শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভলগনতারিখ মনে রাখার ব্যাপারে মেয়েরা যেমন ওস্তাদ, ছেলেরা তেমনই অপটু। প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম হাত ধরা, প্রথম ঠোঁটের ব্যারিকেড—সব তারিখই মেয়েরা টুকে রাখে মনের ডায়রিতে। আর ছেলেরা দিব্যি ভুল মেরে বসে থাকে। এর পর প্রেমিকার জেরায় জেরবার হতে হয়!কিন্তু শাশা ভুয়াচিচ তেমন ‘ভুয়া’ ‘চিজ’ নন। মারিয়া শারাপোভার সঙ্গে তাঁর প্রথম দেখার দিনটা ঠিকই মনে রেখেছিলেন। আর সেই দেখা হওয়ার প্রথম বর্ষপূর্তিতে শারাপোভাকে দিয়েছেন এক বিস্ময়-উপহার—বাগদানের আংটি!সেও অনেক দিন হয়ে গেল। এরই মধ্যে দেয়ালের ক্যালেন্ডারে মাসের পাতা ওল্টাতে হয়েছে ১৫ বার। স্বাভাবিকভাবেই শারাপোভা এখন যেখানেই যান, ১২০ মাইল বেগের সার্ভের গতিতে ছুটে আসে একটা অবধারিত প্রশ্ন—বিয়ে করছেন কবে!প্রথম দিকে প্রশ্নটা শুনলেই রক্তিম আভা ছড়ানো একটা গোলাপের মতো হয়ে যেতেন এই টেনিস তারকা। এখন অনেকটা সামলে নিয়েছেন। তার পরও এবার যেন একটু অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিলেন শৈশব থেকেই প্রচারের আলোয় অভ্যস্ত এই ২৪ বছর বয়সী।অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার তৃপ্তি নিয়ে কদিন আগে দেশে ফিরেছেন। ফেড কাপের ম্যাচ খেলতে হবে বলে। সেখানেই এক সাংবাদিক প্রশ্নটা তুলেছিল। কারণও ছিল। মাত্রই কিছুদিন আগে বাস্কেটবল খেলোয়াড় ভুয়াচিচ এক রেডিও সাক্ষাত্কারে বলেছিলেন বিয়ের ব্যাপারটি নিয়ে শিগগিরই শারাপোভার সঙ্গে কথা বলবেন। কিন্তু শারাপোভা শোনালেন অন্য খবর, ‘আমার মনে হয়, শাশা বিয়ের প্রসঙ্গটা এড়ানোর জন্যই ওমনটা বলেছে। আর আমিও এর উত্তর দেব না। এটা একান্তই আমাদের নিজস্ব ব্যাপার, আপনাদের বলতে যাব কেন!’উলুবনে মুক্তাসংবাদ সম্মেলনে অ্যাঙ্গোলা কোচ রীতিমতো বিভ্রান্তিতে ফেলে দিলেন সাংবাদিকদের। দলের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। লড়াকু মানসিকতার প্রতি স্যালুট জানালেন। আর প্রতিপক্ষকে সম্মান দেখানোয় চাপড়ে দিলেন পিঠ। সাংবাদিকেরা ধন্দে পড়ে গেলেন। কারণ, মাঠে এই তিনটার কোনোটাই করেনি অ্যাঙ্গোলা।