শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটসিং!কার্টিস উডহাউসের কাছে ফুটবল এবং বক্সিং দুটোই একই জাতের খেলা! ফুটবলের মতোই বক্সিংয়েও আছে আক্রমণ এবং রক্ষণ। দুটো জায়গাতেই হতে হয় অটল-অটুট। রক্ষণ ভালো কিন্তু আক্রমণ ভোঁতা হলে যেমন চলবে না, তেমনি আক্রমণ ভালো কিন্তু রক্ষণে ফসকা গেরো—তাতেও সর্বনাশ। ফুটবলের মতো বক্সিংয়েও আছে পাল্টা আক্রমণের নীতি। আছে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে নকআউট করে দেওয়াও।উডহাউসকে যাঁরা চেনেন, তাঁদের কাছে ভদ্রলোকের এই দর্শন মোটেও অবাক করার কিছু নয়। ৩২ বছর বয়সী এই ব্রিটিশ তরুণ প্রথমে ছিলেন পেশাদার ফুটবলার। শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবে মিডফিল্ডারের ভূমিকায় চার বছর খেলেছেন। ১০ লাখ পাউন্ড খরচ করে ২০০১ সালে তাঁকে কিনে নেয় বার্মিংহাম সিটি। ফুটবল খেলতে খেলতে হুট করে ২০০৬ সালে অবসর নিয়ে নেন। নেমে পড়েন বক্সিংয়ে। যদিও পেশাদার বক্সিংয়ে এর আগে কোনো অভিজ্ঞতাই ছিল না তাঁর।ফুটবল ছাড়ার সময় উডহাউস ঘোষণা করেন, ‘ফুটবলের ওপর আমার ভালোবাসাটাই শেষ হয়ে গেছে। আমার প্রথম ভালোবাসা আসলে বক্সিংই। শৈশবে আমি বক্সারই হতে চেয়েছিলাম।’ বক্সার হিসেবে খারাপ করছিলেন না। পেশাদার ১৫টি লড়াইয়ের ১৪টিই জিতেছেন। নয়টিতে প্রতিপক্ষকে নকআউট করেছেন। কিন্তু ফুটবলের প্রতি মরে যাওয়া ভালোবাসার যেন পুনর্জন্ম হয়েছে। আবারও ফুটবলে ফিরলেন। সেই শেফিল্ডেই। তবে খেলোয়াড় নয়, এবার কোচের ভূমিকায়!গত সপ্তাহে কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। দলকে কতটা কী দেবেন, সেটা ভবিষ্যৎই বলে দেবে। তবে দলের খেলোয়াড়দের কিন্তু সব সময় তটস্থ থাকতেই হবে। বেগোড়বাই করলেই গাল বরাবর নেমে আসবে বিরাশিসিক্কার ঘুষি!গেঁয়োই গেয়োদৈহিক সৌন্দর্য আর কণ্ঠের মাধুর্য নিয়ে গত দুটি ফুটবল বিশ্বকাপেই উপস্থিত ছিলেন শাকিরা। হালে জেরার্ড পিকের প্রেমিকা হিসেবে নতুন পরিচয় পাওয়া এই পপতারকা হ্যাটট্রিকটা করেই ফেলতে চান। আগামী বিশ্বকাপও তাঁর লক্ষ্য, বিশেষ করে বিশ্বকাপটা যখন কলাম্বিয়ান শিল্পীর দক্ষিণ আমেরিকাতেই হচ্ছে। তবে বড় ফুটবল আসর মানেই কি শাকিরার উপস্থিতি? না। সেই ধারণা ভেঙে দিল পোল্যান্ডের জারজেবিনা নামের একটি লোকগানের দল। দাদি-দিদিমার বয়সী ১৮ জন মহিলার এই ব্যান্ডদলটির একটি গান নির্বাচিত হয়েছে আগামী ইউরোর যৌথ আয়োজক পোল্যান্ডের দলীয় সংগীত হিসেবে!