শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসতে হবেইআইফেল টাওয়ার দেখতে এখন প্রতিবছর কত হাজার মানুষ ভিড় করে প্যারিসে। সামনাসামনি দেখে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে। জন্ম সার্থকের তৃপ্তি নিয়ে ফেরে। সঙ্গে থাকে একগাদা ছবি। অথচ জানেন কি, প্যারিসবাসীর গর্বের ধন এই আইফেল টাওয়ার নিয়ে শুরুতে ছিল নিন্দার ঝড়। শিল্পকলা, স্থাপত্য আর ভাস্কর্যের তীর্থভূমি প্যারিসে আইফেল টাওয়ার শুরুতে বিবেচিত ছিল স্রেফ লোহালক্কড়ের এক জঞ্জাল হিসেবে!টার্নার পুরস্কারজয়ী শিল্পী অনীষ কাপুরও মনে করেন, তাঁর বানানো লন্ডনের অলিম্পিক পার্কের ভাস্কর্যটিও এখন সমালোচিত হচ্ছে বটে। কিন্তু একদিন ঠিকই জয় করে নেবে মানুষের হূদয়, ‘সমালোচনা ঠিকই আছে, আপনি পছন্দ করুন আর না-ই করুন, তা হবেই।’ আইফেল টাওয়ারকে শুরুতে সবাই কুৎসিত বলেছিল মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘এখন আমরা আর তা ভাবি না, তা-ই নয় কি?’১১৫ মিটার লম্বা লাল প্যাঁচানো এই টাওয়ারটি লন্ডনের বিগ বেন কিংবা নিউইয়র্কের স্টাচু অব লিবার্টির চেয়েও উঁচু। ৩ কোটি ডলার (২৪৫ কোটি ৬৩ লাখ টাকা) ব্যয়ে নির্মিত এই টাওয়ারটিই এখন ব্রিটেনের সবচেয়ে বড় ভাস্কর্য। আগামী অলিম্পিকে পর্যটকদের জন্য অন্যতম দ্রষ্টব্য হবে এই টাওয়ার। বিশ্বের সবচেয়ে বড় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্কেলরমিত্তালের প্রধান আর্থিক পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে টাওয়ারটি। ২০০৯ সালের এক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের অন্যতম ধনী লক্ষ্মী মিত্তাল আর লন্ডনের মেয়র বরিস জনসন। সেই বৈঠকের ফসল এই ভাস্কর্য।মিত্তাল নিজে গর্বিত এমন একটা ভাস্কর্যে অর্থায়ন করতে পেরে, ‘অলিম্পিক তো কয়েক মাসেই শেষ হয়ে যাবে। কিন্তু এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে থেকে যাবে এখানে।’ যদিও ২ হাজার টন স্টিলে নির্মিত এই ভাস্কর্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে লন্ডনবাসীর মনেই। স্কুলের হয়ে পরিদর্শনে আসা ১১ বছর বয়সী শিক্ষার্থী মাইকেল মাতোভু যেমন বলছিল, ‘এটা সুন্দর আবার একটু বিভ্রান্তিকরও।’কারণ আবহাওয়াএতগুলো লোকের সামনে হেড করার ভঙ্গিতে হাত দিয়েই বল ঠেলে দিলেন জালে। যে অপরাধে তাঁর লাল কার্ড দেখার কথা, অথচ সেই কাণ্ড করেই কিনা তিনি আজ ইতিহাসখ্যাত! যে গোলটি হওয়ারই কথা নয়, সেটাই কিনা এখন পৃথিবীর সবচেয়ে আলোচিত গোল! ব্রিটিশরা আজও হিসাব মেলাতে পারে না ১৯৮৬ বিশ্বকাপের সেই হ্যান্ড অব গডের।তবে একটা উত্তর হয়তো দিতে পারছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, রেফারি আর তাঁর সহকারীর এমন মারাত্মক ভুলের পেছনে দায়ী হতে পারে চরমভাবাপন্ন আবহাওয়া। খুব গরমে রেফারিদের সিদ্ধান্ত নির্ভুল হওয়ার হার কমে যায়। মেক্সিকোর সেই বিশ্বকাপে যেমন খেলা হয়েছিল প্রচণ্ড গরমে। একই পরিস্থিতি হয় কনকনে ঠান্ডাতেও। এ কারণে চ্যাম্পিয়নস কিংবা ইউরোপা লিগে বরফশীতল কন্ডিশনে রেফারিদের সিদ্ধান্ত দিতে অনেক সময়ই ভুল হয়ে যায়।