শেষের আগে
নিলামে এলিংটনদৌড়বিদ হিসেবে জেমস এলিংটন খারাপ নন। এই কিছুদিন আগেও ২০০ মিটার দৌড়ে সময় নিয়েছেন ২০.৫২ সেকেন্ড। যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে নয় এমন ভেন্যু হিসেবে ধরলে ব্রিটিশদের মধ্যে দ্রুততম। সব মিলে দ্বিতীয় দ্রুততম। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করেছেন ব্রিটেনের। আগামী অলিম্পিক তো তাঁর নিজের দেশেই। সেখানেও ভালো কিছু করে দেখাতে চান। কিন্তু সমস্যা হলো, সম্ভাবনাময় অ্যাথলেট হিসেবে তাঁর নাম থাকলেও সেভাবে কোনো স্পনসরই পাচ্ছিলেন না এলিংটন। বাধ্য হয়ে নিজেকে তুলেছেন নিলামে!হ্যাঁ, ঠিকই পড়েছেন। নিলামেই নিজেকে তুলেছেন এলিংটন। অনলাইনে নিলাম করার সবচেয়ে জনপ্রিয় সাইট ইবে-তে নিজেদের সর্বনিম্ন দর ৩০ হাজার পাউন্ড হেঁকেছেন। ছয় ঘণ্টার মধ্যেই সাড়া পেয়েছেন। গত বুধবারেই একজন এই দাম দিতে রাজিও হয়েছেন। এই টাকায় চলবে এলিংটনের অনুশীলন।আসলে কদিন আগে ইনজুরিতে পড়েন ২৬ বছর বয়সী এই দৌড়বিদ। চোট সেরে ফিরলে দেখা দেয় নতুন সমস্যা। স্পনসর চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ই-মেইলও করেছেন। কেউ সাড়া দেয়নি। এর পরই বাধ্য হয়ে ইবে-এর আশ্রয় নেওয়া। এলিংটনের আশা, এভাবে সবার দৃষ্টি আকর্ষণ করলে নিশ্চয়ই কাজে দেবে। দিয়েছে বৈকি। তবে অর্থসংকটে পড়ে এক প্রতিশ্রুতিশীল অ্যাথলেট নিজেকে নিলামে তুলছেন—এই খবর অনেককে নাড়াও দিয়েছে। ব্রিটেনে বলেই সেটি আলোচনায় এসেছে বেশি করে।হেড করা ভালো নয়!বার্সেলোনার খেলায় আপনি সব খুঁজে পাবেন। ফুটবলের সব সৌন্দর্যই প্রজাপতির রঙিন ডানার মতো আত্মপ্রকাশ করবে মেসি-জাভি-ইনিয়েস্তাদের পায়ে। আক্ষেপ এখানেও। আক্ষরিক অর্থেই বার্সা খেলে পায়ে-পায়ে। ঘাটতি আছে হেডিংয়ে। শূন্য ভেসে আসা বলে এ সময়ের সেরা দলটি সে রকম পারদর্শী নয়।হেড না করাই ভালো! হেডিংয়ের কৌশল খাটিয়ে ২০০৪ ইউরো জিতে গ্রিস চমকে দিয়েছিল—এই তথ্য মাথায় রেখেও বলা, হেড না করাই ভালো। কারণ গবেষকেরাই বলছেন, বেশি বেশি হেড করা শরীরের জন্য খারাপ। কয়েকজন মার্কিন স্নায়ুবিজ্ঞানীর গবেষণালব্ধ ফল আমাদের এই তথ্যই দিচ্ছে। ছোটবেলা থেকেই ফুটবল খেলছেন এমন ৩২ জন অপেশাদার ফুটবলারের মস্তিষ্কের ছবি পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে এসেছেন শিকাগোর রেডিওলজিকাল সোসাইটি অব নর্থ আমেরিকার গবেষকেরা।