শেষের আগে
লেভেরকের ভাতিজাব্যাট হাতে মাত্র ১০ রান, বল হাতে ২ উইকেট। ২০০৭ বিশ্বকাপে এই পারফরম্যান্স করেও অনেকের মনের মধ্যে গেঁথে আছে তাঁর ছবি দুটো কারণে। তাঁর দৈত্যের মতো দশাসই চেহারা এবং ওই শরীর নিয়েও দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে নেওয়া রবিন উথাপ্পার ক্যাচ। ঠিকই ধরেছেন, ডোয়াইন লেভেরকের কথাই হচ্ছিল এতক্ষণ। তিন বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলা লেভেরক দৃশ্যপটে আর নেই। তবে লেভেরক পরিবারের প্রতিনিধিত্ব ঠিকই থাকল বারমুডার ক্রিকেটে। সেই পতাকা এখন কামাউয়ের কাঁধে।২৪ মার্চ সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। তাতে বারমুডার হয়ে খেলেছেন কামাউ। নিজে খুব একটা ভালো করতে পারেননি। তাঁর দলও। তার পরও স্রেফ লেভেরকের ভাতিজা এই পরিচয়ের কারণে সাংবাদিকদের নজর কাড়লেন! ভাস্তের শরীর-স্বাস্থ্য অবশ্য একদমই চাচার মতো নয়। চাচার তুলনায় বলা যায় তালপাতার সেপাই!কামাউ নিজেও ‘চাচার মতো’ হতে চান না। চাচারা ক্রিকেট খেলেছেন শখের বশে। কিন্তু কামাউদের প্রজন্ম ক্রিকেট নিয়ে ‘সিরিয়াস’। আপাতত অবশ্য একদিক দিয়ে চাচার পদাঙ্ক অনুসরণ করতে চান ১৭ বছর বয়সী কামাউ, ‘আমি আবারও বারমুডাকে বিশ্বকাপে নিয়ে যেতে চাই।’ সাংবাদিকদের সেই লক্ষ্যের কথাই শুনিয়েছেন।চাচার আরেকটি অবদান আছে তাঁর ক্যারিয়ারে। ২০০৭ বিশ্বকাপের সময় ১৩ বছর বয়সী এই কিশোর কামাউ দারুণ উজ্জীবিত হয়েছিলেন নিজের দেশকে বিশ্বকাপে খেলতে দেখে। তখনই ঠিক করেছিলেন, বড় হয়ে ক্রিকেটারই হবেন।টুইটারের সেরেনার্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা হারিয়েছেন ২০০৯ সালে। সেরা দশের ঠিক বাইরে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মারছেন এখন। তবে টুইটারে সবচেয়ে সক্রিয় টেনিস তারকাদের একটা র্যাঙ্কিং যদি করা হয়, নিঃসন্দেহে এক নম্বরে থাকবেন সেরেনা উইলিয়ামস। তারকাদের বাস এখন আর দূর আকাশে নয়। টুইটার-ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের সাইটগুলো তারকাদের নিয়ে এসেছে কি-বোর্ড ছোঁয়ার দূরত্বে। সেরেনার মতো কোনো কোনো তারকা সেখানেই অক্লান্তভাবে ভক্তদের কৌতূহলের খোরাক মিটিয়ে চলেছেন।মিয়ামিতে তিনি খেলবেন কি না, সেই তথ্য থেকে শুরু করে তাঁর স্বাস্থ্য, মেজাজ-মর্জি সবকিছুর খবর পাওয়ার একটা ভালো মাধ্যম হয়ে উঠেছে সেরেনার টুইট। কখন কোথায় আছেন, সেটাও জানা যাচ্ছে টুইটার থেকে। ইন্দোনেশিয়ায় গিয়ে বার্তা দিচ্ছেন, ‘হ্যালো বন্ধুরা, তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা।’ মস্কোতে গিয়ে লিখছেন, ‘লাভ মস্কো! কী সুন্দর, কী চমৎকার একটা শহর!’টুইটারেই আমরা জানতে পারছি, সেরেনা কফি পান করা বাদ দিয়েছেন। প্রিয় গায়ক কমন। পছন্দের ব্যাগ হলো হ্যালো কিটি। বলিউডের নাচে-গানে ভরপুর কিছু ছবি দেখতে চান। প্রিয় নেলপলিশ ওপি জেলস। তাঁর গোপন প্রতিভা লুকিয়ে আছে নাচে। শিগগিরই একটা সিনেমায় অভিনয় করতে চান। তবে সেরেনা বুকডন দিতে পছন্দ করেন না।জানতে চাওয়া হয়েছিল, তাঁর গানের ভিডিও ছাড়া হচ্ছে কবে? সেরেনার টুইট, ‘যেমন গাই, আশা করি, কোনো দিনই যেন তা বের না হয়!’ সেরেনার প্রিয় উক্তি? ‘যদি তুমি ফার্স্ট না হতে পারো, জানবে তুমি আসলে লাস্ট।’ প্রিয় শহর? ‘এটা তো গোপন কিছু নয়, আমি প্যারিস সবচেয়ে ভালোবাসি।’ কবে বিয়ে করছেন? সেরেনার উত্তর: ‘তোমার আগে!’ রাজীব হাসান