২০০৬ বিশ্বকাপে খেলা অ্যাঙ্গোলা পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী রেখেই আফ্রিকান নেশনস কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। লড়াকু মানসিকতা? তাদের বিরুদ্ধে ফুটবলের চেতনাবিরোধী আচরণের অভিযোগ প্রকাশ্যেই এনেছেন বুর্কিনা ফাসোর কোচ পাওলো দুয়ার্তে। কারণে-অকারণে সময় নষ্ট করার অপরাধে তাদের খেলোয়াড়দের সতর্কও করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সুদানের সমান পয়েন্ট (৪) পেলেও গোল ব্যবধানে পিছিয়ে (-১) থাকায় ‘বি’ গ্রুপে আইভরি কোস্টের সঙ্গী হয়ে শেষ আটেও যাওয়া হয়নি। দরিদ্র দেশটি থেকে ছয় শর মতো দর্শক এসেছিল। বেশির ভাগই সরকারি পৃষ্ঠপোষকতায়; কেউ কেউ মোটরসাইকেলে চেপে পাঁচটি দেশ আর একটি সাগর পাড়ি দেওয়ার দুঃসাহসিক পথ পেরিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। সংখ্যায় কম হলেও বাহারি সাজ, নাচ-গান-বাজনায় গ্যালারি মাতিয়ে রেখেছিল তারাই। কিন্তু এই আত্মত্যাগ এই উত্সাহ শেষ পর্যন্ত বৃথাই গেল।অথচ টুর্নামেন্ট থেকে বিদায়ের পরও সংবাদ সম্মেলনে কোচ ভিদিগালের কণ্ঠে উচ্ছ্বাসের কমতি ছিল না। আবেগের তুবড়ি ছোটানোর একপর্যায়ে কোচ এমনও মন্তব্য করলেন, ‘এই দলটা অসাধারণ। ওরা দেখিয়ে দিয়েছে, ওরাই সত্যিকারের চ্যাম্পিয়ন।’চ্যাম্পিয়ন বটে!আবেগের বনাঞ্চলবাঁ হাতের বাহুতে আঁকা একটা উল্কি। শুধু হূদয়ে নয়, ওই উল্কিতেও ধরে রেখেছেন মায়ের স্মৃতি। তাঁর বয়স তখন ১৮, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় ক্যানসারের সঙ্গে সাত বছরের লড়াইটায় হার মেনে জীবননদীর ওপারে চলে যান মা। এর তিন বছর পর তিনি প্রস্তুতি নিচ্ছিলেন শেফিল্ড শিল্ডের একটা ম্যাচের। এমন সময় ফোনে পান দুঃসংবাদ—হার্ট অ্যাটাকে মারা গেছেন তাঁর বাবা।মাত্র ২১ বছর বয়সেই পৃথিবীর সবচেয়ে কাছের দুটো মানুষকে হারিয়েও একা হয়ে পড়েননি পিটার ফরেস্ট। তাঁর সবচেয়ে কাছের বন্ধু হিসেবে দেখা দিয়েছে ক্রিকেট! খেলাটাতেই ডুবে গিয়ে ভুলেছিলেন কষ্টের নোনাস্বাদ। তবে এই ২৬ বছর বয়সে আরও একবার চোখের কোণ ভিজে উঠল ফরেস্টের। প্রথমবারের মতো যে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন। আজ সিবি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়ে যাওয়ার কথা তাঁর। হলে স্বর্গ থেকে নিশ্চয়ই আশীর্বাদ জানাবেন মা-বাবা দুজনেই! ফরেস্টের জন্যও এটি অনেক আবেগের একটি মুহূর্ত।তাই বলে আবার ভেবে বসবেন না ফরেস্টের হূদয়টা একেবারে আবেগের বনাঞ্চল। সব সময় তাতে দোল দেয় ঝোড়ো বাতাস। বরং আবেগটা শক্ত খোলসের মধ্যে লুকিয়ে রাখতে জানেন। এ কারণেই বলছেন, ‘মা-বাবা দুজনকেই হারিয়ে ফেলা আমার জন্য ছিল কঠিন এক সময়। কিন্তু আমি সেই ব্যথার পাহাড় ডিঙিয়ে এসেছি। কারণ আমার মা-বাবা যে ধরনের মানুষ ছিলেন, আমি নিশ্চিত জানি, তাঁরাও চাইতেন আমি যেন পেছন ফিরে না তাকাই।’ রাজীব হাসান