শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদ নিয়ে কালো মানিকচারপাশ থেকে ধেয়ে আসছে সমালোচনার তীর। এই দুঃসময়ে একজন বড় সমর্থক পেলেন সেপ ব্ল্যাটার। সেই তিনি আবার পেলে! ফিফা সভাপতির মতোই ব্রাজিলিয়ান কিংবদন্তি বলছেন, ফুটবলে কোনো বর্ণবাদ নেই। ছোটখাটো ঘটনাগুলোতেই রংচং মাখিয়ে বেশি শোরগোল হয়।তিনি নিজে কৃষ্ণাঙ্গ। ফলে তাঁর গায়ের রং নিয়ে কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলে সবচেয়ে কষ্ট তাঁরই পাওয়ার কথা। কিন্তু পেলে বলছেন, খেলোয়াড়ি জীবনে যেসব গালিগালাজ শুনেছেন, সেগুলো গায়েই মাখেননি, ‘যখন খেলতাম, ঘরোয়া লিগগুলোতে প্রতিপক্ষের অনেকেই হয়তো আমার পশ্চাদ্দেশে খামচি মারত, আমার মা নয়তো স্ত্রীকে নিয়ে গালিগালাজ করত। কিন্তু বর্ণবাদের মুখোমুখি হইনি। আমার এই সমস্যা কখনোই ছিল না। এখন ছোটখাটো বিষয়ও বর্ণবাদী হিসেবে চিহ্নিত হচ্ছে। এটা সত্যিই হাস্যকর। সুইডেনে সেবার খেলতে গেলাম, (১৯৫৮ বিশ্বকাপ) শুধু ব্রাজিল দলে কালো খেলোয়াড় ছিল। এখন প্রযুক্তির উন্নয়নের ফলে বর্ণবাদ নিয়ে হইচইও অনেক বেড়েছে। ছোটখাটো জিনিসও এখন বর্ণবাদের বিষয় হয়ে যায়। এখন এটার ওপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে।’পেলের এই মন্তব্য নতুন কোনো বিতর্ক তৈরি করে কি না, এখন সেটাই দেখার। কারণ এর আগে ব্ল্যাটারও এ ধরনের কথা বলে চাপে পড়ে গিয়েছিলেন। ব্ল্যাটার বলেছিলেন, খেলতে গিয়ে উত্তেজনার বশে একে অন্যকে খেলোয়াড়েরা যেসব কথা বলে গাল দেয়, সেগুলো এত বড় করে না দেখে মাঠেই করমর্দনের মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। এরপর কী হ্যাপাটাই না সহ্য করতে হলো ব্ল্যাটারকে!আমেরিকা জয়আমেরিকা জয় করতে কলম্বাসকে কম কষ্ট সহ্য করতে হয়নি। দীর্ঘ অবসাদপূর্ণ সমুদ্রযাত্রা শেষে একদিন পেয়েছিলেন ডাঙার দেখা। ডেভিড বেকহামও অবশেষে আমেরিকা জয় করলেন। যাত্রার একদম শেষ প্রান্তে এসেই। ২০০৭ সালের শুরুতে পা রেখেছিলেন। পাঁচ বছর কাটিয়ে দিয়ে গত রোববার খেলে ফেললেন এলএ গ্যালাক্সির হয়ে খুব সম্ভবত তাঁর শেষ ম্যাচটি। আর এই শেষ ম্যাচে এসেই ইংলিশ তারকা প্রথম বড় কোনো ট্রফি জিতলেন—এমএলএস কাপ।ল্যানডন ডনোভানের একমাত্র গোলে হিউস্টন ডায়নামোকে হারিয়েছে এলএ গ্যালাক্সি। ৩৬ বছর বয়সী বেকহাম সেই গোল বানিয়ে দিতে রেখেছেন পরোক্ষ অবদান। নিজে গোল পেলে সেটি হতো সবচেয়ে সার্থক সমাপ্তি। কিন্তু জীবনের চিত্রনাট্য তো আর সবসময় ফ্যান্টাসি-সূত্র মানে না। তবে গোল করাতে অবদান রেখেছেন, এতেও কম তৃপ্ত নন বেকহাম।