শেষের আগে
উৎসমুখে ফেরাট্র্যাকে খুব সহজেই আলাদা করে চেনা যেত তাঁকে। অন্যদের চেয়ে বেশি জোরে দৌড়াতেন বলে নয়, তাঁকে আলাদা করে দিত পা-জোড়া। জোলা বাড যে ট্র্যাকে দৌড়াতেন খালি পায়ে! এমন নয়, জুতো কেনার সামর্থ্য ছিল না। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই দৌড়বিদ খালি পায়ে দৌড়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন।বাডকে বিখ্যাত করে দিয়েছিল ১৯৮৪ সালটাই। দুটো কারণে। একটা কারণ ছিল সেবার লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মেয়েদের ৩০০০ মিটার দৌড়ে আমেরিকার ম্যারি ডেকারের সঙ্গে ধাক্কা লাগা। যে ধাক্কায় ট্র্যাক থেকে ছিটকে ডিসকোয়ালিফাই হয়েছিলেন ডেকার। তবে তাঁকে বেশি মনে রাখা হয় অলিম্পিক শুরুর কিছু দিন আগে ১৭ বছর বয়সে খালি পায়ে দৌড়েই মেয়েদের ৫০০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়ার জন্য। বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গনকে একঘরে করে রাখা হলে বাডের এই রেকর্ডটাও শেষ পর্যন্ত আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থার কাছ থেকে স্বীকৃতি পায়নি। এখানেই নতুন মোড় নিয়েছে গল্প। দেশ পাল্টে বাড হয়ে যান যুক্তরাজ্যের। ১৯৮৫ সালে আবার গড়েন বিশ্ব রেকর্ড! এবার আর স্বীকৃতি না দিয়ে কোথায় যাবেন কর্তাব্যক্তিরা!বিয়ে থা করে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই শখের বশে বিভিন্ন ইভেন্টে দৌড়েছেন। নিজের সেই আলোচিত কীর্তির প্রায় তিন দশক পর বাড ফিরে এসেছেন দক্ষিণ আফ্রিকায়। অংশ নেবেন এখানকার জনপ্রিয় কমরেড ম্যারাথনে। পিটারমারিজবার্গ থেকে ডারবানের মধ্যে অবস্থিত লম্বা এই ম্যারাথন শুরু হয়েছিল ৯১ বছর আগে, প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সৈনিকদের স্মরণে।বাডের অংশ নেওয়াটা অবশ্য ফার্স্ট-সেকেন্ড হওয়ার লোভে নয়। দেশের মানুষ তাঁকে এখনো ভালোবাসে। এখানকার টাউনশিপ ট্যাক্সিগুলোর নামই দেওয়া হয় তাঁর নামে! ভালোবাসা কিছুটা ফিরিয়ে দিতেই এসেছেন। ‘নিজেকে এখন আর পেশাদার অ্যাথলেট ভাবার সুযোগ নেই’—বলেছেন ৪৫ বছর বয়সী তিন সন্তানের জননী। টি-টোয়েন্টির সৌজন্যেটি-টোয়েন্টি ক্রিকেটের মঙ্গল করছে, নাকি সর্বনাশ, চাইলে এ নিয়ে চায়ের কাপে সাইক্লোন তুলে ফেলা যায়। তবে একটা কথা মানতেই হবে, ক্রিকেটে বিচিত্র কিছু শটের আমদানি হয়েছে টি-টোয়েন্টির সৌজন্যে। এসেছে প্রেরণাবালিকারা। আর? ক্যামেরার কেরদানি!খেলাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে টিভি সম্প্রচারকেরা চেষ্টার ত্রুটি করছেন না। আইপিএল, বিগ ব্যাশ দেখলেই বোঝা যায় টিভি ক্যামেরার কেরামতি। এবার আরও চমক। ক্যামেরা এবার বসে গেল আম্পায়ারদের সানগ্লাসে!