তাই বলে দয়া-দাক্ষিণ্য কেউ তাদের করেনি। রীতিমতো দেশের বাঘা বাঘা সব ব্যান্ডদলের সঙ্গে প্রতিযোগিতায় লড়ে ভোটে জিতেই নির্বাচিত হয়েছে। দলীয় সংগীত নির্বাচনের জন্য ‘হোয়াইট অ্যান্ড রেড হিট’ নামের প্রতিযোগিতার আয়োজন করেছিল পোলিশ ফুটবল ফেডারেশন। সেরা দশ দলকে নিয়ে এর পর একটি টিভি কনসার্ট হয়েছিল। সেই কনসার্টে গান শুনে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে ভোট দিয়েছেন শ্রোতারা। সেই ভোটেই নির্বাচিত হয়েছে জারজেবিনার ‘কোকো ইউরো স্পোকো’ গানটি। তবে দেশটিরই একটি অংশের মানুষের আবার একেবারেই পছন্দ হচ্ছে না গানটি। গানের শুরুটাই যে হয়েছে মুরগির ডাক দিয়ে! অনেকে বলছেন, এই গানটি অমার্জিত, অশোভন আর বিব্রতকর। আগামী ইউরোতে ফুটবল বিশ্বের চোখ যখন থাকবে পোল্যান্ডের ওপর, এই গান ভুল বার্তাই পৌঁছে দেবে তাদের কাছে। তবে এই সমালোচনার পাল্টা জবাবও এসেছে। ৩২ থেকে ৮২ বছর বয়সী, গ্রাম থেকে উঠে আসা একদল নারীর এই গানটিকে অসম্মান করার পেছনে শহুরে বুদ্ধিজীবীরা আছেন বলেই মনে করে আরেক পক্ষ। তাঁদের মতে, নিজের লোকজ সংস্কৃতি অন্যের কাছে তুলে ধরার মধ্যে লজ্জার কিছু নেই। বরং তা গর্বের। গেঁয়ো গানই গেয়ো!বলির পাঁঠাবিরাশির হিসাব ছিয়াশিতে চুকিয়ে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তবে পুরো পাওনা এখনো শোধ হয়নি। আর্জেন্টাইনদের হূদয়ে তাই এখনো তুষের আগুনের মতো জ্বলে ফকল্যান্ড! সেই যুদ্ধের আবার তিন দশক পূর্তি হলো এ বছর। এ বছরেই আবার ব্রিটেনের মাটিতে অলিম্পিক। এটা তাই খুবই স্বাভাবিক, লন্ডন অলিম্পিকগামী খেলোয়াড়দের উজ্জীবিত করতে আর্জেন্টিনা বেছে নেবে ফকল্যান্ড ক্ষতটাকেই। যে যুদ্ধে আর্জেন্টিনার সামরিক জাহাজ ডুবিয়ে দিয়েছিল ব্রিটিশ সাবমেরিন। সলিল সমাধি হয়েছিল কয়েক শ আর্জেন্টাইন যোদ্ধার।আর্জেন্টিনার রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভিতে কদিন ধরেই একটি বিজ্ঞাপন প্রতারিত হচ্ছে। ফকল্যান্ড দ্বীপে ব্রিটিশ সেনাদের শবাধারের সিঁড়িতে দৌড়-ঝাঁপ করে অনুশীলন করছেন আর্জেন্টিনার হকি দলের অভিজ্ঞ মিডফিল্ডার ফার্নান্দো জিলবারবার্গ। যে বিজ্ঞাপনের ট্যাগ লাইন: ইংলিশদের মাটিতে লড়তে হবে, আমরা তাই আর্জেন্টিনার মাটিতে প্রস্তুতি নিই!স্বাভাবিকভাবেই এই বিজ্ঞাপন সমালোচনার ঝড় তুলেছে ব্রিটেনে। খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে পুরোনো ক্ষত খুঁচিয়ে রক্তাক্ত করার কারণ খুঁজে পাচ্ছে ইংলিশ মিডিয়া। বিশেষ করে অলিম্পিক যেখানে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মঞ্চ। এমন বিতর্কের মধ্যেই জিলবারবার্গ বাদ পড়েছেন আজলান শাহ হকি টুর্নামেন্টের দল থেকে। অলিম্পিকের আগে এটাই আর্জেন্টিনা হকি দলের শেষ প্রস্তুতি টুর্নামেন্ট। সেই দলে জিলবারবার্গ নেই! তবে কি...।আর্জেন্টিনা হকি ফেডারেশন অবশ্য দাবি করছে, দুটো অলিম্পিকে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই খেলোয়াড়ের বাদ পড়ার পেছনে অন্য কোনো কারণ নেই। আর আর্জেন্টিনার অলিম্পিক অ্যাসোসিয়েশনের দাবি, টিভিতে প্রচারিত বিজ্ঞাপনের সঙ্গে সম্পর্ক নেই তাদের। জিলজিলবার্গ শেষ পর্যন্ত বলির পাঁঠা হয়ে গেলেন না তো! রাজীব হাসান