শেষের আগে
ম্যারাডোনা ক্লিনার!ফকল্যান্ড যুদ্ধ আবার শুরু হয়ে গেছে! এবার লড়ছে ব্রিটেন আর আর্জেন্টিনা। তবে লড়াইয়ের মঞ্চটা আলাদা। আলাদা অস্ত্রশস্ত্রও। এবার যে লড়াইটা হচ্ছে ভিজ্যুয়াল মিডিয়ায়, বিজ্ঞাপন জগতে! ফকল্যান্ড যুদ্ধের তিন দশক পূর্তি হলো সম্প্রতি। এ নিয়ে আর্জেন্টিনাজুড়ে তৈরি হয়েছে আবেগ। সেই আবেগকে পুঁজি করে লন্ডন অলিম্পক নিয়ে একটি বিজ্ঞাপন বানানো হয়েছিল আর্জেন্টিনায়। যেখানে ফকল্যান্ড দ্বীপে সমাহিত ব্রিটিশ সেনাদের এক রকম অপমানই করা হয়েছে। এবার যেন তারই শোধ নিল ব্রিটিশরা। বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্লসবার্গের (ইংল্যান্ড ফুটবল দলের অফিসিয়াল পানীয়) নতুন বিজ্ঞাপন আসছে। সেই বিজ্ঞাপনের ৯০ সেকেন্ডের একটি প্রোমো ছাড়া হয়েছে অনলাইনে। এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের সাইট আর ব্লগে এ নিয়ে আর্জেন্টাইনরা সমালোচনার সাইক্লোন তুলে দিয়েছে। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে এই বিজ্ঞাপনে অপমান করা হয়েছে ডিয়েগো ম্যারাডোনাকে।বিজ্ঞাপনটির গল্পটা এমন, ইংল্যান্ড ফুটবল দলের পাঁড়ভক্তদের বাছাইকৃত কয়েকজনকে নিয়ে আসা হয় কার্লসবার্গ ফ্যান একাডেমিতে। ফুটবল একাডেমিতে যেমন ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া হয়, একইভাবে এই কল্পিত একাডেমিতেও প্রশিক্ষণ দেওয়া হয় সমর্থকদের। ইংল্যান্ড ফুটবল দলের সমর্থকেরা ঘুরেফিরে বিভিন্ন ক্লাসরুম দেখেন। এই ঘোরাঘুরির সময় দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরনে পেছন ঘুরে থাকা কোঁকড়া চুলের একজন মেঝে পরিষ্কার করছে। উল্টো দিকে ঘুরে থাকায় তার চেহারা দেখা যাচ্ছে না। কিন্তু প্রথম দেখায় যে কারও মনে হতে বাধ্য, ‘আচ্ছা, লোকটা ম্যারাডোনার মতো দেখতে না!’বিরাশির ফকল্যান্ড যুদ্ধের প্রথম পাল্টা ম্যারাডোনাই দিয়েছিলেন ছিয়াশি বিশ্বকাপে, কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য দুটো গোল (হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি) করে বিদায় করে দিয়েছিলেন ইংল্যান্ডকে। আর্জেন্টিনার বিজ্ঞাপনের পাল্টা জবাব দিতে এভাবেই ম্যারাডোনাকে তাই ক্লিনার বানিয়ে দিয়েছে ইংল্যান্ড! মাত্র দুই সেকেন্ডের উপস্থিতি। কিন্তু আগুন জ্বালাতে একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গই তো যথেষ্ট!আনুগত্যের উদাহরণআর্সেনালের রিজার্ভ দলে যখন জায়গা পেলেন, তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। গত রোববার আর্সেনালের সহকারী কোচ হিসেবে শেষ ম্যাচটার দায়িত্ব পালন করলেন যখন, বয়স ৬৩। মাঝখানে দীর্ঘ ৪৮ বছর। এর মধ্যে ৪৪ বছরই প্যাট রাইস ছিলেন আর্সেনালের সঙ্গে যুক্ত! নানা ভূমিকায়। সর্বশেষ ছিলেন সহকারী কোচ। আর্সেন ওয়েঙ্গারের প্রধান সহকারী হিসেবে টানা ১৬ বছর কাজ করে অবশেষে বিদায় নিলেন রাইস। পেছনে রেখে গেলেন চুয়াল্লিশটি বছর!