অস্ট্রেলিয়ায় চলমান বিগব্যাশে এই আশ্চর্য ক্যামেরার কাজ দেখার সৌভাগ্য হচ্ছে দর্শকদের। এতে করে আম্পায়ারদের দৃষ্টিকোণ থেকেও দর্শকেরা ম্যাচের দৃশ্য দেখতে পাবেন। বিশেষ এই সানগ্লাস বানাতে খরচ মাত্র ১০০ ডলার। আবিষ্কারকের নাম প্যাট্রিক জেরি। আম্পায়ারের সানগ্লাসের কাচে বসানো থাকছে ছোট্ট হাইডেফিনিশন ক্যামেরাটি। একটি তারের মাধ্যমে সানগ্লাসের ক্যামেরাটি যুক্ত ব্যাটারির সঙ্গে। আছে ট্রান্সমিটার আর অ্যান্টেনা। এসব লাগানো থাকে আম্পায়ারের বেল্টে। এখন চেষ্টা করা হচ্ছে তারবিহীন এমন একটি সানগ্লাস-ক্যামেরা বানানোর।এই ক্যামেরা এলবিডব্লু ও রানআউটের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে আম্পায়ারদের। দাম মাত্র ১০০ ডলার হলেও এই প্রযুক্তির উন্নয়নে ১ লাখ ডলার খরচ করছে বিগ ব্যাশের সম্প্রচারক ফক্স স্পোর্টস। আরও একটা প্রযুক্তি এনেছে তারা। চপার-ক্যাম। রিমোট কন্ট্রোলের সাহায্যে চালিত ছোট্ট খেলনা হেলিকপ্টারে বসানো হচ্ছে ক্যামেরা। খেলোয়াড়দের মাথার ওপর উড়ে ঘুরে ঘুরে ছবি ধারণ করবে এটি।টি-টোয়েন্টি যে আমাদের আরও কত কী উপহার দেবে!ফ্যাশন এবং রোনালদোএকবার দৃশ্যটা চিন্তা করে দেখুন: সাতসকালে ঘুম থেকে উঠে, ফ্রেশট্রেশ হয়ে, নাশতাপানি সেরে তিনি গেলেন তাঁর আলমিরার কাছে। এরপর গালে হাত দিয়ে মিনিটের পর মিনিট ভেবে পার করে দিলেন এই ভেবে—কোন পোশাকটা পরা যায়? কোনটা আজ মানাবে ভালো?সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যেই ফুটবল মাঠে সিদ্ধান্ত নিয়ে ফেলতে যিনি পটু, সেই ক্রিস্টিয়ানো রোনালদো কখনো কখনো এমনই সিদ্ধান্তহীনতায় ভোগেন। যদিও প্রশ্নটি আসলে শুধুই একটা পোশাক পরা না-পরা নিয়ে!আপনার-আমার কাছে সেটি অগুরুত্বপূর্ণ হতে পারে; রোনালদোর কাছে নয়। ‘স্টাইল’ ব্যাপারটিকে তিনি ফুটবলের পরেই গুরুত্ব দেন। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে শুধু ডেভিড বেকহামের জায়গাটাই এক সময় নেননি, রোনালদো দখল করেছেন বেকহামের গ্ল্যামারাস খ্যাতির রাজত্বও।সম্প্রতি স্প্যানিশ একটি পত্রিকাকে রোনালদো খোলাখুলিই বলেছেন, ‘স্টাইল খুবই গুরুত্বপূর্ণ। ফুটবলের গুরুত্ব সবচেয়ে বেশি, এর পরই আসবে আমার ভাবমূর্তি। এই দুটো আসলে হাতে হাত রেখে চলে। মাঠে দুর্দান্ত কিছু করে দেখানো জরুরি। জরুরি মাঠের বাইরেও আপনাকে দুর্দান্ত দেখানো। আমি সেই চেষ্টাই করি।’স্বাভাবিকভাবেই দিনের একটা বড় অংশ রোনালদোকে ব্যয় করতে হয় স্টাইল-সংক্রান্ত গবেষণায়। কিন্তু এতে হিতে বিপরীত হয়। রোনালদোকে খুবই অহংকারী মনে করেন কেউ কেউ। একসময় তো তাঁর স্বার্থপরতা নিয়েও কথা উঠেছে। খোদ রিয়াল মাদ্রিদ সমর্থকদের একটা বড় অংশ রোনালদোকে পছন্দও করে না। কিন্তু এসব গায়ে মাখেন না তিনি, ‘আমি মানুষটা ভেতরে ভেতরে যেমন, আমি বাইরেও সে রকমই থাকতে চাই।’সত্যি বলতে কি, অহংকারটাও যেন তাঁর সৌন্দর্যেরই একটা অংশ হয়ে গেছে। রোনালদো একটু ভাব দেখাচ্ছেন না, বিনয়ে গলে যাচ্ছেন—এই দৃশ্য ভাবতেও কেমন জানি লাগে! রাজীব হাসান