শেষের আগে
বেস্ট স্মরণ‘যদি আমি কুৎসিত হয়ে জন্মাতাম, পেলের নাম আপনারা কোনো দিন জানতেনই না।’ তাঁর বিখ্যাত উবাচগুলোর একটি। যেখানে তিনি অহংকারী প্রচ্ছন্নভাবে এই ইঙ্গিত দিতে চান, পেলে কৃষ্ণাঙ্গ বলেই সেরা হিসেবে বাকিদের বাড়তি মনোযোগ পেয়েছেন। না হলে অবিসংবাদিতভাবে সেরা তো একজনই—জর্জ বেস্ট!তাই বলে আবার ভেবে নেবেন না, ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তির সঙ্গে পেলের সম্পর্ক ভালো ছিল না। বরং আসল ছবিটা একেবারেই অন্য রকম। দুজন দুজনকে সমীহ-শ্রদ্ধা দুটোই করতেন। বয়সে বেস্টের চেয়ে ছয় বছরের সিনিয়র পেলে যেমন বেস্ট সম্পর্কে এক রকম ঘোষণাই দিয়েছিলেন, ‘ফুটবলার হিসেবে বেস্টের কোনো তুলনা চলে না।’ আর এই স্বীকৃতি পেয়ে বেস্ট বলেছিলেন, এটা তাঁর জীবনের ‘আল্টিমেট স্যালুট’।সর্বকালের অন্যতম সেরা উত্তর আয়ারল্যান্ডের সাবেক ফুটবলারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামী মাসে। বেস্টকে স্মরণ করতে বেস্ট ফাউন্ডেশন একটি বই প্রকাশ করেছে সম্প্রতি। জর্জ বেস্ট উইল বি নট প্লেয়িং টুডে। বিশ্বের ফুটবলসংশ্লিষ্ট এবং ফুটবলসংশ্লিষ্ট নয়—বিশ্বের বিভিন্ন গুণী মানুষের কাছে আহ্বান জানানো হয়েছিল বেস্ট নিয়ে তাঁরা যেন দু-চার কথা লিখে দেন। সেসব কথাই গ্রন্থিত হয়েছে এই বইটায়। বইয়ে ঠাঁই পেয়েছে বেস্ট নিয়ে লেখা কয়েকজন সাধারণ ভক্তের কথাও।সেখানে বেস্টের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়েছেন পেলে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটুও লিখেছেন। শান্তিতে নোবেলজয়ী টুটু জানিয়েছেন, রোবেন দ্বীপে বন্দী বর্ণবাদবিরোধী নেতা ও কর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস ছিলেন বেস্ট। তাঁর ফুটবলীয় সব কীর্তির খবর পৌঁছে যেত সেখানেও।এই উদ্যোগে সাড়া দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বেস্টের বোন বারবারা, ‘এত এত জ্ঞানী-গুণী লোক শ্রদ্ধাবাণী পাঠিয়েছেন, আমি সত্যিই উচ্ছ্বসিত। তবে আমার হূদয় সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে সেই সময় ভক্তদের লেখা, যাঁরা এখনো জর্জকে ভীষণ মিস করেন।’ম্যারাডোনা স্পেনেকানাডায় অনেক হলো। আর না। ডিয়েগো ম্যারাডোনা ঠিক করেছেন, এবার নিজের ভাগ্যের ঘুঁটি তিনি চালিয়ে দেখবেন স্পেনের শতরঞ্জিতে। দেখা যাক, ভাগ্য খোলে কি না।ডিয়েগো ম্যারাডোনা কানাডায়! ম্যারাডোনা না আল ওয়াসলের কোচ হিসেবে কাজ করছেন আরব আমিরাতে। ঠিক তাই। তবে এই ডিয়েগো ম্যারাডোনা, সেই ডিয়েগো ম্যারাডোনা নন। নাম দুজনের একই। শুধু পরের ডিয়েগো ম্যারাডোনার নামের শেষে আছে ‘হারনান’ও। ডিয়েগো ম্যারাডোনা হারনান, সম্পর্কে ম্যারাডোনার ভাইপো।