শেষের আগে
বেকার নন বাকেরফ্রেঞ্চ ওপেনে জুনিয়র রানারআপ হয়েছিলেন সেই ২০০৩ সালে। অথচ বড়দের কোর্টে ব্রায়ান বাকেরের অভিষেক হলো গত সোমবার! মাঝখানে আটটি বছর! কেন এই দীর্ঘ অপেক্ষা ব্রায়ান বাকেরের? সংক্ষিপ্ত উত্তর: মার্কিন এই টেনিস খেলোয়াড় কোর্টেই ছিলেন না মাঝখানের ছয়টি বছর!কোর্টে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের বদলে এই ছয় বছর তাঁকে লড়তে হয়েছে ইনজুরি নামের ঘাতকের সঙ্গে। এই সময়ে যতটা র্যাকেট দেখেছেন, তার চেয়ে বেশি হয়তো দেখেছেন সার্জনের ছুরি! তিন বছরে পাঁচটি অস্ত্রোপচার, বাকি তিন বছর পুনর্বাসন-প্রক্রিয়া—এভাবেই খরচা গেছে জীবনের মূল্যবান ছয়টি বছর।অন্য কেউ হলে হয়তো খেলাই ছেড়ে দিতেন। বাকের দেননি। ইনজুরির সঙ্গে লড়াইটায় হার মানতে চাননি। চাননি বলেই কোর্টে ফিরে আসতে পেরেছেন। শুধু তা-ই নয়, অভিশপ্ত এই সময়টা নিয়ে কোনো খেদ নেই। বরং বিনম্র হাসি হেসে বলছেন, ‘এটা ছিল মজার, দারুণ একটা যাত্রা।’ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসে ফ্রেঞ্চ ওপেন অভিষেকে জয়ও পেয়েছেন। কোর্টে তাঁর ইদানীং ভালো সময় যাচ্ছে। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে নিসের মাটির কোর্টের টুর্নামেন্টে রানারআপও হয়েছেন। র্যাঙ্কিংয়ের ১৪১ নম্বরে থাকা এই খেলোয়াড় বলেছেন, ‘কয়েক মাস বা বছর খানেক আগেও ভাবিনি এখানে খেলব। কিন্তু কয়েক সপ্তাহ ধরে মনে হচ্ছে বেশ ছন্দে আছি, আগের চেয়ে অনেক বেশি সুস্থও বোধ করছি।’বলা যায়, টেনিসের আলাদা দুটো যুগ দেখেছেন। কী পার্থক্য এসেছে এই কয় বছরে? ‘খেলাটা এখন অনেক বেশি শরীরনির্ভর। খেলোয়াড়েরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ফিট।’সার্বিয়ান শারাপোভানোভাক জোকোভিচকে নিয়েই শুধু নয়, সার্বিয়া গর্ব করতে পারে মারিয়া শারাপোভাকে নিয়েও!বিশ্বের সবচেয়ে ধনী নারী ক্রীড়াবিদ শারাপোভাকে আমরা রাশিয়ান বলেই জানি। কিন্তু এখনকার মানচিত্রে যদি খুঁজতে চান, শারাপোভার জন্ম কিন্তু হয়েছিল আসলে সার্বিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর নিয়াগানে। শৈশবেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। নিজের জন্মশহর সম্পর্কে তেমন কোনো স্মৃতিই নেই। তবে নাড়ির টান বলে কথা। এখনো যতবার শহরটির নাম শোনেন, শারাপোভার মনের মধ্যে কেমন জানি একটা ঢেউ খেলে যায়।সাবেক এক নম্বর তারকা বলেছেন, ‘আমি যেখান থেকে এসেছি, তা নিয়ে সত্যিই আনন্দিত আর গর্বিত। যখন আমার নাম ঘোষণা করা হয়, ওরা শুধু রাশিয়ার কথাই বলে না, বলে আমি আসলে সার্বিয়ার নিয়াগানে জন্মেছি। এটা শুনে গ্যালারির দর্শকদের মধ্যে একটা বিস্মিত প্রতিক্রিয়া ধ্বনি ওঠে। আমার মনে হয় না কেউ ঠিকমতো জানে আমি আসলে কোথায় জন্মেছি। তবে যখন ঘোষণা করা হয়, সত্যিই গর্ব হয় আমার।’ ৫০ হাজার জনসংখ্যার শহর নিয়াগান ঠিক তাঁকে কতটা আপন ভাবে কে জানে। তবে শারাপোভা জানালেন, এই শহরটির অবস্থান তাঁর হূদয়ের গোপন অলিন্দেই, ‘যখন বলা হয় আমি গ্র্যান্ড স্লাম জিতেছি, কিংবা এক নম্বরে ছিলাম; তখন যে রকম অনুভূতি হয়, একই অনুভূতি হয় নিজের শহরের নাম শুনলে। পেটের ভেতরটা গুড়গুড় করে।’মেসিকে চ্যালেঞ্জক্রিস্টিয়ানো রোনালদোও যা পারেননি সেটাই করে দেখাল জেমিলিয়া গ্রেস নামের পুঁচকে এক মেয়ে। হারিয়ে দিল লিওনেল মেসিকে!কয়েক মৌসুম ধরেই বার্সেলোনার জার্সি গায়ে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন মেসি। গত মৌসুমে তবু ৫৫ ম্যাচে ৫৩ গোল করেছিলেন। এবার ম্যাচের চেয়ে গোলের সংখ্যা আরও বেশি। ৬০ ম্যাচে ৭৩ গোল। রোনালদো অনেক চেষ্টা করেছেন মেসির নাগাল পেতে। কিন্তু ৫৫ ম্যাচে ৬০ গোলে গিয়ে থেমেছেন। রোনালদো না পারলেও গ্রেস কিন্তু ঠিকই পেরেছে! ইংল্যান্ডের বয়সভিত্তিক একটি লিগে খেলে মাত্র ২২ ম্যাচে করেছে ৪৬ গোল! ম্যাচপ্রতি মেসির গোলগড় যেখানে ১.২২, গ্রেসের ২.০৯!না, এই তুলনাকে সিরিয়াসভাবে নেওয়া চলবে না। তবে এরই মধ্যে গ্রেস বেশ পরিচিতি কুড়িয়েছে এই গোলবন্যার কারণে। ওয়ার্কশপ গার্লস ক্লাবের হয়ে অনূর্ধ্ব-১১ বছর বয়সীদের লিগের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই নয় বছর বয়সী। দলের কোচ পল আরগাইল গার্ডিয়ানকে বলেছেন, ‘জেমিলিয়া গ্রেস অনূর্ধ্ব-১১ বছর বয়সীদের লিগে খেলছে বটে, কিন্তু ও চাইলে অনূর্ধ্ব ১০-দলেও খেলতে পারে।’কোচের কাছ থেকেই জানা গেল গত বছর ওয়ার্কশপ বয়েজের হয়েও খেলেছে গ্রেস। সেবার ১২ ম্যাচে করেছে ১২ গোল। তার সৌজন্যেই এবার লিগের দ্বিতীয়ার্ধে বেশ ভালো করেছে ওয়ার্কশপ গার্লস। লিগের প্রতিষ্ঠিত দলগুলোর জন্য সে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠেছে।মেসিও তাঁর শৈশবে লা ম্যাসিয়ায় এমন গোলের বন্যা বইয়ে দিতেন। এ কারণেই তো আজকের মেসি হয়ে উঠেছেন। গ্রেস নামের প্রভাতের সূর্যটাও একদিন মেয়েদের ফুটবলে এমন আলো ছড়াবে নিশ্চয়ই। রাজীব হাসান