১৯৬৪ সালে প্রথম পা রেখেছিলেন লন্ডনের ক্লাবটিতে। দুই বছর পর সিনিয়র দলে অভিষেক। উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই রাইট ব্যাক ১৯৮০ পর্যন্ত টানা খেলেছেন গানারদের হয়ে। চৌদ্দ মৌসুমে খেলেছেন ৫২৮টি ম্যাচ। ১৯৭০-৭১ মৌসুমে ‘ডাবল’জয়ী দলের সদস্য ছিলেন। ১৯৭৯ সালে এফএ কাপ জিতিয়েছেন অধিনায়ক হিসেবে।মাঝখানে চার বছরের জন্য সম্পর্কচ্ছেদ। ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত ওয়াটফোর্ডে খেলে আবারও ফিরে আসেন আর্সেনালে। এবার যুবদলের কোচের ভূমিকায়। ১২ বছর এই ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। দুবার এফএ ইয়ুথ কাপও জিতিয়েছেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে আর্সেনালের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নিতে হয়েছিল। আর্সেন ওয়েঙ্গার আসার আগ পর্যন্ত তিনটি এফএ প্রিমিয়ার লিগের ম্যাচে কোচ ছিলেন। তিনটিতেই জিতেছে দল। এরপর থেকেই ছিলেন ওয়েঙ্গারের ডান হাত। টাকার ছড়াছড়ির এই যুগে আনুগত্য বড় বিরল। রাইসের মতো লোকেরা তো আরও বিরল। এক জীবনের প্রায় পুরোটা সময়ই নির্দিষ্ট একটা ক্লাবের সেবা করে যাওয়া, সত্যিই অবিশ্বাস্য। মালিকির চ্যালেঞ্জবয়স মাত্র ১৭। আকারে-উচ্চতায়ও ছোটখাটো গড়নের। কিন্তু আগামী অলিম্পিকে কাতার আর উপসাগরীয় অঞ্চলের মানুষের বিশাল প্রত্যাশার চাপ থাকবে তাঁর ছোট্ট কাঁধেই। না, নুর আল-মালিকি অলিম্পিকে পদক-টদক জিতবেন এমনটা আশা করে না কেউই। সেটা বাড়াবাড়ি। তবে তাঁর কাছ থেকে উজ্জীবিত পারফরম্যান্স আশা করছেন অনেকেই। কারণ মালিকির পারফরম্যান্সের ওপর যে নির্ভর করছে অনেক কিছু!২৮ বছর। দীর্ঘ প্রায় তিন দশক পর অলিম্পিকে এই প্রথম কোনো কাতারি নারী অংশ নিতে চলেছে। মালিকির ভালো পারফরম্যান্স আরব দেশটির মেয়েদের উৎসাহিত করবে খেলাধুলায় আসতে। মালিকি যদি চরমভাবে ব্যর্থ হন, উৎসাহের প্রদীপটিও নিভে যাবে এক ফুৎকারে। এক দিক দিয়ে মালিকির চ্যালেঞ্জ তাই সোনাপ্রত্যাশীদের চেয়েও বড়!ছয় ভাই ও পাঁচ বোনের বিশাল সংসারে জন্ম নেওয়া পরিবারের কনিষ্ঠতম সদস্য অবশ্য এসব চাপ-টাপ নিয়ে ভাবছেন না। ১০০ মিটার দৌড়ে তাঁর লক্ষ্য নিজের টাইমিংটা আরও ভালো করা, ‘আমার লক্ষ্য আপাতত নিজের সেরা টাইমিংটা (১২.৭৩) পেরিয়ে যাওয়া এবং ভালো পারফরম্যান্স করা। ভালো করেই জানি লন্ডনে ঝলসানো কিছু করে দেখানো আমার পক্ষে সম্ভব নয়। আমি আসলে ধাপে ধাপে এগোতে চাই। প্রথমে আরব চ্যাম্পিয়ন, এরপর এশিয়ান চ্যাম্পিয়ন, তারপর আন্তর্জাতিক কিছু জেতা।’কাতার অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জাইনি বলছেন, ‘অলিম্পিকে ও পদক জেতার জন্য যাচ্ছে না, কারণ ও খুবই অনভিজ্ঞ। বরং ও বিশ্বের কাছে প্রমাণ করতে যাচ্ছে পুরুষ অ্যাথলেটদের পাশাপাশি নারী ক্রীড়াঙ্গনেও কাতার ঠিক পথেই আছে।’ আর মালিকি বলছেন, ‘নিজের দেশকে অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক সম্মানের। জানি এটা অনেক ভারী একটা বোঝা। কিন্তু আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, অন্তত নিজের সেরা টাইমিংটা আরও ভালো করার চেষ্টা করব।’ রাজীব হাসান