শেষের আগে
তবুও ম্যারাডোনা!কোচ ছাঁটাইয়ের ব্যাপারে আরব শেখদের বেশ ‘সুনাম’ আছে। আরব আমিরাত লিগে যেমন এরই মধ্যে ১২ দলের মধ্যে ছয় কোচই ছাঁটাই হয়েছেন। ক্লাবমালিকদের ধৈর্য এ ব্যাপারে খুবই কম। কিন্তু কী আশ্চর্য, ডিয়েগো ম্যারাডোনার বেলায় আল ওয়াসলের মালিক যেন ধৈর্যের অটল এক প্রতিমূর্তি। দল ব্যর্থ হচ্ছে, ম্যারাডোনা মাঠের বাইরে স্বভাবসুলভ ভঙ্গিতে একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন; তার পরও বলা হচ্ছে, ‘ম্যারাডোনাতেই আমাদের আস্থা।’কেন? কারণটা কি শুধুই আর্জেন্টাইন কিংবদন্তির ওপর মুগ্ধতা? সাদা চোখে দেখলে তেমনটাই মনে হয়। কিন্তু ভেতরের হিসাবটা একেবারেই অন্য রকম। ম্যারাডোনা মাঠে যত ব্যর্থই হোন, মাঠের বাইরের অন্য ‘খেলা’য় তিনি ততটাই সফল। শুধু এই একটা হিসাব দেখুন—গত মৌসুমে ম্যাচ টিকিট বিক্রি করে আল ওয়াসলের মোট আয় হয়েছিল ৩ লাখ দিরহাম। মৌসুমের মাঝপথেই এবার আয় হয়েছে দ্বিগুণ—৬ লাখ দিরহাম! এটা তো শুধু দর্শকদের কাছ থেকে পাওয়া অর্থ। এর বাইরেও আছে আরও অনেক হিসাব। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাবদে ১ কোটি দিরহাম লাভের নিশ্চয়তা এরই মধ্যে পেয়ে গেছে আল ওয়াসল। সব মিলে মৌসুমের মাঝপথে ওয়াসলের লাভ হয়েছে ২ কোটি ৭০ লাখ দিরহাম!এই লাভের অঙ্কের তথ্য খোদ ওয়াসলের। আরও আছে। ম্যারাডোনা কোচ হয়ে আসার পর দুবাইয়ের অখ্যাত এই ক্লাবটির পরিচিতি ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ২০১১-এর মে থেকে গত মার্চ পর্যন্ত সারা বিশ্বে ডিয়েগো ম্যারাডোনা ও আল ওয়াসলকে নিয়ে ১৪ হাজার ৬৫৭টি লেখা প্রকাশিত হয়েছে। বিবিসি, সিএনএন, স্কাই স্পোর্টস, আল জাজিরার মতো শীর্ষ সংবাদমাধ্যমসহ বিশ্বের ৪৫টি দেশের দুই হাজার ৭৯০টি সংবাদমাধ্যমে ছাপা হয়েছে আল ওয়াসলের খবর। পুরো মুফতে পেয়ে যাওয়া এই কাভারেজ পেতে এমনিতে ওয়াসলকে খরচ করতে হতো ২৭ কোটি দিরহাম। ম্যারাডোনাকে ওয়াসলে আনতে গুনতে হয়েছে ৩ কোটি ৬৭ লাখ দিরহাম। বিনিময়ে ওয়াসলের আর্থিক লাভের অঙ্কটা যোগ-বিয়োগ করেই বের করে ফেলুন না! ঋণের বোঝাফুটবলে এখন চলছে স্প্যানিশ সাম্রাজ্য। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। জাতীয় দল থেকে ক্লাবের লড়াইয়ে আসুন। চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ—দুটো প্রধান শিরোপাই স্পেনের। এবারও চ্যাম্পিয়নস লিগের শেষ চারের দুই দলই স্প্যানিশ। ইউরোপের দ্বিতীয় প্রধান টুর্নামেন্ট ইউরোপা লিগের শেষ চারের তিনটি দলই স্পেনের।এই সাফল্যের পেছনে আছে অনেক ‘ঋণ’! আক্ষরিক অর্থেই। স্পেনের ক্লাবগুলো বিশাল অঙ্কের আর্থিক দেনায় জর্জরিত। লিগের পয়েন্ট টেবিলের মতো ঋণের তালিকাতেও এগিয়ে আছে রিয়াল। রিয়ালের মোট দেনার পরিমাণ ৫৮ কোটি ৯০ লাখ ইউরো, বার্সেলোনার ৫৭ কোটি ৮০ লাখ। দুই দলেরই আয়ের চেয়ে ঋণের পরিমাণ বেশি। ২০১০-১১ অর্থবছরে এই দুই দলের আয় ছিল যথাক্রমে ৪৭ কোটি ৯০ লাখ ও ৪৫ কোটি ইউরো। ইউরোপা লিগের সেমিতে খেলা দুই দল ভ্যালেন্সিয়া আর অ্যাটলেটিকো মাদ্রিদও বিশাল অঙ্কের দেনায় জর্জরিত। দুই দলের ঋণের পরিমাণ যথাক্রমে ৩৮ কোটি ২০ লাখ ও ৫১ কোটি ৪০ লাখ ইউরো। পুরো স্পেনে যখন অর্থনৈতিক মন্দা, ৫০ লাখেরও বেশি লোক যখন বেকার; সেই সময় শীর্ষ ক্লাবগুলোর কাছে বকেয়া করের পরিমাণও গিয়ে পৌঁছেছে ৭৫ কোটি ২০ লাখ ইউরোতে।স্বাভাবিকভাবেই বিশাল এই দেনার কারণে স্পেনের অধিকাংশ ক্লাবের অর্থনৈতিক ভারসাম্য ভেঙে পড়ার দশা। শীর্ষ ২০ ক্লাবের ছয়টি—রায়ো ভায়োকানো, রেসিং সান্তান্দার, রিয়াল বেতিস, জারাগোজা, গ্রানাডা ও মায়োর্কা—দেউলিয়া হওয়ার পথে। সব মিলে স্প্যানিশ ফুটবলের দেনার পরিমাণ ৩৫০ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটি ৩৭ হাজার ৭৫৭ কোটি টাকারও বেশি! রাজীব হাসান