শেষের আগে
মিশন লন্ডন অলিম্পিকস্পেনের মানুষ তাঁকে ভালোবেসে ডাকে ‘লা সিরেনা’। মানে? মৎস্যকন্যা। অবশ্য জলকন্যাই শুনতে বেশি ভালো লাগে। বেশ কিছুদিন হলো সেই জলকন্যা ‘জল’ ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন ঘরকন্নায়। কদিন আগে মা হলেন। একটা রেস্তোরাঁও খুলেছেন। সবাই যখন ধরে নিচ্ছিল, হয়তো সুইমিংপুল ছেড়েই দেবেন জেমা মেনগুয়াল, সেই সময় ৩৪ বছর বয়সে আবারও ফিরে আসার ঘোষণা দিলেন স্পেনের এই সিনক্রোনাইজড সাঁতারু। সামনে একটাই মিশন তাঁর—২০১২ লন্ডন অলিম্পিক।গত অলিম্পিকে মহিলা দ্বৈত আর দলগত—দুই ইভেন্টে দুটো রুপা। অলিম্পিকের পদক বলতে ওই দুটোই। বড় কোনো আসরে সোনা জিতেছেন একবারই, ২০০৯ বিশ্বচ্যাম্পিয়নশিপে। তবে কি সোনার স্বপ্ন পূরণ করতেই এই ফিরে আসা। মেনগুয়ালের উত্তর, ‘আমি আবারও পদক মঞ্চে উঠে দাঁড়াতে চাই, বলতে চাই, এটা আমার চতুর্থ অলিম্পিক এবং আমি যোগ্যতা দিয়েই এখানে এসেছি।’‘পদকের কথা বললেন তাতে সুনির্দিষ্টভাবে ‘সোনা’ শব্দটি কিন্তু উঠে এল না। কারণ বাস্তবতা। সিনক্রোনাইজড সাঁতারে রাশিয়া ছড়ি ঘোরাচ্ছেই। উঠে এসেছে চীনও। গত জুলাইয়ে স্পেনকে তিনে ঠেলে দিয়েছিল কিন্তু চীনের মেয়েরাই। ফলে গতবারের জেতা রুপা দুটো ধরে রাখাই এবারের অলিম্পিকে মেনগুয়ালের জন্য হবে বড় চ্যালেঞ্জ, আপনি সব সময় সোনার জন্যই লড়াই করবেন। তবে বাস্তবতা বিবেচনা করলে আমাদের জন্য আসল চ্যালেঞ্জ হবে রুপা জেতাই।’আদেবায়োরের দর্শনছিলেন আর্সেনালের এক নম্বর স্ট্রাইকার। রীতিমতো গানারদের গালমন্দ করেই নাম লেখালেন ম্যানচেস্টার সিটিতে। বেশ ভালোই কাটছিল দিন। সাপ্তাহিক বেতনের অঙ্কটাও ছিল লোভনীয়। সেখান থেকে ইমানুয়েল আদেবায়োর হয়ে গেলেন যাযাবর। ধারে খেলছিলেন রিয়াল মাদ্রিদে। ‘ওকে আমাদের দরকার নেই’—ছাঁচাছোলা মন্তব্য করে মরিনহো খেদিয়ে দিয়েছেন। ব্রাত্য হয়ে পড়া তারকাদের ‘আশ্রয়কেন্দ্র’ টটেনহামই এখন তাঁর ঠিকানা।কোত্থেকে কী হয়ে গেল! হয়তো ভেবেছিলেন উন্নতির গ্রাফ হবে কেবলই ঊর্ধ্বমুখী, উল্টো সেখানে শেয়ারবাজারের অস্থিতিশীলতা। না, টটেনহামের সঙ্গে খারাপ করছেন না। বরং ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই দুই ম্যাচে চার গোল। তাঁর জোড়া গোলেই কদিন আগে লিভারপুলকে ৪-০-তে হারিয়েছে টটেনহাম।কিন্তু তার পরও সমর্থকদের মন জিততে কষ্ট হচ্ছে। হওয়ারই কথা। টোগোলিজ এই স্ট্রাইকার যে তিনটা বছর খেলেছেন টটেনহামের নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালে। উত্তর লন্ডনের এই দুই ক্লাবের বৈরিতার ইতিহাসও অনেক পুরোনো। ফলে নিজ দলের সমর্থকেরাই বৈরী আচরণ করছে আদেবায়োরের সঙ্গে।