শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার ওপরে...বন্ধু আন্দ্রেস ইনিয়েস্তার একটা দার্শনিক পরিচিতি আছে। ইনিয়েস্তার সাক্ষাৎকার পড়লেই বোঝা যায়, ‘সবার উপরে মানুষ সত্য’ এই দর্শনে তিনি বিশ্বাসী। ‘তাহার উপর কিছু যে নাই’ এই তত্ত্বে বিশ্বাসী জাভিও। বিশ্বাসী বলেই নিজে খ্রিষ্টধর্মে বিশ্বাসী হয়েও বার্সেলোনার এই মাঝমাঠের কান্ডারি অগাধ শ্রদ্ধা রাখেন ইসলাম ধর্মের প্রতি। সম্প্রতি আলজেরিয়ার একটি পত্রিকা এল-হেদ্দাফ-এ ইসলাম ধর্ম নিয়ে নিজের ভাবনা খোলাখুলিই বলেছেন জাভি।পশ্চিমা বিশ্বের অনেকের কাছে ‘ইসলাম’ শব্দটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের কারণে অনেকে ভুলেই গেছে যে ‘ইসলাম’ শব্দের অর্থ শান্তি। পশ্চিমের অনেক মানুষই ইসলাম ধর্মের অনুসারীদের বাঁকা চোখে দেখে। কিন্তু সবাইকে এক পাল্লায় তুলে মাপতে যাওয়া যে ভুল, সে বার্তাই যেন দিলেন জাভি। জানালেন, ইসলাম ধর্মের অনেক কিছুই তাঁকে মুগ্ধ করে। বিশেষ করে, রমজান মাসে মুসলমানদের আত্মসংযম দেখে তিনি রীতিমতো বিস্মিত।বার্সেলোনা দলেও কয়েকজন মুসলিম খেলোয়াড়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা জাভির হয়েছে। বর্তমান সতীর্থদের মধ্যে আছেন সেইডু কেইটা, এরিক আবিদাল, ইব্রাহিম আফেলাই। জাভি জানালেন, ‘বার্সেলোনার স্কুলে পড়ার সময় থেকেই আমরা শিখেছি অন্যকে সম্মান জানাতে। মুসলিম সতীর্থদের প্রতি, তাদের ধর্ম আর সংস্কৃতির প্রতিও আমরা সম্মান দেখাই। সেইডু যেখানে খুশি নামাজ পড়তে পারে। এতে বাকিদের কোনো আপত্তি নেই।’রমজান মাস সম্পর্কে জাভি বলেছেন, ‘রমজান মাসে আমার কৌতূহল অনেক বেড়ে যায়। একজন ফুটবলারের পক্ষে টানা ১২ ঘণ্টা কিছু না খেয়ে থাকা কতটা কঠিন, আমি জানি। বিশেষ করে, গ্রীষ্মের ভীষণ গরমের সময়। কিন্তু মুসলমানদের জন্য এটা বাধ্যতামূলক পালনীয় কর্তব্য। আমরা সেটাকে সম্মান করি। আমাদেরও তো নিজেদের ধর্ম আছে।’ভিন্ন ধর্ম, বর্ণ, সংস্কৃতির সবাইকেই এক সুতায় গাঁথা যায়। আর সেই সম্মিলনী শক্তি আছে ফুটবলের!গাজির যুদ্ধস্থানীয় লোকজন বলে, এ মাঠে আর কখনোই ঘাস জন্মাবে না। মাটি এত এত রক্ত শুষে নিয়েছে, নিতে বাধ্য হয়েছে, ঘাসের জন্মানোর সাধ্যই আর নেই। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান অন্ধকার যুগের সময় রাজধানী কাবুলের বিশাল গাজি স্টেডিয়ামটিতে ‘খেলা’ হলো একটাই—রক্তের হোলিখেলা! নিজস্ব পদ্ধতির মধ্যযুগীয় শাসনব্যবস্থায় এই স্টেডিয়াম তালেবানরা ব্যবহার করত শিরশ্ছেদ, পাথর নিক্ষেপ করে হত্যা, কিংবা চুরির মতো সাধারণ অপরাধের কারণেও কবজি কেটে নেওয়ার মতো বর্বর কাজে।তালেবানরা বিদায় নিয়েছে এক দশক হয়ে গেল। কিন্তু এত সহজে মুছে ফেলা যায় রক্তের দাগ! দীর্ঘ সময় লেগেছে গাজি স্টেডিয়ামটি আবার নতুন করে ঢেলে সাজাতে। সত্যি সত্যিই আর এ মাঠে ঘাস গজায়নি। এর বদলে কৃত্রিম ঘাস বসানো হয়েছে। অবশেষে কদিন আগে বর্ণাঢ্য অনুষ্ঠান আর ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে পুনরাভিষেক হলো গাজি স্টেডিয়ামের। এই মাঠ এখন ফিফার অনুমোদনের অপেক্ষায় আছে। ফিফা অনুমতি দিলে আবারও এখানে হবে আন্তর্জাতিক ফুটবল, হাফপ্যান্ট পরে খেলতে হয় বলে যে খেলা নিষিদ্ধ করেছিল তালেবানরা!