শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উডস এখনোটাইগার উডস? এখনো এক নম্বর!তাঁর দুঃসময়ের বৃত্তে নাগরদোলার চক্কর চলছে অনেক দিনই হলো। ব্যক্তি জীবনের পতনের প্রতিচ্ছবি খেলাতেও। গত ১৮ মাসে কোনো ট্রফিই জেতেননি টাইগার উডস। ব্যক্তিগত সম্পত্তি হয়ে যাওয়া গলফ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও হারিয়েছেন। ১৯৯৭ সালের পর এই প্রথম তাঁর অবস্থান গিয়ে পৌঁছাচ্ছে ১১-তে। কিন্তু ফোর্বস সাময়িকী বলছে, এখনো ক্রীড়াবিশ্বের শীর্ষ তারকা তিনিই। ফোর্বস-এর বার্ষিক ‘সেলেব্রিটি ১০০’-এর তালিকার ছয়ে আছেন এই মার্কিন গলফ কিংবদন্তি। বিনোদন-বাণিজ্যের তারকাদের নিয়ে গড়া এই তালিকায় আছেন ১৯ জন খেলোয়াড়। তাদের শীর্ষে উডস।গত বছর অবশ্য ১০০ জনের তালিকায় উডসের অবস্থান ছিল পাঁচে। সেদিক দিয়ে এক ধাপ অবনমন। কিন্তু যে বিপর্যয়ের কণ্টকাকীর্ণ পথে হাঁটলেন, এরপর ‘ছয়’ তো তাঁর জন্য অনেক বড় পাওয়া।তালিকায় রজার ফেদেরারের অবস্থান সব মিলে ২৫তম, খেলোয়াড়দের মধ্যে চতুর্থ। ডেভিড বেকহাম আছেন ৩৫-এ। এরপর আছেন ক্রিস্টিয়ানো রোনালদো (৪৩), রাফায়েল নাদাল (৪৬), লিওনেল মেসি (৬২), মারিয়া শারাপোভা (৮০), সেরেনা উইলিয়ামস (৮৪), ভেনাস উইলিয়ামস (৮৬)।এদিকে স্পোর্টসপ্রো নামের আরেকটি সাময়িকী দিচ্ছে ভারতের জন্য সুসংবাদ। সুসংবাদটি আসলে মহেন্দ্র সিং ধোনির জন্য। বাণিজ্যিক প্রচারণায় ক্রীড়াঙ্গনের তারকাদের কার অবস্থান কেমন—এ নিয়ে একটা জরিপ চালিয়েছে তারা। ‘মার্কেটেবল স্পোর্টস পারসন’-এর তালিকায় সেরা দশের মধ্যে উঠে এসেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ধোনির জন্য এটি এ কারণেই সুখবর, সেরা দশে ঠাঁই পাননি রাফায়েল নাদাল আর কোবি ব্রায়ান্টের মতো ‘বিত্তশালী’ তারকারাও।উড়ছে ডাচ পতাকাআয়তন মাত্র ৪১ হাজার ৮৪৮ বর্গকিলোমিটার। জনসংখ্যাও মাত্র দেড় কোটি। ইউরোপের ছোট্ট দেশ হল্যান্ড থেকেই কিন্তু উঠে এসেছেন বড় মাপের সব ফুটবলার। এসেছেন ইয়োহান ক্রুইফ, ফুটবলের মানচিত্রই পাল্টে দিয়েছিলেন যিনি। এসেছেন নিজের সময়ের সেরা ফুটবলার মার্কো ফন বাস্তেন। এসেছেন রুড খুলিত, ফ্রাঙ্ক রাইকার্ড, এডগার ডাভিডসরা। তাঁদের উত্তরসূরি হয়ে এসেছেন রুড ফন নিস্টলরয়, ওয়েসলি স্নাইডার, আরিয়েন রোবেনরা। রোবেন-স্নাইডারদের উত্তরসূরিরাও আসছে!সম্প্রতি অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতল হল্যান্ডের যুবদল। জার্মানিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে নিল ২০০৯ আসরের প্রতিশোধ, যেবার এই জার্মানিই ৯৭ মিনিটে গোল করে জিতে নিয়েছিল শিরোপা। যুব-পর্যায়ে শিরোপা জেতা মানেই ভবিষ্যতের নিশ্চয়তা নয়। পর্তুগাল, সুইজারল্যান্ড, তুরস্ক, রাশিয়াও প্রায়ই অনূর্ধ্ব-১৭ ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। কিন্তু