শেষের আগে
ডার্সির ‘ফেরা’২০০৮ বেইজিং অলিম্পিকে রেকর্ড ভাঙবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু অলিম্পিকের মাত্র কদিন আগে সিডনির এক পানশালায় নিক ডার্সি ভাঙলেন সতীর্থ সাঁতারু সাইমন কাউলির চোয়াল, অক্ষিকোটর আর নাক! সঙ্গে সঙ্গেই অলিম্পিক দল থেকে নাম কাটা গিয়েছিল। মামলা গড়িয়েছিল আদালতেও। ১৪ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয় ডার্সিকে। কাউলিকে ১ লাখ ৮০ হাজার অস্ট্রেলীয় ডলার (দেড় কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছিলেন বিচারক। কিন্তু নিজেকে দেউলিয়া ঘোষণা করে এই টাকা পরিশোধে অক্ষমতার কথা জানান এই সাঁতারু।আগামী লন্ডন অলিম্পিকের বাছাইপর্বে ডার্সিকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, এ নিয়ে একটা সংশয় ছিল। অবশেষে সুইমিং অস্ট্রেলিয়া লিমিটেড (এসএএল) অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটিকে (এওসি) সবুজ সংকেত দিয়েছে। বাছাইপর্ব উতরাতে পারলে ২০০ মিটার বাটারফ্লাই স্পেশালিস্ট ডার্সি ঠাঁই পাবেন ২০১২ লন্ডন অলিম্পিকগামী অস্ট্রেলীয় সাঁতার দলে। বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার সাঁতার দলের বাছাই।‘নিক ডার্সির দেউলিয়াত্ব বিবেচনা করে এসএএল তাঁকে ছাড়পত্র দিয়েছে এবং দলের সদস্যপদ যেন প্রত্যাহার না করে এ জন্য এওসিকে পরামর্শ দেওয়া হয়েছে’—২৪ বছর বয়সী এই সাঁতারুর জন্য সুসংবাদটি শুনিয়েছেন লন্ডন অলিম্পিকের জন্য নিযুক্ত অস্ট্রেলিয়ার সেফ দ্য মিশন নিক গ্রিন। ধারণা করা হচ্ছে, তাঁর প্রতি সদয় হওয়ার পেছনে আছে এ বছর ডার্সির দুর্দান্ত ফর্ম। ২০০ মিটার বাটারফ্লাইয়ে এ বছরের সেরা টাইমিংটি (১ মিনিট ৫৬.৯০ সেকেন্ড) তাঁরই।ট্রিবিউট টু টেন্ডুলকারকেউ বলছেন, এডমন্ড হিলারি হয়ে যেন পা রাখলেন এভারেস্টের চূড়ায়। কেউ কেউ বলছেন, হিলারি নন, তিনি যেন নিল আর্মস্ট্রং। প্রথম পা রাখলেন চাঁদের মাটিতে। ক্রিকেট ইতিহাসের আরও অনেক অসূর্যম্পশ্যা রেকর্ডকে আলোতে আনার মতো শচীন টেন্ডুলকার গড়লেন আরেক কীর্তি। সেঞ্চুরির সেঞ্চুরি! শেষের আগের এই বিভাগের পক্ষ থেকেও টেন্ডুলকারকে ‘ট্রিবিউট’ আমরা দিতেই পারি!টেন্ডুলকার সম্পর্কে অজানা তথ্য আর একটিও বুঝি বাকি নেই। তার পরও তুলনামূলক কম জানা তথ্যগুলো এই বেলা জেনে নিন। শৈশবে গুরুর আচরেকারের নেটে একবারও আউট না হলে পুরো সেশন ব্যাটিং করলে একটি করে কয়েন পেতেন। এ তো জানেনই। মোট কয়টি মুদ্রা পেয়েছিলেন, জানেন? ১৩টি! ভারতের তিন শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি আর দিলীপ ট্রফি। তিনটি প্রতিযোগিতায়ই অভিষেকে সেঞ্চুরি করার একমাত্র কীর্তি তাঁর! ১৯৮৭ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বলবয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ১৪ বছর বয়সী টেন্ডুলকার। এর দুই বছর পরেই অভিষেক তাঁর। নয়াদিল্লির তাহির জেলের একটি ওয়ার্ডের নামকরণ করা হয়েছে টেন্ডুলকারের নামে। বিমান চালনার ওপর কোনো ধারণাই তাঁর নেই। তার পরও ভারতীয় বিমানবাহিনীর সাম্মানিক একটি পদ আছে তাঁর।আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় আম্পায়ার কর্তৃক আউট হওয়া প্রথম ব্যাটসম্যানটিও তিনি! ২০০১ সালের সেই ঐতিহাসিক কলকাতা টেস্টে সবাই ভিভিএস লক্ষ্মণের ২৮১ রানের ইনিংসটার কথা বলে। অনেকে রাহুল দ্রাবিড়ের ১৮০ রানের ইনিংসটার কথাও বলেন। বেশির ভাগই ভুলে গেছেন ‘বোলার’ টেন্ডুলকারের কথা—দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লাইনআপে ধস এনে দিয়েছিলেন তিনিই। এর মধ্যে দুটো ছিল ম্যাথু হেইডেন আর অ্যাডাম গিলক্রিস্টের মতো দুটো গুরুত্বপূর্ণ উইকেট। কুর্নিকোভার ডালিনতুন কুর্নিকোভা। এটা এখন আর কোনো প্রশংসা নয়, একটা অপবাদ। একটা অভিশাপের তিলক। সাধারণত টেনিসে রোদজ্বলা কোনো সুন্দরী খেলোয়াড় এলেই কেউ কেউ তাঁকে দিয়ে দেন এই তকমা। কিন্তু ‘নতুন কুর্নিকোভা’ উপাধিটা সর্বশেষ যিনি পেলেন, মেয়ে তো তিনিই ননই, টেনিস খেলোয়াড়ও নন। ব্রিটিশ ডাইভার টম ডালিকে তাঁরই কোচ বলছেন, ডালি ধীরে ধীরে কুর্নিকোভার পথেই এগোচ্ছেন!চার বছর আগে মাত্র ১৪ বছর বয়সে ব্রিটেনের অলিম্পিক দলের হয়ে বেইজিংয়ে গিয়েছিলেন ডালি। দলের সর্বকনিষ্ঠ সদস্যটিকে নিয়ে ব্রিটিশ মিডিয়ার তখন থেকেই সে কী উন্মাদনা। ১০ মিটার প্লাটফর্মে ২০০৮-এ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০০৯-এ জিতলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২০১০-এ কমনওয়েলথ গেমসে জিতলেন জোড়া সোনা। ফলে তাঁকে নিয়ে মিডিয়ার উন্মাদনা বেড়েছে বই কমেনি। আর এখানেই ভয় দলের পারফরম্যান্স ডিরেক্টর, রাশান কোচ অ্যালেক্সই এভানগুলভের, ‘এটা আমাকে কুর্নিকোভার কথা মনে করিয়ে দেয়। কুর্নিকোভা খুব সুন্দরী ছিল দেখতে, শুরুটাও করেছিল বেশ সম্ভাবনাময়। কিন্তু সংবাদমাধ্যমের বাড়াবাড়িতে ও নিজের সেরাটায় পৌঁছাতেই পারেনি। ও এখনো তারকা সংবাদে ঠাঁই পায়। কিন্তু নিজের সম্ভাবনার পুরোটা বিকশিত করতে না পারার আক্ষেপও আছে।’ডালিকে নিয়ে এভাবে শোরগোল চলতে থাকলে কুর্নিকোভার পরিণতিই বরণ করে নিতে হবে বলে সতর্কবার্তা এভানগুলভের। কিন্তু তাঁর হতাশা, ‘আমি ক্ষুব্ধ, কারণ এ ব্যাপারে কেউ আমার কথা কানেই তুলছে না।’ শেষ পর্যন্ত সাঁতার পুলই আসল, মিডিয়ার আলোর ঝলকানি সব মায়া, বিভ্রান্তি। ডালির প্রতি তাই তাঁর পরামর্শ, ‘মিডিয়ার সঙ্গে মাখামাখি ওকে বন্ধ করতেই হবে।’ ডালি শুনবেন তো! রাজীব হাসান