গড়ে ৩০ বছর বয়সী ওই ফুটবলারদের ওপর গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন, বেশি বেশি হেড করা থেকে সেসব সমস্যা দেখা দিতে পারে, যে সমস্যা সাধারণত দেখা যায় মস্তিষ্কে আঘাত পেলে। মাঠে যেসব ফুটবলার প্রায়ই মাথাটাকে এ কাজে ব্যবহার করেন, তাঁদের মস্তিষ্কের ‘হোয়াইট ম্যাটার’-এ সুনির্দিষ্ট কিছু পরিবর্তন আসে। লাখ লাখ স্নায়ুতন্ত্র দিয়ে তৈরি এই ‘হোয়াইট ম্যাটার’ মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গপ্রবাহে কাজ করে। মস্তিষ্কের এই অংশটির কার্যক্ষমতা পরিমাপ করার পদ্ধতি এফএ (ফ্র্যাকশনাল অ্যানিসোট্রপি) ব্যবহার করে এই ফল পেয়েছেন গবেষকেরা।গবেষকদের একজন মাইকেল লিপটন জানাচ্ছেন, বছরে ১ হাজার থেকে ১ হাজার ৫০০টি হেড করে এমন খেলোয়াড়দের এফএর মান পা বেশি ব্যবহার করে এমন খেলোয়াড়দের তুলনায় আসে খুবই কম। এর আগের একটি গবেষণায় দেখা গেছে, স্মৃতিপরীক্ষায় বেশি হেড করা খেলোয়াড়েরা কম হেড করা খেলোয়াড়দের চেয়ে ২০ শতাংশ খারাপ ফল করছেন।হেড করা তাই ভালো কিছু নয়!প্রতিপক্ষ ইতিহাস‘এই পরাজয়ের কোনো ব্যাখ্যা নেই। আমি সমর্থকদের কাছে ক্ষমা চাই।’ চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে বিদায়ের পর বেদনাতুর কণ্ঠে বলেছিলেন অ্যালেক্স ফার্গুসন। এক সপ্তাহের ব্যবধানে দুবার সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী হয়েছেন ম্যানইউর কোচ। প্রথমবার লিগ কাপে দ্বিতীয় সারির দল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে। এরপর ম্যানইউ হেরেছে চ্যাম্পিয়নস লিগে ‘অখ্যাত’ বাসেলের কাছে।বাসেলের কাছে হারার ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। তবে প্যালেসের কাছে হারের ব্যাখ্যা আছে! সত্যি বলতে কি, লিগ কাপে এভাবে বিদায় নেওয়া ম্যানইউর জন্য এখন আর অপ্রত্যাশিত কিছু নয়। কারণটা এখান থেকে খুঁজুন: ১৯৯০-৯১ মৌসুম থেকে ১২টি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ, দুটো চ্যাম্পিয়নস লিগ, একটি ক্লাব উইনার্স কাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি করে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছে। কী সাফল্যবিধৌত একটি সময়! এই একই সময় চারটি লিগ কাপ জিতলেও ম্যানইউ নয়-নয়বার অঘটনের শিকার হয়েছে দ্বিতীয় কিংবা তৃতীয় সারির দলগুলোর কাছে হেরে!১৯৯০-২১ মৌসুমে লিগ কাপের ফাইনালে তাদের হারিয়েছিল শেফিল্ড ওয়েনসডে। ১৯৯৩-৯৪ মৌসুমে স্টোক সিটি, ১৯৯৫-৯৬ মৌসুমে ইয়র্ক সিটি, ১৯৯৭-৯৮ মৌসুমে ইপসউইচ টাউন এবং ২০০৩-০৪ মৌসুমে তারা হেরেছে ওয়েস্টব্রোমের কাছে। ২০০৬-০৭ থেকে টানা তিন মৌসুমে ম্যানইউ হেরেছে সাউথএন্ড ইউনাইটেড, কভেন্টি সিটি ও ডারবি কাউন্টির কাছে। আর এবার হারিয়ে দিল প্যালেস। বোঝাই যাচ্ছে, লিগ কাপে ম্যানইউর প্রতিপক্ষ আসলে ইতিহাসও! রাজীব হাসান