শেষের আগে
কাবুলের শোয়ার্জনেগারকাবুলে আরনল্ড শোয়ার্জনেগার! না, সশরীরে নেই। তিনি ঝুলে আছেন পোস্টার হয়ে। একটা জিমে, শরীরের সব পেশি ফুলিয়ে। আর সেই ছবির সামনে দাঁড়িয়ে শরীরচর্চা করে যাচ্ছে কিছু আফগান তরুণ। তালেবানের অন্ধকার যুগ থেকে বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক-সামাজিক শিকলের ছাপ তো মনের মধ্যেও থেকে যায়। আর তাই আফগানিস্তানের তরুণেরা পশ্চিমা বিশ্বের অনুকরণে শরীরের পেশি বানাচ্ছে—এই ছবি অনেকের জন্য অস্বস্তিকর।তবে তাতে থোড়াই কেয়ার এই প্রজন্মের। কাবুলের ১৮ থেকে ২৫ বছর বয়সী এই তরুণেরা বরং সংস্কারের শিকল ছিঁড়ে বেরিয়ে আসতেই ব্যাকুল। শোয়ার্জনেগারের পাশাপাশি বলিউড হিরো সালমান খানের ভক্ত ১৮ বছর বয়সী হামিদ যেমন বলছেন, ‘বাকি দুনিয়া কে কী বলল না-বলল, তাতে আমার কিছুই যায়-আসে না। আমি চাই আমাকে সুন্দর দেখাক। আমার শরীর হোক শোয়ার্জনেগারের মতো। এটাই আমার স্বপ্ন।’এই স্বপ্নকে সাধুবাদ জানানোই যায়। কাবুলের তরুণদের একটা অংশ যখন বছর কয়েক আগেও জিহাদের নামে জড়িয়ে পড়ত সন্ত্রাসবাদে, এখন এসব নিয়ে তাদের ব্যস্ত থাকা তো শুভ সংবাদই। কিন্তু অন্ধকার দিকও আছে। শরীর বানাতে অনেকে ক্ষতিকর সব হরমোন ড্রাগের আশ্রয়ও নিচ্ছে।দুঃস্মৃতি২০০৬-এর ১৪ অক্টোবর একটা অপয়া ভূত যেন ভর করেছিল পিওতর চেকের ওপর। না, শুধু চেক কেন, ভূতটা আসলে ভর করছিল চেলসির ওপরই। লিগে সেদিন রিডিংয়ের সঙ্গে খেলছিল চেলসি। খেলার মাঝপথে পেনাল্টি বক্সে বল দখল করতে গিয়ে রিডিংয়ের স্টেফেন হান্টের সঙ্গে ধাক্কা লাগে চেকের। হান্টের হাঁটু প্রবল আঘাত করে চেকের মাথায়। হাসপাতালে নিয়ে যেতে হয় চেককে। তাঁর বদলি হিসেবে গোলপোস্ট সামলাতে নামেন কার্লো কদিচিনি। আঘাত পেয়ে তিনিও মাঠ ছাড়েন স্ট্রেচারে। শেষ পর্যন্ত অধিনায়ক জন টেরিকে গোলরক্ষকের ভূমিকায় নেমে পার করে দিতে হয় ম্যাচটি!ওই ম্যাচের পর আশঙ্কা করা হয়েছিল, চেকের ক্যারিয়ারটাই বুঝি শেষ। দ্রুত তাঁর মাথায় অস্ত্রোপচার করাতে হয়। ত্রিশটির মতো সেলাই পড়ে! কিন্তু সবাইকে চমকে দিয়ে ঠিকই মাঠে ফিরে আসেন এই গোলরক্ষক। তবে ওই ম্যাচের পর থেকে তাঁর মাথায় সার্বক্ষণিক সঙ্গী হয়ে যায় রাগবি স্টাইলের একটা হেলমেট।