শেষের আগে
১-১ ড্র১৯৯৬ সাল কি সেদিনের কথা? দেখতে দেখতে পেরিয়ে গেল ১৬টি বছর। সেদিনের ২২ বছরের টগবগে তরুণটির বয়স এখন ৩৮ বছর। তবু লিয়েন্ডার পেজ আত্মবিশ্বাসী, ১৯৯৬ আটলান্টা অলিম্পিকের কীর্তি তিনি এবার ছাপিয়ে যাবেনই। যেতেই হবে। এটাই যে তাঁর জন্য শেষ সুযোগ।১৯৯৬ অলিম্পিকে টেনিসে সেবার ব্রোঞ্জ জিতেছিলেন। তাঁর সৌজন্যেই ৪৪ বছর অপেক্ষা শেষে ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছিল ভারত। লিয়েন্ডার পেজ ছুঁয়েছিলেন বাবার কীর্তিও। ১৯৭৪ অলিম্পিকে ভারতীয় হকি দলের সদস্য হিসেবে ব্রোঞ্জ জিতেছিলেন ভেস পেজ। বাবার সেই কীর্তি অলিম্পিকে সোনা জিতেই ছাপিয়ে যেতে চেয়েছিলেন। বেশ কবার কাছাকাছি গিয়েও পারেননি সাতটি দ্বৈত এবং ছয়টি মিশ্র দ্বৈত গ্র্যান্ড স্লাম জেতা এই তারকা।‘তিন তিনবার কাছাকাছি গিয়েছিলাম। ১৯৯২, আমার প্রথম অলিম্পিকে রমেশ কৃষ্ণানের সঙ্গে; বাকি দুবার মহেশের (ভূপতি) সঙ্গে জুটি বেঁধে এথেন্স (২০০৪) ও বেইজিং (২০০৮) অলিম্পিকে।’ বলেছেন পেজ। গতবার ভারতীয় এই জুটি কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল রজার ফেদেরার আর স্তানিসলাস ওয়ারিঙ্কা জুটির কাছে। ফেদেরাররাই শেষ পর্যন্ত দ্বৈতে সোনা জিতেছেন।চির তরুণ এই টেনিস খেলোয়াড় অবশ্য মানতে নারাজ, অলিম্পিকে সোনা জেতার এটাই শেষ সুযোগ, ‘বিদায় সংবর্ধনা নিয়ে এখনো ভাবছি না। আমি মনে করি না, টেনিস থেকে আমার সব পাওয়া হয়ে গেছে। এটাও মনে করি না, এটা আমার শেষ সুযোগ। বরং আমি ভাবি, এটা আমার সেরা সুযোগ।’এ নিয়ে ষষ্ঠবারের মতো যাচ্ছেন অলিম্পিকে। একজন এশীয় অ্যাথলেট হিসেবে এটাও অনেক বড় অর্জন। তবে ‘অংশগ্রহণই বড় কথা’র ছেলে-ভোলানো ছড়ায় তিনি বিশ্বাসী নন। আর তা ছাড়া বাবাকেও তো হারাতে হবে।‘এখন পর্যন্ত আমাদের মধ্যে ১-১ ড্র চলছে। আমি জিততেই চাই।’ মিষ্টি হেসে বলেছেন পেজ।মেসিকে ছাড়িয়েস্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির লিগে খেলেন। দলও আধা পেশাদার। ইচ্ছা থাকলেও ফুটবলটাকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেওয়া সম্ভব নয়। পেশা হিসেবে তাই বেছে নিতে হয়েছে ব্যাংকারের জীবন। একটি শাখার ব্যবস্থাপকও তিনি।সকাল আটটায় অফিস শুরু। শেষ বেলা তিনটায়। খানিকক্ষণের বিশ্রাম। এরপর ছুটে যান মাঠে। স্যুট-টাইয়ের সঙ্গে সঙ্গে বাসায় রেখে আসেন ব্যাংকারের পরিচয়টাও। বিকেল থেকে রাত অবধি তিনি পুরোদস্তুর ফুটবলার। ৩১ বছর বয়সী সেই ন্যাড়া মাথার পাবলো ইনফান্তে কিন্তু মাঠের লড়াইয়ে হারিয়ে দিয়েছেন মেসি-রোনালদোর মতো মহা তারকাদেরও। ২০১১-১২ কোপা ডেল রের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই।এখন পর্যন্ত কাপে সাত গোল তাঁর। এর মধ্যে ছয়টিই এসেছে তিন ‘দৈত্য’ বধ করার ম্যাচে। সেগুন্ডা ডিভিশনের দল মিরান্ডেস সেমিফাইনালে উঠে এসেছিল ভিয়ারিয়াল, রেসিং সান্তান্দর আর এসপানিওলের মতো দলকে হারিয়ে। কোপা ডেল রের বর্তমান ফরম্যাটে তৃতীয় বিভাগ পর্যন্ত সেমিফাইনালে আসা মাত্র দ্বিতীয় দল তারা।