শেষের আগে
অদ্ভুত দাবিজাপান আর উত্তর কোরিয়ার রাজনৈতিক টানাপোড়েন শুরু হলো আবার। সম্প্রতি জাপানের সংসদে উত্তর কোরিয়ার নেতারা এবং একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার তুমুল সমালোচনা করে উত্তপ্ত বক্তব্য দিয়েছেন কিছু সাংসদ। কিন্তু খেলার সঙ্গে এর সম্পর্ক কী? কারণ, নতুন করে শুরু হওয়া টানাপোড়েনের কেন্দ্রে আছে উত্তর কোরিয়া বনাম জাপানের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ১৫ নভেম্বরের সেই ম্যাচটিতে শক্তির বিচারে পিছিয়ে থাকা উত্তর কোরিয়ার কাছে হেরেছে একবার বিশ্বকাপ আয়োজন করে ফেলা জাপান।খেলায় পরাজয় মেনে নেওয়াও খেলোয়াড়ি চেতনার অংশ। কিন্তু এসব আপ্তবাক্য দিয়ে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না জাপানের কিছু রাজনীতিবিদকে। তাঁদের কেউ কেউ দাবি করেছেন, পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে আসলে হারতে বাধ্য হয়েছে জাপান। না হারলে জাপানি খেলোয়াড়দের নাকি অপহরণ করা হতো!বিশ্ব মিডিয়ার কাছে নিজেদের আড়াল করে রাখা উত্তর কোরিয়ার ফুটবল দলও দেশটির মতোই। খুব বেশি তথ্য তাদের সম্পর্কে কেউ জানে না। পশ্চিমা মিডিয়ার একটা অংশ এই সুযোগে দেদার অপপ্রচারও চালায়। গত বিশ্বকাপের পর এমনও শোনা গিয়েছিল, উত্তর কোরিয়ার ফুটবলারদের শাস্তি হিসেবে কাউকে ফাঁসি, কারও যাবজ্জীবন কারাদণ্ড, কাউকে আজীবন শ্রমিকের কাজ নাকি দেওয়া হয়েছে!বাছাইপর্বের ম্যাচ হেরে যাওয়ার পর জাপানি ওই সাংসদের দাবিও তাই কতটা সত্যি, বলা মুশকিল। তেসুশি সাকামোতো অবশ্য দৃঢ় বিশ্বাসী, ‘ম্যাচটা জাপান ২-০ বা ৩-০ গোলে জিতলে খেলোয়াড়দের অপহরণ করা হতো।’দুজনার দুটি পথসম্পর্ক অনেক সময় বাঁশের সাঁকোর মতো। জীর্ণ হয়, ভাঙে। নতুন করে গড়া হয়। মহেশ ভূপতির সঙ্গে লিয়েন্ডার পেজের সম্পর্ক যেমন। বহতা নদীর মতো। এ পাড় ভাঙছে তো ও পাড় গড়ছে।এক বছরও হয়নি দুজন আবার জুটি বেঁধেছেন। এই তো গত সপ্তাহে লন্ডনের এটিপি ওয়ার্ল্ড ট্যুরের দ্বৈতে সেমিফাইনালেও উঠলেন। কিন্তু দেশে ফিরতে না ফিরতেই জানা গেল, আবার ভাঙছে এই জুটি। ভূপতি অবশ্য জানালেন, এবারের বিচ্ছেদের সিদ্ধান্তটি একান্তই পেজের, ‘আসলে সবারই নিজের নিজের পছন্দ-অপছন্দ থাকে। লিয়েন্ডার মনে করেছে, আমাদের জুটিটা বয়সের দিক দিয়ে বুড়োটে হয়ে গেছে। ধারাবাহিকভাবে আমাদের জুটিটা সেভাবে জমবেও না। ও মনে করেছে, আমাদের দুজনেরই নতুন তরুণ কারও সঙ্গে জুটি বাঁধার সময় এসেছে। এটা ওর মত। দুর্ভাগ্যজনক হলো, এটাই এখন বড় সমস্যা।’পেজ-ভূপতি দুজনই ভারতের সবচেয়ে বড় টেনিস তারকা। দ্বৈত ও মিশ্র দ্বৈত মিলে ১১টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ভূপতি। গ্র্যান্ড স্লাম সংখ্যা পেজের একটি বেশি। দুজনে জুটি বেঁধেও জিতেছেন অনেক শিরোপা। এর মধ্যে আছে তিনটি গ্র্যান্ড স্লামও। কিন্তু গত এক যুগ ধরেই দুজনের সম্পর্কে গভীর আবেগ ছিল, ছিল টানাপোড়েনও। একে অন্যের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আলাদা হয়ে গেছেন। আবারও ফিরে এসেছেন। তবে এবারই নাকি চূড়ান্ত বিচ্ছেদ!ভূপতি জুটি বাঁধছেন রোহান বোপানার সঙ্গে (বোপানাও মৈত্রীর প্রতীক হয়ে ওঠা অসীম কুরেশির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন); পেজের নতুন সঙ্গী হচ্ছেন মার্টিনা হিঙ্গিসের সাবেক প্রেমিক রাদেক স্তেপানেক।আকরামের লড়াইকখনো দুর্দান্ত ইয়র্কার, কখনো ব্যাটসম্যানকে আত্মহননে বাধ্য করা ইন বা আউট সুইং; কখনো বা ধন্দে ফেলে দেওয়া রিভার্স সুইং। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ওয়াসিম আকরাম ব্যাটসম্যানদের সঙ্গে লড়াইয়ে জিতেছেন সিংহ ভাগ সময়ই। আরেকটা লড়াইয়ে জয়ী পাকিস্তানের এই কিংবদন্তি বোলার—ডায়াবেটিস। খেলোয়াড়ি জীবনেই শরীরে এই ঘাতক রোগের অস্তিত্ব ধরা পড়ে। কিন্তু দিব্যি ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে গেছেন। পারফরম্যান্সে এর কোনো প্রভাবই পড়েনি। বরং একদিক দিয়ে ডায়াবেটিসকে তিনি আশীর্বাদ হিসেবে নিয়েছিলেন। রোগটার কারণেই আরও বেশি নিয়ন্ত্রিত জীবনযাপন করেছেন। সেটা খেলোয়াড় হিসেবেও উপকারেই এসেছে তাঁর।নিজের এই লড়াইয়ের গল্প বলে আকরাম অন্য ডায়াবেটিক রোগীদের অনুপ্রাণিত করেন। কদিন আগে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। আর এই দিবসের বার্তা আকরাম দিলেন এভাবে, ‘মূল সমস্যাটাই হলো এই রোগ নিয়ে সচেতনতার অভাব। এ নিয়ে সচেতনতা তৈরিতে আমি যেকোনো কিছু করতে, যেকোনো দেশে যেতে প্রস্তুত। কারণ, এই রোগে আক্রান্ত যে কেউই স্বাভাবিক জীবনযাপন করতে পারে।’কিছু পরামর্শও দিলেন, ‘অন্য কেউ নয়; নিজের সবচেয়ে ভালো দেখভাল করতে পারবেন আপনি নিজেই। নিজের যত্ন নিতে হবে। গোছালো জীবনযাপন করতে হবে, রুটিন মেনে চলতে হবে। আপনার রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখাটাই হলো আসল। সঠিক খাদ্যাভ্যাস, অনুশীলন আপনাকে এই রোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে।’ রাজীব হাসান