ঠিক পাঁচ বছর পর অপয়া অক্টোবরের ভূতটা যেন ফিরে এসেছিল এই সেদিন। কার্লিং কাপে ফুলহামের স্ট্রাইকার ওরলান্ডোর সঙ্গে আবারও মারাত্মকভাবে ধাক্কা লাগে চেকের। প্রথমার্ধের শেষ দিকের ঘটনা। শেষ আড়াই মিনিট ওই ধাক্কা সামলে গোলপোস্ট আগলে রাখলেও দ্বিতীয়ার্ধে আর নামেননি। পরে চেক জানিয়েছেন, ‘মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। ড্রেসিংরুমে আসার পর তো ঠিকমতো কিছু দেখতেই পাচ্ছিলাম না। প্রথমার্ধের শেষ দুই মিনিট খেলে গেছি। ভেবেছিলাম সমস্যা হবে না। কিন্তু পরে ড্রেসিংরুমে ফিরতেই বুঝলাম, মাথা ঠিকমতো কাজ করছে না। দ্রুত হাসপাতালে গিয়ে স্ক্যান করিয়েছি। আগের চোটের ইতিহাসটার কারণেই কোনো ঝুঁকি নেওয়া ঠিক হতো না।’শেষ পর্যন্ত অবশ্য কোনো সমস্যা ধরা পড়েনি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চেক। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই ভেবে, সেদিন গ্যালারিতে ছিলেন না তাঁর স্ত্রী মার্টিনা। থাকলে মার্টিনার হূৎকম্পন বন্ধও হয়ে যেতে পারত। সামান্য ছোটখাটো চোট পেলেও যে মার্টিনার সামনে ভেসে আসে ২০০৬-এর ১৪ অক্টোবর!সবার শেষেরাগবি বিশ্বকাপ চলছে। বিশ্বের সেরা রাগবি দল কারা, সেটা জানা যাবে ২৩ অক্টোবর। তবে বিশ্বের সবচেয়ে বাজে রাগবি দলটার নাম কিন্তু এরই মধ্যে জানা গেছে। আর এই কলঙ্ক জুটেছে ফিনল্যান্ডের কপালে।ইন্টারন্যাশনাল রাগবি বোর্ড (আইআরবি) সম্প্রতি রাগবি দলগুলোর একটি র্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে এক নম্বরে আছে নিউজিল্যান্ড। সবার শেষে, ৯৩-এ আছে ফিনল্যান্ড। রাগবি নিয়ে খুব একটা উৎসাহ নেই এমন কিছু দেশ—ক্যামেরুন, গুয়াম, পেরু এমনকি ভারতও আছে ফিনল্যান্ডের ওপরে!ফিনল্যান্ড কি আসলেই বিশ্বের সবচেয়ে বাজে রাগবি খেলুড়ে দল? এটা মানতে নারাজ ফিনল্যান্ড রাগবি দলের অধিনায়ক স্টিভ হুইটকার। ৩৫ বছর বয়সী এই ইংলিশ ভদ্রলোক দশ বছর ধরে ফিনল্যান্ডে থাকতে থাকতে ‘ফিনিশ’ হয়ে গেছেন। তাঁর যুক্তি, ‘আমাদের বিশ্বের সবচেয়ে বাজে দল বলা কি যুক্তিসংগত? আমার মতে নয়। কারণ এমন অনেক দল আছে যাদের নাম র্যাঙ্কিংয়েই নেই। ফলে যুক্তির দিক থেকে ওই দলগুলো তো আমাদের পেছনেই।’এই যুক্তি থেকে সান্ত্বনা খোঁজা যায়, কিন্তু বাস্তবতার মাছ তো আর সান্ত্বনার শাক দিয়ে আড়াল করা যায় না। ইউরোপের দেশ, রাগবি দেশটিতে মোটামুটি জনপ্রিয় খেলাও। তার পরও দলের এমন বেহাল দশা! হুইটকার কিন্তু এবার আসল কথাটি পেড়ে বসলেন। রাগবি খেলে যে খুব বেশি আয় করা যায় না ফিনল্যান্ডে। তাই উঠতি রাগবি খেলোয়াড়েরা একপর্যায়ে এসে উৎসাহ হারিয়ে ফেলেন। মুক্তির পথ একটাই—রাগবিতে আনতে হবে প্রচুর টাকা। রাজীব হাসান