অন্য সময় হলে এই আচরণ কীভাবে নিতেন, বলা মুশকিল। কিন্তু আদেবায়োর স্বাভাবিকভাবেই নিচ্ছেন এখন। ২০১০ সালের জানুয়ারি যে জীবন সম্পর্কেই তাঁর দৃষ্টিভঙ্গি দিয়েছে পাল্টে। আফ্রিকান নেশনস কাপে খেলতে যাওয়ার সময় টোগোকে বহন করা বাসে বৃষ্টির মতো গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। মৃত্যুকে একদম কাছ থেকে দেখে আসা আদেবায়োরের জন্য জীবনের আর বাকি সব চ্যালেঞ্জই তাই তুচ্ছ।পড়ুন এবং সিদ্ধান্ত নিনখেলা পাগল? বউকে ফাঁকি দিয়ে রাত জেগে গোগ্রাসে গেলেন স্প্যানিশ লিগ? মিস করেন না ইংলিশ প্রিমিয়ার লিগের একটি খেলাও? বুঁদ হয়ে থাকেন টেনিস, অ্যাথলেটিকস, রেসিং কিংবা সাঁতারে? আপনার জন্য একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে: মাত্রাতিরিক্ত খেলার নেশা নেতিবাচক প্রভাব ফেলে একজন মানুষের ব্যক্তিগত সম্পর্কে। সাম্প্রতিক একটি গবেষণার ফল বলছে এ রকমই।বার্মিংহামের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জশ ক্লাপো। আমেরিকান ফুটবলের ওপর গবেষণা করে তিনি বলছেন, ‘ফুটবল সর্ব-আমেরিকান একটা খেলা। মানুষ এটা খুবই ভালোবাসে। বিশেষ করে দক্ষিণের দিকে তো এটা দারুণ জনপ্রিয়। কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে খেলা দেখাটা নেশার পর্যায়ে গিয়ে পৌঁঁছেছে। খেলা দেখার পেছনে আপনি কতটা সময় ব্যয় করলেন, শেষ পর্যন্ত এটা কিন্তু আসলে প্রভাব ফেলে না। প্রভাব ফেলে খেলা দেখাটা আপনার মধ্যে কতটা নেতিবাচক আচরণ তৈরি করছে সেটা। আপনি সপ্তাহে ১০ ঘণ্টা খেলা দেখুন আর ৪০ ঘণ্টা, আপনার ব্যক্তিজীবনের নানা ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করবেই।’খেলা দেখার কারণে কারও ব্যক্তিগত সম্পর্কগুলোতে যদি আসলেই নেতিবাচক প্রভাব পড়া শুরু করে, এ থেকে মুক্তির উপায়ও বাতলে দিয়েছেন ক্লাপো। সেই তালিকায় আপনিও থাকলে তাঁর পরামর্শগুলোয় চোখ বুলিয়ে নিতে পারেন: এক. এক সপ্তাহে কতটুকু খেলা দেখছেন সেই তালিকা তৈরি করুন। দুই. লিমিট ঠিক করে ফেলুন। যেমন সপ্তাহে একটার বেশি খেলা দেখবেন না বা দুই ঘণ্টার বেশি সময় ব্যয় করবেন না। তিন. এ ব্যাপারে আপনার পরিবারের মতামতকে গুরুত্ব দিন। পারিবারিক উৎসবগুলো খেলার জন্য বাদ দেবেন না। চার. খেলা দেখার বদলে অন্য কিছু অভ্যাস গড়ে তুলুন, যেমন হালকা শারীরিক অনুশীলন কিংবা বন্ধু-পরিবারকে সময় দেওয়া। রাজীব হাসান