শেষের আগে
যে জীবন রোমাঞ্চেরউত্তর ওয়েলসে জিম লটনের অফিসে যদি যান, আপনাকে স্বাগত জানাবেন মোহাম্মদ আলী! হ্যাঁ, কিংবদন্তি মুষ্ঠিযোদ্ধা আলীই। শুধু তিনি? পেলে আছেন। যতই রেষারেষি থাক, পেলের পাশেই আছেন ম্যারাডোনাও! অবশ্য জীবন্ত কেউ নন; ছবিতে। এবং একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, বেশির ভাগ ছবিতেই এই ক্রীড়াবিশ্বের সর্বকালের সেরাদের সঙ্গে দাঁড়িয়ে কিংবা বসে আছেন লটন। ব্রিটিশ এই প্রবীণ ক্রীড়া সাংবাদিক তাঁর এই দীর্ঘ ক্যারিয়ারে ক্রীড়াঙ্গনের অনেক কিংবদন্তিরই মুখোমুখি হয়েছেন। মুষ্ঠিযোদ্ধা আলী, ফুটবলার পেলে-ম্যারাডোনা, টেনিসের আন্দ্রে আগাসি থেকে শুরু করে অনেক বিখ্যাত তারকার সান্নিধ্যে এসেছেন। ১৯৫৯ সালে মাত্র ১৬ বছর বয়সে শুরু করেছিলেন সাংবাদিকতা। জুনিয়র রিপোর্টার হিসেবে যোগ দিয়েছিলেন ফ্লিন্টশায়ার ইভনিং লিডার-এ। ক্রীড়া সাংবাদিকতায় আসা হুট করে। সেই কাজটা শুরুতেই এত দুর্দান্ত করলেন, মাত্র ১৯ বছর বয়সে ডেইলি টেলিগ্রাফ-এর স্পোর্ট ডেস্কে আবিষ্কার করলেন নিজেকে। হয়ে গেল ইংল্যান্ডের প্রথম বিভাগ ফুটবলে তাঁর সাংবাদিকতা জীবনের অভিষেক। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত এক্সপ্রেস-এ কাজ করেছেন। এখন কাজ করছেন ইন্ডিপেনডেন্ট-এ। গত অ্যাশেজ কাভার করেছেন। আগামী আগস্টে গলফের ইউএস মাস্টার্স কাভার করার কথা। এর মধ্যে হয়তো ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরেও ঢুঁ মারবেন। লটনের অরুচি নেই কোনো খেলাতেই। কাজটা কেন এত ভালোবাসেন? কারণ, একমাত্র ক্রীড়া সাংবাদিকতাতেই প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জের নিশ্চয়তা আছে। আছে ‘ডেডলাইন’-এর তাড়া। এই রোমাঞ্চ আছে বলেই এই ৬৮ বছর বয়সেও রক্তে দোলা লাগে। এখনো লটন ছুটে যান মাঠে।রাফার মন খারাপরাফায়েল নাদালের মন ভীষণ খারাপ। স্প্যানিশ লিগে তাঁর দল হতাশার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বলে নয়। টানা তিন বছর নিজের দেশের টুর্নামেন্ট মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেও একবার চ্যাম্পিয়ন হয়েছেন, এবারও রানার্সআপের সান্ত্বনা পেতে হলো—নাদালের মন খারাপ নয় এ জন্যও। টেনিসের এক নম্বর তারকার মন বাদল দিনের মতো মেঘকালো হয়ে আছে, কাছের একজনকে হারানোর শোকে। ক্যানসারের সঙ্গে তিন বছর ধরে লড়াই চালিয়ে অবশেষে আত্মসমর্পণ করেছেন সেভে বালেস্তেরোস। মাদ্রিদ ওপেন চলাকালেই ৭ মে মারা গেছেন স্পেনের এই গলফ কিংবদন্তি। ১৯৭৬ সালে মাত্র ১৯ বছর বয়সে ব্রিটিশ ওপেনে দ্বিতীয় হয়ে নজর কেড়েছিলেন সবার। সব মিলে পাঁচটি মেজর শিরোপায় হয়তো প্রতিভার সবটুকু অনূদিত হয়নি। কিন্তু স্পেনের ক্রীড়াঙ্গনে সবার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। নাদাল