সেই সাফল্য অনূদিত হয়নি বড়দের আসরে। ব্যতিক্রমও আছে। স্পেন আর জার্মানির যুবদলের তারকারাই ২০১০ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ঠিকই, তার পরও জার্মানিই সবচেয়ে জোরে গেয়েছে তারুণ্যের জয়গান। ডাচ যুবদলের কোচ অ্যালবার্ট স্টুইভেনবার্গ বলছিলেন তাঁদের আশার কথা, ‘এই টুর্নামেন্টে আমাদের মূল লক্ষ্য কিশোর ফুটবলারদের উন্নতি। তারা যেন সঠিক পথে এগোতে পারে, সেই পথটা নির্মাণ করে দেওয়া। আমার এই দলে অনেক প্রতিভা। কিন্তু এদের কতজন সিনিয়র দলে গিয়েও আলো ছড়াবে, তা বলা মুশকিল। কিন্তু সব যাত্রাই শুরু হয় প্রথম পদক্ষেপ থেকেই। এটা আমাদের জন্য প্রথম পদক্ষেপ। এ কারণেই এটা গুরুত্বপূর্ণ।’‘টোটাল ফুটবলে’র আবিষ্কর্তার দেশ ফুটবলে অনেক কিছুই দিয়েছে। বিনিময়ে পায়নি খুব বেশি কিছু। তিন তিনবার ফাইনালে গিয়েও শিরোপা জিততে না পারা ফুটবলের জন্যই একটা প্রহেলিকা হয়ে আছে। কে জানে, এই তরুণেরাই ভবিষ্যতে বের করে ফেলবে কিনা সেই ধাঁধার উত্তর।জোকোভিচ ছুটছেনইতাঁর ডাকনামগুলোর একটি ‘জোক’ওভিচ। কৌতুকপ্রিয় নোভাক জোকোভিচ এখন ভীষণ সিরিয়াস। অমরত্বের হাতছানি যে তাঁর সামনে!একটি করে ম্যাচ জিতছেন, সার্বিয়ান এই টেনিস তারকার সমর্থকেরা টালি খাতায় দাগ দিচ্ছে। হিসাব কষছে। সেই হিসাব কষতে কষতে মৌসুমে এখন পর্যন্ত টানা ৩৭ ম্যাচ ধরে অপরাজিত। জোকোভিচের সামনে এখন কিংবদন্তি জন ম্যাকেনরোর ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। আজ থেকে শুরু ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারলে ম্যাকেনরোর রেকর্ডটা ছাপিয়ে যাবেন। জোকোভিচের সামনে তখন স্থির হবে নতুন লক্ষ্য। মৌসুমের শুরু থেকে টানা অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডটি গিলের্মো ভিয়াসের। আর্জেন্টিনার এই সাবেক তারকা ১৯৭৭ সালে অপরাজিত ছিলেন টানা ৪৬ ম্যাচে। ভিয়াসের রেকর্ডটি ভাঙতে হলে ফ্রেঞ্চ ওপেন জিততেই হবে। রাফায়েল নাদালকে সাম্প্রতিক সময়ে চারবার হারিয়েছেন বটে, কিন্তু ফ্রেঞ্চ ওপেনের সঙ্গে নাদালের মিত্রতার রেকর্ড আছে বলেই জোকোভিচের জন্য কাজটা অনেক কঠিন। তবে যে ফর্মে আছেন, ম্যাকেনরোর রেকর্ডটি তো ভাঙা খুবই সম্ভব।খোদ ম্যাকেনরোর কাছ থেকেই বড় সমর্থনটা পাচ্ছেন। ম্যাকেনরো তো এমনও মন্তব্য করলেন, জোকোভিচের অর্জন তাঁর চেয়ে অনেক বড়, ‘এখন টেনিসে আগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে। অনেক বেশি শারীরিক দক্ষতা চলে এসেছে, মানও আগের চেয়ে অনেক বেশি। তাই ওর রেকর্ড আমারটির চেয়ে বেশি মুগ্ধকর তো অবশ্যই। তা ছাড়া আমি যে বছর রেকর্ড গড়ি, সেবার অস্ট্রেলিয়ান ওপেন হয়েছিল বছরের শেষে। ফলে সত্যিকারের বড় চ্যালেঞ্জের মুখে আমি পড়েছিলাম ফ্রেঞ্চ ওপেনে। আর সেখানে এসেই তো আমার অপরাজিত থাকায় ছেদ ঘটল।’