শেষ পর্যন্ত এই স্বপ্নযাত্রা থেমেছে সেমিফাইনালেই। তার পরও মিরান্ডেসের মতো একটা দলকে এতদূর নিয়ে আসাও তো রূপকথা। ইনফান্তেও তাই রীতিমতো নায়ক। তাঁর সম্পর্কে সংবাদমাধ্যমেরও এখন ভীষণ কৌতূহল। তাঁর গল্পটা শুনতে গিয়েই জানা গেল, এমনও হয়েছে, কাপে অ্যাওয়ে ম্যাচ খেলে সারা রাত গাড়ি চালিয়ে ভোরে ফিরেছেন নিজের শহরে। সকালে অফিস ধরবেন বলে!ক্লাবের বার্ষিক বাজেট ১২ লাখ ইউরোর মতো। এখনকার অনেক ফুটবলারের এক মাসের আয়ও এর চেয়ে বেশি। ক্লাব থেকে বেতন বলতে গেলে মেলেই না। তবে টাকাই শেষ কথা নয়। ভালোবাসাটাই আসল। ইনফান্তেরা খেলে যান সেই ভালোবাসার টানে। হূদয়ের গভীরে ভালোবাসা প্রোথিত থাকলে স্বপ্নবিলাসী হওয়া যায়। আর কে না জানে, মানুষ তার আশার সমান বড়!নামেও আসে যায়!পুরোনো ক্ষত থেকে যেন আবার শুরু হয়েছে রক্তক্ষরণ। ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি আসলে ভুলতে পারছে না দুই পক্ষই। আবার নতুন করে এ নিয়ে শুরু হয়ে গেছে টানাপোড়েন। আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে নালিশ করতে চাইছে জাতিসংঘের কাছে। ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে এই বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার কারণ, ফকল্যান্ড যুদ্ধের ৩০ বছর পূর্তিও আসন্ন।বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। তবে সেটা শেষ পর্যন্ত খেলার পাতাতেও আসে। বড় কারণ তো অবশ্যই ১৯৮৬ বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল। একই ম্যাচে ফুটবলের ইতিহাসে সবচেয়ে আলোচিত দুটো গোলের জন্ম দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। প্রথমে করেছিলেন তাঁর সেই বহুল আলোচিত হ্যান্ড অব গড, এরপর মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় করা গোল অব দ্য সেঞ্চুরি।ইংল্যান্ডকে দেশের বিমান ধরিয়ে দিয়েও যেন পুরো সুখ পাননি। সেদিন ম্যাচ শেষে ম্যারাডোনা এই জয় উৎসর্গ করেছিলেন ফকল্যান্ড যুদ্ধে নিহত আর্জেন্টাইন সৈনিকদের। বলেছেন, তাঁদের হয়েই একটা পাল্টা প্রতিশোধ নিলেন!ম্যারাডোনা এখন আর আর্জেন্টাইন ফুটবলে নেই। তবে সেই আবেগটা ঠিকই আছে। আর এ কারণে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগের নামকরণ করা হয়েছে ফকল্যান্ড যুদ্ধে ডুবে যাওয়া এক যুদ্ধজাহাজের নামে। পরশু থেকে শুরু হওয়া এই লিগের নাম এখন ক্রুসেরো জেনারেল বেলগ্রানো প্রিমেরা ডিভিশন।১৯৮২ সালে রয়্যাল নেভির সাবমেরিন এইচএমএস কনকুয়েরের আঘাতে এই জাহাজ তলিয়ে যায় সমুদ্রে। ৩২৩ জন নাবিকের সলিলসমাধি ঘটে। পুরো যুদ্ধে আর্জেন্টিনার যত মানুষ নিহত হয়েছিল, এর অর্ধেকই মারা গেছে এই এক আঘাতেই। এর পরই আর্জেন্টিনার কাছ থেকে ফকল্যান্ড দ্বীপের দখল ব্রিটিশরা ছিনিয়ে নিতে সক্ষম হয়। তারিখটা ছিল ১৯৮২ সালের ২ এপ্রিল। রাজীব হাসান