্থ জানিয়েছেন, ‘আমরা বরং কিছুটা উচ্ছ্বসিতই। অ্যালবামের প্রচ্ছদে তাঁরা অনুপ্রেরণার উৎ স হিসেবে আমাদের নামও উল্লেখ করেছেন।’ রাজীব হাসান