শেষের আগে
কোনের বর!প্রতি স্ট্রাইকারই ফুটবল দেবতার কাছে হাঁটু গেড়ে নিমগ্ন প্রার্থনা করেন, ‘প্রভু, গোল দাও মোরে গোল দাও।’ অরুনা কোনেও ব্যতিক্রম নন। তবে ব্যতিক্রম হবে তাঁর আগামী কিছুদিনের প্রার্থনা, ‘প্রভু, গোল দিয়ো না!’ আর একটা গোল করলেই যে বিপদে পড়ে যাবেন লেভান্তের এই আইভরিয়ান স্ট্রাইকার!এই মৌসুমে লেভান্তের হয়ে খেললেও কোনের আসল ঠিকানা সেভিয়া। ধারে খেলতে এসেছেন এই মৌসুমে। আর লেভান্তের জার্সি গায়ে চড়ানোর পর থেকেই যেন শুয়োপোকা থেকে হয়ে গেছেন প্রজাপতি! সেভিয়ার হয়ে ৪৯ ম্যাচ খেলে গোল করেছিলেন মাত্র দুটি। খুবই স্বাভাবিক, প্রথম একাদশে জায়গা পেতেন সামান্যই। বদলি হিসেবেও সুযোগ মিলত কালেভদ্রে। এমন খেলোয়াড়কে বসিয়ে রেখে বেতন না দিয়ে অন্য ক্লাবে পাঠিয়ে দেওয়াই ভালো। সেটাই করেছিল সেভিয়া। লেভান্তের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল, ১৮টি গোল করলেই আবার সেভিয়ায় ফিরে আসবেন কোনে। ক্লাব কর্তারা হয়তো ভেবেছিলেন, এই ১৮ গোল করতে না জানি কয় বছর খেলতে হয় তাঁকে!কিন্তু কী আশ্চর্য, এই মৌসুমে লেভান্তের হয়ে এখন পর্যন্ত ১৭টি গোল করে ফেলেছেন কোনে। এখন তাঁর বিপদটা হলো, আর একটা গোল করলেই সেভিয়ায় ফিরতে হবে। নিজের আসল ক্লাবে ফেরার মোটেও কোনো ইচ্ছা তাঁর নেই। লেভান্তেই থেকে যেতে চান। কিন্তু আর একটা গোল যদি হয়ে যায়!এখানেই কোনের জন্য বর হয়ে এসেছে গত শনিবার ম্যাচে দেখা হলুদ কার্ড। গ্রেনাডার বিপক্ষে জেতা ম্যাচটায় নিজের ১৭তম গোলটা করে উল্লাসের চোটে জার্সি খুলে ফেলেছিলেন। দেখতে হয়েছে হলুদ কার্ড। আজকের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। লা লিগায় অবশ্য আরও একটা ম্যাচ বাকি। ওই ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়া কোনে হয়তো শেষ ম্যাচটাও খেলবেন না।কে জানে, এই হলুদ কার্ড ইচ্ছাকৃত কি না, কে জানে ওই খুঁড়িয়ে হাঁটাও অভিনয় কি না! কী উপায়?টাইম মেশিন জিনিসটা পেলেই সবচেয়ে ভালো হতো। এই মুহূর্তে চোখের পলকে আলোর চেয়ে বেশি গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পন্থাটাই খুঁজছেন পোলিশ ফুটবল কর্তৃপক্ষ। পোলিশ ফুটবল লিগ আজ শেষ অঙ্কের নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। আক্ষরিক অর্থেই সেটিকে রোমাঞ্চ আর সাসপেন্সে ভরপুর একটি নাটক বলতে পারেন। লিগের শেষ দিনেও নিশ্চিত নয় ট্রফি উঠতে যাচ্ছে কাদের হাতে। সে তো অনেক লিগেই হয়। তবে পোলিশ লিগে বাড়তি রং চড়িয়েছে এই তথ্য, শেষ দিনে আজ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বুকে এঁকে মাঠে নামবে চার-চারটি দল!সমস্যা বাধে এখানেই। চ্যাম্পিয়ন হওয়ার পর ওই দলের কাছে ট্রফি তুলে দেওয়া হয় ম্যাচ শেষেই। সেই ট্রফি নিয়ে চলে উৎসব। এখন পোলিশ ফুটবল কর্তৃপক্ষ ঠাওর করে উঠতে পারছে না, ট্রফিটা নিয়ে যাওয়া হবে কোন শহরে? স্লাস্ক রোক্ল বর্তমানে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। রাচ চোরজোর পয়েন্ট ৫২। ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেচ। এমনকি ৫০ পয়েন্ট নিয়ে চারে থাকা লেজিয়া ওয়ারশরও সম্ভাবনা আছে গোল ব্যবধানে শিরোপা জেতার! এখন শিরোপার উদ্যাপন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হবে কোথায়? উপায় একটাই ছিল। সেই পথেই হেঁটেছেন শীর্ষ লিগ এক্সত্রাক্লাসা কর্তৃপক্ষ। চারটি শহরেই নেওয়া হয়েছে প্রস্তুতি। ‘আমরা যেকোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত আছি। আসলে এক্সত্রাক্লাসা চালুর পর থেকে কখনোই এই পরিস্থিতিতে পড়তে হয়নি। এটা সত্যিই অভূতপূর্ব’—জানিয়েছেন লিগ মুখপাত্র আদ্রিয়ান স্কুবিস।বায়োলজিক্যাল পাসপোর্টইতিহাস গড়লেন হেল্ডার ওরনেলাস। অ্যাথলেটিকের ইতিহাসে অন্তত একটি ক্ষেত্রে প্রথম দৃষ্টান্ত স্থাপন করার ‘কৃতিত্ব’ থাকবে তাঁরই নামের পাশে। পর্তুগালের দূরপাল্লার এই দৌড়বিদ অবশ্য এমন ইতিহাস না হলেই খুশি হতেন বেশি। ওরনেলাস যে ‘অ্যাথলেট বায়োলজিক্যাল পাসপোর্ট’ প্রক্রিয়ার অধীনে প্রথম খেলোয়াড় হিসেবে ধরা পড়ে নিষিদ্ধ হলেন চার বছরের জন্য।দিন যত যাচ্ছে, অ্যাথলেটিকসে ততই বাড়ছে প্রযুক্তির প্রভাব। খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়ানোর জন্য নানা প্রযুক্তির পাশাপাশি এসেছে হরেক রকমের ড্রাগও। সেই ড্রাগ যেন ডোপ টেস্টে ধরা না পড়ে, সে জন্যও কত কারিকুরি। তবে অ্যাথলেটিকস থেকে ডোপিং সমূলে উৎখাত করতে বদ্ধপরিকর আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। বেশ কিছুদিন থেকে অ্যাথলেটদের ডোপিং পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণের জন্য চালু করা হয়েছে অ্যাথলেট বায়োলজিক্যাল পাসপোর্ট।এই পদ্ধতিতে বিভিন্ন সময়ে দেওয়া অ্যাথলেটদের ডোপ টেস্টের নমুনা কম্পিউটারে হালনাগাদ করা হয়। সেখানে আগে থেকেই দেওয়া থাকে খেলোয়াড়ের শরীরের স্বাভাবিক মাত্রার নমুনাও। যখন রক্ত বা মূত্রে নির্দিষ্ট মাত্রার বেশি কোনো ফল পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তা জানা যায় এই প্রক্রিয়ায়। গত বছর মে মাসে যেমন কম্পিউটার প্রথম বার্তা দিয়েছিল, ওরনেলাসের শরীরে কোনো একটি ড্রাগের উপস্থিতি আছে। সঙ্গে সঙ্গে তাঁকে আরও কিছু পরীক্ষার মুখোমুখি করা হয়। প্রমাণিত হয়, অবৈধ ড্রাগ নিচ্ছেন এই ৩৮ বছর বয়সী। সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। আইএএএফ প্রেসিডেন্ট লামাইন ডিয়াগ প্রতারকদের উদ্দেশে এই সতর্কবার্তা দিচ্ছেন, ‘অ্যাথলেটিকস বিশ্বে যারা প্রতারণা করতে চায়, তাদের কাছে এই সতর্কবার্তা পৌঁছে গেল, অ্যাথলেট বায়োলজিক্যাল পাসপোর্ট এখন স্রেফ একটা ধারণা নয়; কার্যকর পদ্ধতিও।’ রাজীব হাসান