সেদিন ম্যাচ শেষেই অনেকটা বিদায়ের সুর বেজেছে তাঁর কণ্ঠে, ‘বিস্ময়কর পাঁচটি বছর কাটালাম, যেটা শেষ পর্যন্ত সার্থক হলো আজ রাতে। এটা ছিল বিশেষ একটা বছর। আমি খুবই খুশি, অর্জনের এই বছরটায় দলের অংশ হয়ে থাকতে পেরেছি।’বেকহামকে ‘সাদা হাতি’ বলেও সমালোচনা শুনতে হয়েছে। এত বিশাল অঙ্কের টাকা খরচ করে এনেও যে গ্যালাক্সিকে সাফল্য এনে দিতে পারছিলেন না। ভেতরে ভেতরে যে এ সমালোচনায় ফুঁসছিলেন, সেটা এত দিনে বোঝা গেল। একটা শিরোপার জন্য মরিয়া ছিলেন, মরিয়া ছিলেন নিন্দুকদের মুখ বন্ধ করে দেওয়ার জন্যও, ‘সমালোচকেরা সবখানেই থাকবে। তবে তাদের ভুল প্রমাণ করার আনন্দ সত্যিই অন্য রকম।’এখন? তাঁর জাহাজ কি তবে পাল তুলবে আবার? এবার গন্তব্য কোথায়?শেখের শখএকটা খেলনা কিনতে আপনি সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি আছেন? দ্রুত উত্তর দেওয়ার দরকার নেই। ভেবেই বলুন। এবার মিলিয়ে দেখুন এর সঙ্গে। তরুণ বয়সেই অঢেল টাকা কামিয়ে ফেলা একজন আরব শেখ একটা খেলনা কিনতে খরচ করেছেন ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি। মানে কিনা ৬ হাজার কোটি টাকা!একটা খেলানার পেছনেই এত টাকা! বিস্মিত হওয়ার আগে ওই আরব শেখের নামটি শুনে নিন। শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান। নামের মতোই লম্বা তাঁর ধন-সম্পত্তির তালিকা। তাঁকে বলা হচ্ছে ‘দ্বিতীয় রোমান আব্রামোভিচ’। ২০০৮ সালে সিটির মালিকানা কিনে নেওয়ার পর এই তিন বছরেই ঢেলেছেন অঢেল টাকা। কিনে এনেছেন তারকা ফুটবলারদের। নগদ নারায়ণ যাকে বলে! সিটি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে যাচ্ছে দাপটের সঙ্গেই। তবে প্রত্যাশা মতো ফল পাচ্ছে না চ্যাম্পিয়নস লিগে। প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কায় তাদের ঠেলে দিয়েছে নাপোলি। যে নাপোলির মোট বাজেট কিনা সিটির দশ ভাগের এক ভাগ!গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে সিটিকে ২-১ গোলে হারানোর পর নাপোলির প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস তাই খোঁচা দেওয়ার মোক্ষম সুযোগটা হাতছাড়া করেননি। বলেছেন, শেখ সাহেব শখ করে একটা খেলনা কিনেছেন। পছন্দ না হলে নাকি এটা ফেলে দিয়ে কিনবেন আরেকটি, ‘আমি মনে করি, মনসুর একটা খেলনাই চান। বলেছেন বটে, এখনই সাফল্য এনে দিতে হবে না। কিন্তু সিটি সাফল্য না পেলে, আমার ধারণা, তিনি অন্য আরেকটি খেলনা কিনবেন।’ক্লাব মাঠে সাফল্য পাচ্ছে। কিন্তু আর্থিকভাবে হচ্ছে ব্যর্থ। এই অর্থ বছরে ১৯ কোটি ৭০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে সিটির। যেটি ইংল্যান্ডের ইতিহাসে রেকর্ড। শেখ মনসুর কিন্তু ঝানু ব্যবসায়ী। ‘লস’ তিনি বেশি দিন পুষবেন না! রাজীব হাসান