শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেরণার উৎসগত বছরের অক্টোবর তাঁর জীবনের জন্য ছিল বিভীষিকার। আর এই বছরের অক্টোবর তাঁর কাছেই শুধু নয়, তাঁকে কেন্দ্র করে আরও অনেকের জন্যই হয়ে থাকল প্রেরণা। ২০১০ সালের অক্টোবরে আমেরিকান ফুটবল (‘সকার’ নয় কিন্তু) খেলোয়াড় এরিক লেগ্র্যান্ড মাঠে মারাত্মক আঘাত পেয়েছিলেন মেরুদণ্ডে। গলা থেকে শরীরের নিচের পুরো অংশই অবশ হয়ে গিয়েছিল তাঁর। হয়তো আর কোনো দিনই মাথা ছাড়া শরীরের অন্য কোনো অংশ নাড়াতে পারবেন না—এমনটাই আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু মনের অদম্য ইচ্ছায় আকস্মিকভাবে খানিকটা সুস্থ হতে শুরু করেন। এখন হাতও নাড়াতে পারছেন অল্প অল্প। কদিন আগে রাটগার্সের এই খেলোয়াড় আবার এসেছিলেন মাঠে। ইলেকট্রিক হুইলচেয়ারে বসেই। কিন্তু তাঁকে দেখে যেন লড়াইয়ের নতুন অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন তাঁর সতীর্থরা। তাঁকে দেখামাত্রই গ্যালারি থেকে উল্লাসের কোরাস উঠেছে। অনেকেই ‘ফিফটি-টু’ ‘ফিফটি-টু’ বলে স্লোগানও দিয়েছে। ৫২ লেগ্র্যান্ডের জার্সি নম্বর। এখনো এই নম্বরে অন্য কাউকে নিবন্ধন করেনি তাঁর ক্লাব। এখনো লেগ্র্যান্ডকে দলের একজন বলেই মনে করে তারা। আর ক্লাবের জার্সি পরেই এদিন মাঠে আসা লেগ্র্যান্ড অনেক কষ্টে বুড়ো আঙুল উঁচিয়ে থাম্বস-আপ করে জানিয়েছেন, ‘আমি ঠিক আছি।’একদম কাছ থেকে মৃত্যুকে দেখে ফিরেছেন বলে জানেন, জীবনের ছোটখাটো প্রাপ্তিগুলোও কত অমূল্য। নিজের সেই উপলব্ধি তিনি ছড়িয়ে দিতে চান সবার মধ্যে। আর চান একটা স্বপ্ন পূরণ করতে। যে স্বপ্নের একটা নামও দেওয়া হয়েছে, ‘ওয়ান ডে আই উইল ওয়াক এগেইন।’ নিরামিষে শক্তিচল্লিশ পেরোলেই চালসে। পঞ্চাশে বৃদ্ধ। ষাট পর্যন্ত বাঁচলে তো নিজেকে সৌভাগ্যবান ভাবা। এই হলো আমাদের হিসাব। অথচ ফৌজা সিং ১০০ বছর পর্যন্ত শুধু বেঁচেই নেই, এই বয়সেও রীতিমতো ম্যারাথনে দৌড়াচ্ছেন! গত মাসে টরোন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথনে অংশ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। ১০০ বছরে ম্যারাথনে অংশ নেওয়ার কৃতিত্ব নেই আর কারোরই। অবশ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠবে কি না, এ নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে। কারণ, ভারতে জন্ম নেওয়া ফৌজা সিংয়ের কোনো জন্মসনদ নেই। জন্মসনদ ছাড়া তাঁকে ১০০ বছর বয়সী মানতে রাজি হচ্ছে না গিনেস কর্তৃপক্ষ। পাসপোর্টের জন্মতারিখ গণ্য হয় না।