নিজেও ট্যুরের শত ব্যস্ততায় নিয়মিত খোঁজ নিতেন। খোঁজ নিয়েছেন বালেস্তেরোস মারা যাওয়ার আগের দিনও। ‘শুক্রবারই (৬ মে) তাঁর ভাইকে এমএমএস পাঠিয়েছিলাম। আর আজ (৭ মে) সকালে উঠেই টিভি চালিয়ে প্রথম যে খবরটি দেখলাম—তিনি আর আমাদের মাঝে নেই’—জড়ানো কণ্ঠে নাদাল বলেছিলেন সাংবাদিকদের। সেদিন ম্যাচও ছিল তাঁর। সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের সঙ্গে। ‘শোক হোক শক্তি’র প্রেরণা নিয়ে কোর্টে নেমেছিলেন। বুকে বেঁধেছিলেন কালো ফিতা। শেষ পর্যন্ত ফেদেরারকে হারিয়েও দিয়েছিলেন। ইচ্ছা ছিল মাদ্রিদ ওপেন জিতে শিরোপা উৎসর্গ করবেন বালেস্তেরোসকে। কিন্তু নাদালের সেই ইচ্ছা পূর্ণ হলো না। জীবনের দৌড়গাজা। শুনলেই আমাদের কান যেন তৈরি হয়ে যায় আরও কিছু অকালমৃত্যুর খবর শুনতে। আমাদের চোখ অপেক্ষা করে রক্তস্নাত ধুলোধূসর পথে কিছু শবদেহ পড়ে থাকতে দেখার জন্য। এবারও গাজা খবরে এল। তবে অন্যভাবে। হামাস নিয়ন্ত্রিত এই ছোট্ট নগরে যে এই প্রথম হয়ে গেল ম্যারাথন। ৫ মে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উত্তরের শহর বেইত হানুনে শুরু হয়েছিল দৌড়। ৪২ কিলোমিটার লম্বা এই দৌড় শেষ হয়েছিল দক্ষিণের উপকূলবর্তী শহর রাফায়। মাত্র সাতজন গাজান আর দুই বিদেশি নিবন্ধন করেছিল এই ম্যারাথনে। কিন্তু নিত্য রক্তপাত, বোমারু বিমান আর ট্যাংকে পেতে দেওয়া জীবন যাদের, সেই গাজাবাসী দিনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল। চেয়েছিল উৎসবের রূপ দিতে। আর তাই ওই নয় প্রতিযোগীর সঙ্গে যোগ দিয়েছিল ১২ শ স্কুলশিক্ষার্থী। খুদে শিক্ষার্থীদের পক্ষে তো আর ২৬ মাইল দৌড়ানো সম্ভব নয়। ওরা মূলত দৌড়েছে রিলে করে। সাত সকালে নয়জন প্রতিযোগীর সঙ্গে জনা পঞ্চাশেক শখের দৌড়বিদ হাজির হয়েছিল বেইত হানুনে। কেবল নয়জনই পূর্ণ করেছে ৪২ কিলোমিটার। ২ ঘণ্টা ৪২ মিনিট ৪৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশিং লাইন ছুঁয়েছেন নাদেল আল মাসরি। মাসরি নিজে ২০০৮ অলিম্পিকে দৌড়েছেন। অবশ্য সেটি ছিল ৫ হাজার মিটার। মাঝারি পাল্লার এই দৌড়বিদ এই প্রথম দৌড়ালেন কোনো ম্যারাথনে। ম্যারাথনের আয়োজক ছিল ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লুএ। এই আয়োজনে স্পনসরদের কাছ থেকে প্রায় ১০ লাখ ডলারও তুলেছে সংস্থাটি। এই টাকা খরচ করা হবে গাজায় অনুষ্ঠেয় আগামী সামার গেমস কর্মসূচিতে। দৌড় দেখতে আসা একজন ব্যাখ্যা করলেন, কেন এই দৌড় গাজাবাসীর কাছে আলাদা গুরুত্ব বহন করে। তাঁদের কাছে দৌড় মানেই যে এত দিন ছিল বোমারু বিমান কিংবা ট্যাংকের আক্রমণ থেকে বাঁচতে আতঙ্ক নিয়ে ছোটা। সেই সংজ্ঞাটি অন্তত এক দিনের জন্য হলেও পাল্টে দিল এই ম্যারাথন। রাজীব হাসান