শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের গ্রাফে উত্থান-পতনটেনিস কোর্টের মতোই তাঁর পারফরম্যান্সের গ্রাফে শেয়ারবাজারের উত্থান-পতন প্রেমের কোর্টেও। প্রেমের খেলাতেও তিনি যথেষ্টই অধারাবাহিক। আনা ইভানোভিচের প্রেমের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া ভীষণই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই কালো মেঘ তো এই শরতের নির্মেঘ আকাশ! গলফার অ্যাডাম স্কটের সঙ্গে আবার ছাড়াছাড়ি হয়ে গেল এই টেনিস তারকার। দুজনেই বিবৃতি দিয়ে জানিয়েছেন, দুজনার পথ দুটি দিকে গেছে বেঁকে। তবে দুই পথের আবারও একই রেখায় মিলন হলে চমকে উঠবেন না। কয়েক বছর ধরে এটাই চলছে। ২০১০ সালের ডিসেম্বরে স্কট সংবাদমাধ্যমকে জানালেন, দুজনের পক্ষে এক ছাতার নিচে থাকা সম্ভব হচ্ছে না, ‘এটা সত্যিই খুব হতাশার, আমি আর আনা আর একসঙ্গে থাকছি না। আসলে আমরা দুজনেই নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। ভিন্ন দুটি খেলার সঙ্গে জড়িয়ে আছি বলেই একসঙ্গে থাকাটা খুব কঠিন। তবে যেটুকু সময় ওর সঙ্গে কাটিয়েছি, সত্যিই তা ছিল আমার জীবনের সেরা মুহূর্ত। ওর সঙ্গ খুবই উপভোগ করেছি। মানুষ হিসেবেও ও অসাধারণ।’ ২০০৮ ফ্রেঞ্চ ওপেনজয়ী ইভানোভিচও এক মাসের মধ্যে বিচ্ছেদের খবর কবুল করে নিলেন, ‘এটা খুবই কঠিন। আমি মনে করি পেশাদার জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন না মেলানোই ভালো।’ ২০১১-এর সেপ্টেম্বরে আবারও শোনা গেল, দুজনের মধ্যে মিটমাট হয়ে গেছে। আবারও একই ছাদের নিচে তাঁরা। ইভানোভিচের খেলা দেখতে গ্যালারিতে চলে এলেন স্কট। ইভানোভিচও স্বীকার করলেন, ‘ওকে এখানে পাশে পেয়ে খুব ভালো লাগছে।’ কিছুদিন পর স্কটও বললেন, ‘আনা আর আমি আমারও প্রেম করছি। সম্পর্কটা ভালোমতো এগিয়ে নেওয়ার একটা উপায় খুঁজে বের করেছি আমরা।’ বেশ চলছিল। এর মধ্যে আবারও খবর এল—বিচ্ছেদ। দেখা যাক, এই বিচ্ছেদ কত দিন টেকে।এল লোকো ওয়ান-টু৯ মে বুখারেস্টে দেখা হয়ে যাচ্ছে পুরোনো দুই গুরু-শিষ্যের। ইউরোপা লিগের ফাইনালে এদিন মুখোমুখি হবে মার্সেলো বিয়েলসার অ্যাথলেটিক বিলবাও আর ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্জেন্টিনার হয়ে খেলা ১০৬টি আন্তর্জাতিক ম্যাচের শেষ ৩০টি সিমিওনে খেলেছিলেন বিয়েলসার অধীনেই। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত যখন জাতীয় দলের কোচ ছিলেন ‘এল লোকো’। এল লোকো মানে পাগল। একটু খেপাটে স্বভাবের বলে আর্জেন্টিনার মানুষ ভালোবেসে এই নামে ডাকে তাঁকে। সিমিওনে অবশ্য বিয়েলসাকে ডাকেন অন্য নামে। বলেন ‘এল পফে’। মানে দ্য প্রফেসর। ‘মার্সেলো, এল পফের সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে। আমাদের দুজনারই দুজনের প্রতি