শেষের আগে
শান্তির জন্য ম্যারাথনআর ভুল কারণে বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনাম হতে চায় না জম্মু ও কাশ্মীর। জাতিগত বিভেদ কিংবা ধর্মীয় সন্ত্রাসবাদ নয়; ভারতশাসিত কাশ্মীরের এই অঞ্চলটি শোনাতে চায় শান্তি ও সৌহার্দ্যের জয়গান। রক্তে ভেজা রাজপথ নয়, বিশ্বের কাছে তুলে ধরতে চায় এ অঞ্চলের অপার প্রাকৃতিক সৌন্দর্য। আর এ কারণে কয়েক বছর ধরে নিয়মিত আয়োজন করা হচ্ছে জম্মু ম্যারাথন। গত ১৩ নভেম্বর হয়ে গেল এই ম্যারাথনের তৃতীয় আয়োজন। যেখানে অংশ নিয়েছেন ১৮ হাজার তরুণ। এসেছিলেন বলিউড তারকা সোহা আলী খান এবং সাবেক তারকা ক্রিকেটার চেতন শর্মা।১২ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে এবারই সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। রাজ্যের শীতকালীন রাজধানীতে আয়োজিত ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল জম্মুর মহানায়কদের শ্রদ্ধা জানানো। আর এর পাশাপাশি তরুণদের গঠনমূলক কাজে উৎসাহিত করা। স্লোগান ছিল, ‘রান ফর জম্মু, রান ফর প্রাইড’। আয়োজকদের অন্যতম অনীল গুপ্ত সাংবাদিকদের বলেছেন, ‘জম্মু ম্যারাথনের মাধ্যমে আমরা শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা পুরো জাতি ও বিশ্বের কাছে ছড়িয়ে দিতে চাই। আমরা চাই আরও বেশি মানুষ জম্মু ও কাশ্মীরে বেড়াতে আসুক।’গত দুই দশকেরও বেশি সময় ধরে অশান্ত কাশ্মীরে ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। খোঁজ পাওয়া যায়নি আরও প্রায় সাড়ে তিন হাজারের। এই হিসাব ২০০৯ সালের জুলাই পর্যন্ত। গত এক বছরে অবশ্য পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। আর এ ধরনের আয়োজনের মাধ্যমে জম্মুতে শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সোহা আলী খান।পিতা-পুত্রঠিক যেন অলক্ষ্যে বসে নিয়তিই লিখে চলেছে এই চিত্রনাট্য। না হলে এত মিল কেন হবে! ২২ বছর আগে যে দিনটায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পিতার, সেই একই দিনে পুত্রও আলোচনায় এল দারুণ পারফরম্যান্স করে। সেই পারফরম্যান্সটিও কোথায়? হ্যারিস শিল্ডে, স্কুল ক্রিকেটের যে টুর্নামেন্টে খেলেই প্রথম সবার নজর কেড়েছিলেন পিতা!ঠিক তাই। সাজানো চিত্রনাট্যেরই মতো। শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ২২ বছর পূর্তিতে যে দারুণ কিছু একটা উপহার দেওয়ার পণ করেছিল অর্জুন টেন্ডুলকার। অবশ্য এত মিলের মধ্যে একটা বড় অমিলও আছে। শচীনের মতো ব্যাটসম্যান হয়নি অর্জুন! হয়েছে বোলার। তাও আবার স্পিনের ঘূর্ণি নয়, বেছে নিয়েছে গতি। বাঁহাতি পেসার হিসেবেই মুম্বাইয়ে স্কুল ক্রিকেট হ্যারিস শিল্ডে অভিষেকের দিন ২২ রানে তুলে নিয়েছে ৮ উইকেট। ধীরুভাই আম্বানি স্কুলের হয়ে তাঁর এই আগুন ঝরানো বোলিংয়ে যমনাবাই নার্সি স্কুল ২৫ ওভারে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে গেছে। শেষ পর্যন্ত অর্জুনের দল ম্যাচটা জিতেছে ৫ উইকেটে। এরপর যা হয় আরকি। শুরু হয়ে গেছে অর্জুনকে নিয়ে মাতামাতি। ভারত আগামীর এক তারকা পেসার পেয়ে গেল কি না এ নিয়ে চলছে আলোচনা। তবে সবার প্রতি তার বাবা টেন্ডুলকারের আবেদন, ‘ওকে না ঘাঁটানোই ভালো, ওর বয়স এখনো অনেক কম।’তবু হূদয়ে বার্সেলোনাবয়স ২১। ছোটখাটো গড়ন, মুখটাও শিশুসুলভ মায়াকাড়া। বয়সের তুলনায় অনেক ছোটই মনে হয় বোজান কিরকিচকে। মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছিল। লিওনেল মেসির মতোই প্রতিভাধর মনে করা হচ্ছিল কিরকিচকে। কিন্তু প্রত্যাশার চাপ ছোট্ট কাঁধে বইতে পারলেন না একদমই। বার্সার প্রথম একাদশে জায়গা পাকা করতে না পেরে শেষ পর্যন্ত মুক্তি পেতে ক্লাবই ছেড়ে দিয়েছেন। যোগ দিয়েছেন ইতালির রোমায়।পেশাদার ফুটবলের কঠিন জগতের সঙ্গে কিরকিচ মানিয়ে নিতে পারছেন কি না, এমন একটা প্রশ্নও উঠে গিয়েছিল। প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছিল, যখন ২০০৮ ইউরোতে স্পেন দলে ডাক পেয়েও সরে দাঁড়ান। এরপর রোমায় প্রস্থান। সত্যিই কি চাপ সহ্য করার মানসিক দৃঢ়তা তাঁর নেই?কিরকিচ কিন্তু মানতে নারাজ। তাহলে বিশ্বের অনেক ফুটবলারের কাছে বার্সেলোনা যেখানে স্বপ্নের ক্লাব, সেখানে তিনি কেন উল্টো ন্যু ক্যাম্প ছাড়লেন? প্রশ্নটার উত্তরে বলছেন, হতাশার কুয়াশা ঘিরে ধরেছিল তাঁকে, ‘আমি অনুভব করেছিলাম, একটা পরিবর্তন দরকার। কারণ সেখানে খেলার সুযোগই পাচ্ছিলাম না। তরুণ একজন খেলোয়াড়ের জন্য এটা মোটেও সহজ নয়। এতে নিজেকে হতাশার চক্রে আটকে ফেলার শঙ্কা থাকে।’এ কারণেই বার্সা ছেড়ে আসা। যদিও সিদ্ধান্তটা নিতে যে অনেক কষ্ট হয়েছে, কিরকিচ সেটাও মানছেন, ‘এটা সহজ ছিল না। ওই ক্লাবেই তো আমি বেড়ে উঠেছি। জীবনের বড় একটা সময়ও কাটিয়েছি। তার পরও সিদ্ধান্তটি নিতেই হয়েছে। কারণ ফুটবলার হিসেবে আমাকে গড়ে উঠতে হবে।’শুরুতে কষ্ট হলেও রোমায় বেশ মানিয়ে নিয়েছেন। গোলের দেখাও পেতে শুরু করেছেন। রোমার সমর্থকদের মন জিতে নেওয়াই এখন তাঁর ধ্যান-জ্ঞান। তবে বুকের কোণে বার্সার প্রতি ভালোবাসার চারাটি ঠিকই সযত্নে লালন করছেন। কে জানে, একদিন সেই গাছে আবার ফুল ফুটবে কি না! রাজীব হাসান