শেষের আগে
রাজনীতির ময়দানেছিলেন খেলার মাঠে। সেখান থেকে হঠাৎ করেই নিজেকে রাজনীতির ময়দানে আবিষ্কার করলেন নাদের আল-সৈয়দ। দুবারের আফ্রিকান নেশনস কাপের সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া নাদের আরব বসন্তের উত্তাল আন্দোলনে শরিক হয়েছিলেন। মিসরের মুবারক-অধ্যায়ের পতনে রেখেছেন ভূমিকা। এবার দাঁড়িয়েছেন জাতীয় নির্বাচনে। নাদেরের দৃঢ় বিশ্বাস, তিনি আর তাঁর দল আল-ওয়াসাত এই নির্বাচনে ভালো করবে।পেনাল্টি শট ঠেকানোয় বিশেষ খ্যাতি ছিল মিসরের হয়ে শতাধিক ম্যাচ খেলা নাদেরের। ফুটবল ক্যারিয়ারে অসংখ্যবার শেষ ভরসা হিসেবে বাঁচিয়ে দিয়েছেন দলকে। এবার দিনবদলের এই অভিযানেও নায়কদের একজন হতে চান এই ৩৮ বছর বয়সী।‘আমাদের জনতার বিপ্লব হয়েছে। এখন দরকার রাজনৈতিক বিপ্লব’—বেশ দৃঢ় কণ্ঠে বলেছেন নাদের। চাইলে প্রভাবশালী মুসলিম ব্রাদারহুড দলে যোগ দিতে পারতেন। কিন্তু তিনি বেছে নিয়েছেন আল-ওয়াসাতকে। দল হিসেবে এরা কট্টর ইসলামপন্থী নয়, বরং উদার। ‘আমি একটা রাজনৈতিক দলে যোগ দিতে চেয়েছিলাম, কোনো ধর্মীয় আন্দোলনে নয়’—ব্যাখ্যাটি নাদেরের।সত্যি বলতে কি, জাতীয় নির্বাচনে দাঁড়ানো তো দূরের কথা, রাজনীতির খাতাতেই তিনি নাম লিখিয়েছেন মাত্র তিন মাস আগে। ‘ক্যাপ্টেন নাদের’ হিসেবে মিসরে জনপ্রিয় এই ফুটবলার শেষ পর্যন্ত ভেবে দেখেছেন, শুধু বাইরে থেকে দেখে রাজনীতি নিয়ে গালমন্দ করে নিজের দায়িত্ব শেষ হয়ে যায় না। আবর্জনা যদি পরিষ্কার করতেই হয়, নিজেকেই গাঁইতি, কোদাল হাতে নামতে হবে নর্দমায়। তাই নেমেছেন। দেখা যাক, সেই নর্দমা তিনি কতটা সাফসুতরো করতে পারেন!বন্ধু কী খবর বলদুজন ছিলেন দুজনের জানি দোস্ত। বন্ধুত্ব বোঝাতে একজন তো রসিকতা করে এমনও বললেন, প্রায়ই অন্তর্বাসও নাকি অদল-বদল হয়ে যেত তাঁদের! যত দিন সান্তোসের হয়ে খেলেছেন, একই রুমে থেকেছেন। নেলসিনহো ব্যাপটিস্টা আর মুরিসি রামালহো সেই দিনগুলোতে ভবিষ্যতের অনেক ছবিই নিশ্চয় এঁকেছেন। কিন্তু এটা বাজি ধরেই বলা যায়, তাঁদের সুদূর কল্পনাতেও ছিল না, দুই বন্ধু দুটো ভিন্ন দলের কোচ হিসেবে মুখোমুখি হবেন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টে!বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জাপানের কাশিওয়া মুখোমুখি হয়েছিল ব্রাজিলের সান্তোসের। মুখোমুখি হয়েছিলেন দুই বন্ধু নেলসিনহো আর রামালহো। ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত ফুলব্যাক হিসেবে সান্তোসে খেলেছিলেন নেলসিনহো, ১৯৭৩ থেকে ১৯৭৮ পর্যন্ত অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলেছেন রামালহো। পজিশন ছিল আলাদা। বয়সেও রামালহোর চেয়ে নেলসিনহো বড়। কিন্তু এর কোনোটাই দুজনের দোস্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি।সেই দুজন যে এভাবে মুখোমুখি হয়ে গেলেন, তাতে নেলসিনহোর বিস্ময়টাও কম নয়, ‘আমি মাত্রই বলছিলাম, জীবনে কত বিস্ময়ই না থাকে। আমার স্পষ্ট মনে আছে, আমরা দুজন একই রুমে থাকতাম। আমার বয়স ছিল ২০, ওর ১৮। আজ ৪০ বছর পর আমাদের এভাবে একটা বড় ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে।’মাঠের খেলায় অবশ্য দোস্তগিরির সুযোগ নেই। টুর্নামেন্টে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠে আসা রেসলের যাত্রা সেখানেই থামিয়ে দিয়েছে সান্তোস। তবে ম্যাচ শেষে যখন একে অন্যের দিকে বাড়িয়ে দিয়েছিলেন হাত, সেটি দুই কোচের ছিল না, ছিল দুই বন্ধুর!আশায় বসতআগামী মাসে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলীয়দের জন্য হূদয়ে নিধুয়া পাথারের হাহাকার তোলার ওপেন। গত ৩৫ বছরে যে অস্ট্রেলিয়ান ওপেনের এককে কোনো অস্ট্রেলীয়র হাতে ওঠেনি শিরোপা।১৯৭৭ অস্ট্রেলিয়ান ওপেন দুটো কারণে স্মরণীয় হয়ে আছে। ওই বছর সূচির কারণে অস্ট্রেলিয়ান ওপেন আয়োজন করা হয়েছিল দুবার—জানুয়ারিতে একবার, একবার ডিসেম্বরে। ডিসেম্বরের টুর্নামেন্টটিতে মহিলা এককে শিরোপা জেতেন এভোন গুলাগং। পুরুষ এককে অস্ট্রেলীয় খেলোয়াড়ের জয় আরও এক বছর আগের ঘটনা। অবাছাই হিসেবে খেলতে এসে স্বদেশি জন নিউকম্বকে হারিয়ে শিরোপা জিতেছিলেন মার্ক এডমন্ডসন। এরপর প্যাট ক্যাশ, প্যাট্রিক র্যাফটার, লেটন হিউয়িটরা অস্ট্রেলিয়ার বিজয় পতাকা উড়িয়েছেন কোনো না কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। গত বছর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম একক জিতেছেন সামান্থা স্টোসুরও। কিন্তু এর কোনোটাই অস্ট্রেলিয়ান ওপেনে নয়। সেই অপেক্ষা কবে ঘুচবে কে জানে! তবে অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে বছর শেষ করা স্টোসুর বছর শুরুতেই এই ফরম ধরে রাখতে পারলে অপেক্ষা ঘুচে যাবে। নয়তো সেটি প্রলম্বিতই হবে। তবে অস্ট্রেলিয়ানরা কিন্তু টেনিসে আশায় বসত গড়ছে ১৫ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে। গত সপ্তাহে অলিভিয়া রোগোস্কাকে হারিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ওয়াইল্ডকার্ড জিতেছেন অ্যাশলেই বার্টি। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমের চোখে, আইটিএফ জুনিয়র র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা এই বার্টিই অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়ার টেনিসের জন্য নিয়ে আসবেন শুভবারতা।দেখা যাক! রাজীব হাসান