ম্যারাডোনার ছোট ভাই এদুয়ার্দোর ছেলে হারনান নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে। এই ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল সর্বকালের অন্যতম সেরা ফুটবলারটিরও। চাচার নামে নাম, একই ক্লাবের হয়ে শুরু, শরীরেও একই বংশের রক্ত—কিন্তু এত মিল থাকার পরও প্রতিভায় আহামরি কিছু নয়।নয় বলেই হারনানকে ভাগ্যান্বেষণ করতে হয়েছে কানাডার ফুটবলে এসে। বাবা এদুয়ার্দো এখানকার ক্লাবে কোচিং করিয়েছেন। সেই সূত্রে ছেলেকেও নিয়ে আসা। কানাডার নাগরিকত্বও আছে ১৯৮৯ সালে জন্ম নেওয়া হারনানের। চাইলে কানাডা জাতীয় দলের হয়েই খেলতে পারেন। কিন্তু এখানে বেশ কয়েক বছর কাটিয়ে বুঝে গেছেন, ফুটবল ক্যারিয়ারটিকে গুরুত্বের সঙ্গে নিতে হলে চেষ্টা করতে হবে ইউরোপেই।আর তাই কানাডায় পাততাড়ি গুটিয়ে এবার সোজা স্পেনে। স্পেনের তৃতীয় বিভাগের দল আলজিরার ট্রায়ালে এসেছেন। পছন্দ হলে তাঁকে সই করানো হবে।রোমাঞ্চের নেশায়মাত্র ৩৩ বছর বয়সে বিশ্বের সেরা ক্লাবগুলোর একটির কোচ। বেতনের অঙ্কটাও ঈর্ষণীয়। এ তো গেল জীবনের একটা দিক। অন্য দিকে আছে সব সময় সাফল্যের পাহাড়সম চাপ। মাথার ওপর নিন্দুক-সমালোচকের সদা দোদুল্যমান খড়্গ। আন্দ্রে ভিলাস-বোয়াস যেন এক পাগলা মোটরসাইকেলে চেপে পাড়ি দিচ্ছেন মরুভূমির এবড়োখেবড়ো পথ।শুধু রূপক অর্থে নয়, শেষের বাক্যটিকে নিতে পারেন আক্ষরিক অর্থেই। পর্তুগিজ এই কোচের নেশাই হলো পাহাড়ে, দুর্গম পথে বাইক চালানো। ছুটিছাটা পেলেই তিনি ছুটে যান পর্তুগালে। সেখানে জীবনকে মুঠোয় পুরে নেমে পড়েন মাউন্টেন বাইকিংয়ে। পাঁচটা বাইকও আছে তাঁর। ভিলাস-বোয়াসের জীবনের স্বপ্ন, মোটরবাইকে চেপে ছয় হাজার মাইলের ডাকার র্যালিতে অংশ নেবেন একদিন!বিশ্বের সবচেয়ে দুঃসাহসী রেস হলো এই ডাকার র্যালি। শুধু দীর্ঘ পথই নয়, সেই পথ বন্ধুর, সেই পথ দুর্গম। প্রতি বাঁকে যার ওত পেতে থাকে মৃত্যু। ‘আমি একদিন এই র্যালিতে অংশ নিতে চাই। অবশ্য এখন এটা আমার জন্য হবে অসম্ভব। হয়তো কোচের চাকরি থেকে অবসর নেওয়ার পর এই ইচ্ছা পূরণ করব।’ বলেছেন ভিলাস-বোয়াস।এ বছর মনাকো আর বেলজিয়ান ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিঁর দর্শক আসনে দেখা গিয়েছিল ভিলাস-বোয়াসকে। তখনই পরিষ্কার হয়ে যায়, রেসের প্রতি তাঁর দুর্নিবার আকর্ষণ। ‘আমার মাথায় আসলে ছিট আছে। প্রায়ই বাইক নিয়ে পাহাড়ে চলে যাই। নিজেকে ঠেলে দিই মৃত্যুর মুখে। একবার তো হাতও ভেঙেছি। আরও কয়েকটা দুর্ঘটনাও ঘটেছে। এখন অবশ্য সাবধানে চালাই। কারণ আমার কাঁধে তো অনেক দায়িত্ব।’