শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুরন্ধর শেখনিজেকে তিনি পরিচয় দেন ‘ফেক শেখ’ নামে। আসল নাম মাজহার মাহমুদ। পেশায় সাংবাদিক। তবে আর দশজন সাধারণ সাংবাদিকের মতো নয় তাঁর কাজের পদ্ধতি। প্রায়ই তিনি ছদ্মবেশ নেন। আর ছদ্মবেশ নিতে তাঁর প্রথম পছন্দ আরব শেখদের বেশ। এ কারণেই এমন নাম। এই মাজহার মাহমুদই ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেওয়ার খবর দিয়েছিলেন। কদিন আগে বিলুপ্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর হয়ে কাজ করে তিনি ফাঁস করে দিয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ স্পটফিক্সিংয়ের সঙ্গে যুক্ত। তাঁর পাতানো ফাঁদে পা দিয়েছিলেন বাজিকর মাজহার মাজিদ। মাহমুদের গোপনে রেকর্ড করা ভিডিও ও অডিও লন্ডনের আদালতে চলমান বিচার-প্রক্রিয়ার অন্যতম দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। মাহমুদ নিজেও আদালতে হাজির হয়েছিলেন। তবে কেউ যেন তাঁকে না চেনে এ কারণে মাহমুদ থাকছেন পর্দার আড়ালে।ক্যারিয়ারের বেশির ভাগ সময় এভাবেই পর্দার আড়ালেই থেকে গেছেন এই সাংবাদিক। বর্তমানে সানডে টাইমস-এর সঙ্গে যুক্ত এই ৪৮ বছর বয়সী এর আগে দীর্ঘ ২০ বছর কাজ করেছেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর হয়ে। তাঁর বাবা-মা সুলতান ও শামীম মাহমুদ দুজনই ছিলেন সাংবাদিক। এই দুই পাকিস্তানি ১৯৬০ সালে ব্রিটেনে আসেন। এর তিন বছর পরই জন্ম মাহমুদের। মাত্র ১৮ বছর বয়সে বন্ধুদের পাইরেট ভিডিও ব্যবসার খবর ফাঁস করার মাধ্যমে শুরু হয়েছিল তাঁর সাংবাদিক জীবন। বাকি জীবনে এ রকম অসংখ্য আলোচিত খবর ফাঁস করেছেন। প্রায় সময়েই তাঁর কাজের পদ্ধতি ছিল নানা ছদ্মবেশ নিয়ে। পেয়েছেন বেশ কিছু পুরস্কারও। নিউজ অব দ্য ওয়ার্ল্ড আর নেই। তবে মাহমুদ যেহেতু আছেন, আরও অনেক চমকানো খবর নিশ্চয়ই আমরা পাব সামনের দিনগুলোতে।মুক্তিমুহম্মদ বিন তুঘলক মারা যাওয়ার পর নাকি লেখা হয়েছিল, ‘এরই মাধ্যমে তুঘলকের হাত থেকে নিস্তার পেলেন প্রজারা, আর প্রজাদের হাত থেকেও মুক্তি পেলেন তুঘলক।’ দুই পক্ষের মধ্যেই সম্পর্কটা ছিল এমন। তুঘলকের সব তুঘলকি কাণ্ডে প্রায়ই প্রজাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠত। আর প্রজাদের বিরূপ আচরণও মাঝেমধ্যেই কষ্ট দিত তুঘলককে।সে যাই হোক। আমরা ইতিহাসের কষ্টিবিচার করতে বসিনি। তবে পুরোনো এই কথাটা মনে পড়ে গেল পাকিস্তানের ক্রিকেট থেকে ইজাজ বাট অধ্যায়ের সমাপ্তি হওয়ায়। এ কথা নিঃসন্দেহে লেখা যায়, ‘এরই মধ্যে বাটের হাত থেকে মুক্তি পেল পাকিস্তানের ক্রিকেট, আর বাটও মুক্তি পেলেন পাকিস্তানের ক্রিকেট থেকে।’গত তিন বছরে পিসিবি প্রধান হিসেবে তাঁর সময়টা ছিল এমনই। একের পর এক কাণ্ড আর বিতর্কে জড়িয়েছেন। ২০০৮ সালের অক্টোবরে চেয়ারম্যানের চেয়ারটায় বসেই বিতর্কের জন্ম দিয়েছিলেন এই মন্তব্য করে—আগের সব কর্মকর্তাই ছিল দুর্নীতিগ্রস্ত। সবার বিচার হবে। বাটের সময়টাতেই লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর বর্বর হামলা হয়েছে। শ্রীলঙ্কা দলকে বয়ে নেওয়া বাসে গুলিবর্ষণ করেছে অস্ত্রধারীরা। একটু এদিক-ওদিক হলেই প্রাণনাশ হতে পারত জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের। কয়েকজন মারাত্মক জখমও হয়েছেন। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ভেন্যু হিসেবে নির্বাসিত পাকিস্তান। বাটের সময়টায় আরেক আলোচিত ঘটনা ছিল স্পট ফিক্সিং। গত বছর ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্ট নতুন করে জানিয়ে দেয়, ম্যাচ পাতানোর ভূত এখনো ভর করে আছে ক্রিকেটে। বিতর্কের ফর্দ তৈরি করলে সেটা ক্রমশ লম্বাই হবে। বিদায় বেলায় কারও দুর্নাম করাও ভদ্রতার মধ্যে পড়ে না। তবে এটা ঠিক, বাটের বিদায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পাকিস্তানের ক্রিকেট। বাটও কি স্বস্তির নিঃশ্বাস ফেলেননি!আকর্ষণএই মুহূর্তে বিশ্বের সেরা দুই ফুটবলার খেলেন স্প্যানিশ লিগে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাবটিও স্পেনের—বার্সেলোনা। বিশ্বচ্যাম্পিয়ন দলটিও স্পেন। ইউরোপ সেরা দলটিও স্পেন। স্প্যানিশ ফুটবলের এই জয়জয়কারের মধ্যেও কিন্তু জনপ্রিয়তার মুকুটটি এখনো ইংলিশ প্রিমিয়ার লিগেরই মাথায়। সাম্প্রতিক একটি গবেষণার ফলাফল বলছে, প্রিমিয়ার লিগে গত মৌসুমে টিভি দর্শকের সংখ্যা ছিল ৪৭০ কোটি!ওয়েইন রুনিরা শুনে খুশি হবেন, বিশ্বজুড়ে ফুটবলের যত টিভি দর্শক আছে, এর ৭০ শতাংশই দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগ! জার্মানির স্পোর্ত+মার্কট নামের একটি গবেষণা সংস্থা দিয়েছে এই হিসাব। তাদের উপাত্ত বলছে, গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ পৌঁছে গিয়েছিল ৬৪ কোটি ৩০ লাখ বাড়িতে। আগের মৌসুমের তুলনায় যেটি ১১ শতাংশ বেশি। ঘরে বসে টিভিতে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন ৩৯০ কোটি দর্শক। বাকি দর্শকেরা খেলা দেখেন বিভিন্ন পানশালায়। ইংলিশ প্রিমিয়ার লিগের দর্শকের সবচেয়ে বড় বাজারটি এশিয়া-ওশেনিয়া অঞ্চলে। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, লিভারপুলের মতো বড় দলগুলোর খেলা দেখার জন্য এখানে উন্মুখ হয়ে থাকে ১৩০ কোটি দর্শক। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের টিভি দর্শকের ৬৪ শতাংশই পছন্দ করেন ইংলিশ প্রিমিয়ার লিগ। সব মিলে ১ লাখ ৮৫ হাজার ঘণ্টার খেলা দেখে দর্শকেরা। যার ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠানেও পরিণত হয়েছে।শুধু খেলা কিংবা খেলা সম্প্রচারের মান নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের এই বিশাল সাফল্যের পেছনে আছে কৌশলী বাজারজাত প্রক্রিয়া। বিশেষ করে চীনের মতো জনবহুল দেশে পে টিভির ছক থেকে বেরিয়ে এসে ফ্রি টু এয়ারে ঢুকে পড়তে পেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে খেলা। ফলে আরও বেশি করে সুযোগ তৈরি হচ্ছে বিজ্ঞাপনের বাজারের।