সে যা-ই হোক। এসব নিয়ে মন খারাপ করে বসে থাকার মতো লোক ফৌজা সিং নন। তিনি এখন নেমেছেন নতুন মিশনে। এই বয়সেও কী করে দৌড়াচ্ছেন, সেই রহস্য অনেকেই জানতে চায়। সেটাই এবার জানানোর অভিযান তাঁর। ফৌজা সিংয়ের সহজ উত্তর, তিনি এই জীবনে কোনো প্রাণীর জীবননাশ করেননি। মানে তিনি পুরোপুরি ভেজিটেরিয়ান, নিরামিষভোজী। শিগগিরই তাঁকে দেখা যাবে পেটার (পিপল ফর এথিকাল ট্রিটমেন্ট অব এনিমেলস) ‘আই অ্যাম আ ভেজিটেরিয়ান’ সিরিজের প্রচারণায়। যে প্রচারণায় এর আগে অংশ নিয়েছেন স্যার পল ম্যাককার্টনি, অ্যালিসিয়া সিলভারস্টোনের মতো তারকারা। ‘সুস্বাদু আর বাহারি খাবারই শেষ কথা নয়। সেই খাবার আপনার পরিপাকতন্ত্র সহ্য করতে পারছে কিনা, সেটাও মাথায় রাখতে হবে। শরীর যদি নিতে না-ই পারে, তাহলে সেসব খাবার আপনি কেন খান?’ যাঁরা রোজ রোজ মাংস খান, তাঁদের উদ্দেশে প্রশ্ন ফৌজা সিংয়ের। এত পুরোনো!ফুটবলের বয়স আসলে কত? প্রশ্নটার উত্তরে ভাবনার নতুন খোরাক জোগান দিলেন যুক্তরাজ্যের একদল গবেষক। এবং চমকে যাওয়ার মতোই তথ্য দিলেন তাঁরা। যতটা ভাবা হয়েছিল, মোটামুটি মার্জিত চেহারার ফুটবলের বয়স আসলে তার চেয়েও ৩৫০ বছর বেশি!এর আগে গবেষকেরা মনে করতেন, আধুনিক ফুটবলের জন্ম উনিশ শতকে। বলা বাহুল্য, শুরুর দিকে ফুটবলের চেহারা আজকের মতো ছিল না। ঘড়ি ধরে ৯০ মিনিটও খেলা হতো না। দুই দলে ১১ জন করে খেলোয়াড় থাকবে—এমনও কোনো নিয়ম নেই। মাঠেরও নির্দিষ্ট কোনো আকার ছিল না। কোনো কোনো মাঠ ছিল দুই মাইল লম্বা। আর লাল-হলুদ কার্ডের প্রচলন তো হলো এই সেদিন। স্কটিশ ফুটবল মিউজিয়ামের কিউরেটর রিচার্ড ম্যাকব্রিয়ারটি বলছেন, অনেকটা সুশৃঙ্খল নিয়মের ফুটবল আয়োজনের ঐতিহাসিক দলিল পাওয়া গেছে পনেরো শতকের শেষাশেষি সময়ের। ন্যাশনাল লাইব্রেরি অব স্কটল্যান্ডে ব্রিটিশ শাসকদের বেশ কিছু দিনলিপি ঘেঁটে এই তথ্য পেয়েছেন তিনি। এই দিনলিপিটি ছিল স্যার ফ্রান্সিস নোলিসের। রানি প্রথম এলিজাবেথের নির্দেশে কুইন ম্যারি অব স্কটসকে গৃহবন্দী করে রাখার দায়িত্ব ছিল তাঁর ওপর। সেই নোলিস তাঁর দিনলিপির এক জায়গায় ১৫৬৮ সালে এমন একটি খেলা আয়োজনের উল্লেখ করেছেন, আধুনিক ফুটবলের নিয়ম-কানুনের সঙ্গে যেটি অনেকখানিই মিলে যায়। কার্লাইল দুর্গে অনুষ্ঠিত সেই খেলা উপভোগ করেছেন খোদ ম্যারি। ২০ জন খেলোয়াড় দুই দলে ভাগ হয়ে খেলেছে। ম্যাচের দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা। ১৮৬৮ সালে স্কটল্যান্ডে কুইন্স পার্ক এবং থিস্টল এফসির মধ্যে প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচের যে ইতিহাস পাওয়া যায়, ওই ম্যাচের দৈর্ঘ্যও কিন্তু ছিল দুই ঘণ্টা।  রাজীব হাসান