রেফারির সিদ্ধান্তের পেছনে আবহাওয়ার এই সম্পর্কটি খুঁজে পাওয়া গেছে বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক জন ব্রিউয়ারের গবেষণায়। উয়েফার অর্থায়নে পরিচালিত এই গবেষণার ফল সম্প্রতি ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থার কাছে জমা দিয়েছেন তিনি। ইউরো ২০১২ সামনে রেখে এই প্রতিবেদন পেশ করা হয়েছে জেনেভায় অবস্থিত উয়েফার মেডিকেল কমিশনের কাছে।২০২২ কাতার বিশ্বকাপে এ সমস্যা দেখা দিতে পারে শঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক ব্রিউয়ার। কিছু সুপারিশও করেছেন তিনি। যেমন গোল লাইন প্রযুক্তি চালু করা, ফুটবলে প্রযুক্তির আরও বেশি সাহায্য নেওয়া, ম্যাচের রেফারি সহকারী রেফারিদের সংখ্যা বাড়ানো, তীব্র শীতে রেফারিদের বাড়তি গরম পোশাক পরার অনুমতি দেওয়া, চরম প্রতিকূল আবহাওয়ায় ম্যাচের দুই অর্ধে ভিন্ন দুই রেফারিকে দিয়ে দায়িত্ব পালন। জাপানের সুপারগার্লজাতীয় দলে খেলার স্বপ্ন কোন খেলোয়াড়টি দেখে না? এরিনা ইয়ামানেও ব্যতিক্রম নন। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দলের গোলপ্রহরীর দায়িত্ব পালনের স্বপ্ন তিনিও দেখতেন। তবে সেই স্বপ্ন যে এভাবে পূরণ হতে চলেছে, সেটা খোদ তাঁর কাছেও হয়ে এসেছে বিস্ময়ের। ২১ বছর বয়সী ইয়ামানে ভাবতেই পারেননি হুট করে অলিম্পিকের দলে ডেকে পাঠানো হবে তাঁকে!বিশ্বকাপজয়ী জাপান মহিলা ফুটবল দল এবার অলিম্পিক ফুটবলেও সোনা জিততে চায়। গত বিশ্বকাপে অনেকের হিসাব পাল্টে দিয়ে বিশ্বকাপ জিতেছিল তারা। সুনামি আর পারমাণবিক চুল্লির বিপর্যয়ে টালমাটাল দেশটিতে যা এনে দিয়েছিল শান্তির পরশ। কিন্তু তাদের সেই জয় বেশি দিন বিস্ময় হয়ে থাকেনি। দ্রুতই মেয়েদের ফুটবলে শক্ত অবস্থান করে নিয়েছে তারা। গত মাসে জাপানে অনুষ্ঠিত ত্রিদেশীয় কিরিন কাপ জিতে প্রত্যাশার ফ্রেমটাকে আরও বড় করে দিয়েছে। ওই টুর্নামেন্টের বাকি দুই দল যে ছিল পরাশক্তি যুক্তরাষ্ট্র আর ব্রাজিল।অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জয়ের সেই মিশনে ডাক পড়েছে ইয়ামানেরও। উঠতি প্রতিভা হিসেবে তাঁর সুনাম তো আছেই, তবে ইয়ামানের ডাক পাওয়ার পেছনে বড় কারণ তাঁর উচ্চতা। গড়পরতা জাপানিরা খাটো থেকে মাঝারি উচ্চতার হয়। সেখানে জাপান ফুটবল সংস্থার ‘সুপারগার্ল’ প্রকল্পের আবিষ্কার ইয়ামানের উচ্চতা ৬ ফুট দুই ইঞ্চি! জাতীয় দলে অপ্রত্যাশিত ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় টেপকো মারিজে থেকে শিবা লেডিজে নাম লেখানো এই গোলরক্ষক বলেছেন, ‘প্রথমে ভেবেছিলাম কেউ ঠাট্টা করছে আমার সঙ্গে। ভাবিইনি আমি অলিম্পিক খেলতে প্রস্তুত। সত্যি বলছি, অলিম্পিক নিয়ে কোনো ভাবনাই ছিল না মাথায়।’তবে সুযোগ যখন পেয়েছেন, সেটা কাজে লাগাতেও প্রস্তুত তিনি। যদি প্রথম গোলরক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়, অতন্দ্র গোলপ্রহরী হিসেবেই আগলে রাখবেন গোলদুর্গ।  রাজীব হাসান