শুধু ফুটবল কেন, নিষিদ্ধ ছিল সব ধরনের ‘বিদাত’ ক্রীড়াই। আর খেলাধুলার দরকারই বা কী! কিন্তু আফগানিস্তান এখন নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখে। জানে, অজস্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীতে বিভক্ত পুরো দেশের মানুষকে এখন এক সুতায় গাঁথার অস্ত্র হতে পারে একটাই—খেলা! সে কথাই বলছিলেন আফগানিস্তান অলিম্পিক কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জহির আঘবার, ‘খেলাধুলা সমাজকে একতাবদ্ধ করে। খেলাধুলা আমাদের জাতীয় সংহতিকেও দৃঢ় করবে।’আর তাতে অনুঘটক হিসেবে কাজ করবে গাজি স্টেডিয়ামটি। বীর যোদ্ধাদের ‘গাজি’ উপাধি দেয় আফগানরা। প্রাণহীন কিন্তু সপ্রাণ এই স্টেডিয়ামও তো এখন নেমে পড়েছে বীরত্বপূর্ণ এক যুদ্ধে। সার্থক হলো তার নামকরণ!বতসোয়ানার ফুটবল-বিপ্লবখুব বেশি দিন আগের কথা নয়। বতসোয়ানা ফুটবল দল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর হতো কালেভদ্রে। হলেও নেতিবাচক কারণে। গন্ডাখানেক গোল হজম করা ছিল তাদের জন্য ডাল-ভাত!সেই বতসোয়ানা ফুটবল দল যেন নীরবে-নিভৃতে বিপ্লব করে ফেলেছে। শুঁয়াপোকার খোলস ছেড়ে বেরিয়ে এসে রঙিন প্রজাপতি হয়ে ডানা মেলা দলটি জিতে নিয়েছে এবারের আফ্রিকান বর্ষসেরা দলের পুরস্কারও। শুধু তা-ই নয়, ২১ জানুয়ারি শুরু আফ্রিকান নেশনস কাপের অন্যতম ফেবারিটও ধরা হচ্ছে তাদের। অথচ আফ্রিকান ফুটবল শ্রেষ্ঠত্বের চূড়ান্ত আসরে এই প্রথমবার সুযোগ পেল দলটি।তার পরও কেন ফেবারিট ধরা হচ্ছে তাদের? বাছাইপর্বের পয়েন্ট টেবিলের দিকে তাকান। ১৭ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে তাদের উত্তরণ। বাছাইপর্বে অংশ নেওয়া ৪৬টি দলের মধ্যে তাদের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে শুধু আইভরি কোস্ট।এমন নয়, ডাইনি বুড়ির অভিশাপে পাতালপুরীতে ঘুমিয়ে ছিল রাজকন্যা। রাজপুত্র এল। সোনার কাঠি আর রুপার কাঠির স্পর্শে ঘুম ভাঙল। প্রতিটি বিপ্লবের পেছনে থাকে ঘামে-রক্তে ভেজা ইতিহাস। বতসোয়ানার এই অন্ধকার গলি থেকে রাজপথে উঠে আসার পেছনে মূল কৃতিত্ব দেওয়া হয় দুজন কোচকে—সার্বিয়ার ভেসেলিন ইয়েলুসিচ আর ব্রিটিশ বংশোদ্ভূত কলউইন রো। বিশেষ করে, রো যেন আক্ষরিক অর্থেই পরশ পাথর নিয়ে এসেছিলেন।পুরো দলটার খোলনলচে পাল্টে ফেলে রো দলে নিয়ে আসেন অনভিজ্ঞ কিন্তু প্রতিশ্রুতিশীল একদল তরুণ ফুটবলার। এই তরুণ তুর্কীদের কাঁধে ভর করেই এবারের আফ্রিকান নেশনস কাপে বড় কিছু করে দেখানোর স্বপ্ন দেখছে বতসোয়ানা। স্বপ্ন আসলে তাদের আকাশছোঁয়া। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলাটাও যে এখন আর দিবাস্বপ্ন নয়। রাজীব হাসান