অনেক টান। পুরোনো বন্ধুর সঙ্গে ফাইনাল খেলতে পারাটা হবে দারুণ কিছু। তবে ফাইনালে ওঠা ছিল আমাদের প্রথম লক্ষ্য। আসল লক্ষ্য তো শিরোপা জেতা’—সাবেক শিক্ষককে যে ছাত্র এতটুকু ছাড় দেবেন না, সিমিওনের কথাতেই তা পরিষ্কার। এই দুই আর্জেন্টাইন কোচ এবার দারুণ নজর কেড়েছেন। দুজনের ছোঁয়া পেয়েই যেন পাল্টে গেছে দুটো দল। পেপ গার্দিওলার সৌজন্যে বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়া পাসিং ফুটবলের অন্যতম প্রতিষ্ঠাতা কিন্তু বিয়েলসা। ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ব্যর্থ হলেও গত বিশ্বকাপে দুর্বল চিলিকে নিয়ে গিয়েছিলেন শেষ ১৬তে। কোচ হয়ে আসার পর বিলবাওকে সমীহ জাগানিয়া দল বানিয়েছেন। শুধু ইউরোপা লিগ নয়, স্প্যানিশ কাপের ফাইনালেও তুলেছেন। সিমিওনের জন্য অ্যাটলেটিকোতে ফেরা যেন সাবেক নায়কের দুর্দান্ত প্রত্যাবর্তন। ১৯৯৬ সালে এই ক্লাবের হয়ে খেলার সময় লিগ-কাপের দ্বৈত শিরোপা জিতিয়েছেন। কোচ হিসেবে মাত্রই তাঁর শুরু। তবে ফুটবল যে আরেকটা ‘এল লোকো’ পেয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। ডাগআউটে বিয়েলসার মতোই ছটফটে স্বভাবের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত ম্যাচটায় তো ডাগআউট ছেড়ে মাঠেই ঢুকে পড়েছিলেন! ৯ মে তাই শুধু মাঠে নয়, ডাগআউটেও চোখ রাখতে ভুলবেন না!হকেৎসুর তারুণ্যদিনে দিনে মানুষের বয়স বাড়ে। এ তো পুরোনো তথ্য। এবার নতুন তথ্য জেনে নিন। কেউ কেউ আছেন, যাঁদের বয়স কমে! রুপালি পর্দার বেঞ্জামিন বাটন যেমন। বাস্তবেও আছেন। হিরোশি হকেৎসু তাঁদেরই একজন। প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েছিলেন, সেটি ১৯৬৪ সালের ঘটনা। তখন বয়স ছিল ২৩। হকেৎসু ২০১২ লন্ডন অলিম্পিকেও থাকছেন। ঘোড়দৌড়ের এই সওয়ারির বয়স এখন ৭৩। এবারের সবচেয়ে বয়সী অলিম্পিয়ান তিনিই। ১৯২০ অলিম্পিকে রুপা জিতেছিলেন ৭২ বছর বয়সী সুইডিশ শ্যুটার ওস্কার শোয়ান। হকেৎসুও প্রস্তুত বুড়ো হাড়ের ভেলকি দেখাতে। কারণ নিজেকে এখনো তরুণই মনে করেন এই জাপানি! ‘আমি জানি না ৭১ বছর বয়সে কেমন অনুভব করা উচিত। তবে শারীরিকভাবে এখনো তেমনটাই অনুভব করি, যেমনটা করতাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়’—মিষ্টি হেসে বলেছেন এই ‘তরুণ’। শুধু কথায় নয়, দেখতেও শক্তপোক্ত যথেষ্ট। কিন্তু কী রহস্য তাঁর যৌবনকে কৌটোর মধ্যে আটকে ফেলার? ‘কোনো বিশেষ রহস্য নেই। রোজ সকাল সাতটায় উঠি। আগে অবশ্য পাঁচটায় উঠতাম, এরপর ঘোড়ার পিঠে চেপে খানিকক্ষণ অনুশীলন করে বাসায় ফিরতাম। তৈরি হয়ে অফিসে। এটাই করেছি ৩০ বছর। এখন অবসর নিয়েছি। সাতটায় ওঠার বিলাসিতা দেখাতেই পারি।’ এবারের অলিম্পিকই তাঁর জন্য শেষ আসর। এরপর লম্বা ছুটি! রাজীব হাসান