শেষের আগে
বিদায় দৈত্যভক্ত-সমর্থকেরা ভালোবেসে ডাকে ‘শাক’। তবে ১৪৭ কেজি ওজন আর সাত ফুট এক ইঞ্চি উচ্চতার এই দানবদেহীকে ‘শার্ক’ নামেও ডাকা যায় অনায়াসে। বাস্কেটবলের জীবন্ত কিংবদন্তি শাক ও’নিল দুই দশকের ক্যারিয়ার শেষে অবসর নিলেন। পরশু আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিয়েছেন এই ৩৯ বছর বয়সী।২৩ নম্বরি জুতা পরে খেলা এই বিশালদেহী মানুষটার মন শরীরের চেয়েও বড়। আছে সদা হাস্যময় এক জোড়া ঠোঁট। আর আছে তীক্ষ রসবোধ। প্রায়ই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিজস্ব রসিকতাবোধের পরিচয় দিয়ে পোস্ট দিতেন। নিজের ১৯ বছরের ক্যারিয়ারকে ১৯ বছর বয়সী একটা শিশুর সঙ্গে তুলনা করে বিদায়ের খবরটাও প্রথম দিয়েছেন ওয়েবসাইটেই। বলেছেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতাটা মিস করব, রিং লক্ষ্য করে ছুটে যাওয়া মিস করব...আসলে মিস করব সবকিছুই।’অর্জনের পাল্লা তাঁর এতটাই ভারী যে সেটা নিয়ে লিখতে গেলে লেখাটাই ‘ভারাক্রান্ত’ হয়ে যাবে। শুধু এই তথ্য দিয়েই শাককে চেনানো যায়, এনবিএতে (যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ) ২৮ হাজার ৫৯৬ পয়েন্ট স্কোর করেছেন, যেটি সর্বকালের পঞ্চম সেরা। যুক্তরাষ্ট্র দলের হয়েও অর্জন আছে। সবচেয়ে বড় অর্জন, ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে সোনা জেতা। শুধু সাফল্য আর শিরোপাই নয়, ক্যারিয়ারজুড়ে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করেছেন। কোর্টের বাইরে পণ্যদূতিয়ালি থেকেও এসেছে বড় অঙ্কের টাকা। শো-বিজ জগতেও নাম কামিয়েছেন। চারটি র্যাপ অ্যালবাম বেরিয়েছে তাঁর, অভিনয় করেছেন সিনেমায়, নিজের নামের টিভি রিয়্যালিটি শোও আছে; আছে বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিগ্রি, আছে ঠিক সময়ে ‘বিদায়’ বলে দেওয়ার বিচক্ষণতাও।‘লুজার’ কুর্নিকোভানতুন একটি সেলিব্রেটি শোতে যোগ দিয়েছেন আনা কুর্নিকোভা—এটা আসলে কোনো খবরই নয়। কারণ এতে কোনো নতুনত্ব নেই। কুর্নিকোভার জগৎটাই তো এখন চৌকো টেনিস কোর্টের বদলে চারকোনা বোকা বাক্স। কিন্তু খটকা লাগে খবরটার শিরোনামে: কুর্নিকোভা উইল জয়েন ‘দ্য বিগেস্ট লুজার’।অনুষ্ঠানের নামটাই বিগেস্ট লুজার। সোজা বাংলা করলে দাঁড়ায়, হারুপাট্টি। মানে এই পৃথিবীতে এর চেয়ে বেশি পরাজিত লোক আর কেউ নয়। শিরোনাম, অতঃপর এমন আক্ষরিক বঙ্গানুবাদের পর কুর্নিকোভার জন্য মনটা খারাপ হওয়ারই কথা। হোক না কুর্নিকোভা টেনিসে তেমন কোনো সাফল্য পাননি, তার পরও আকাশছোঁয়া জনপ্রিয়তা কুড়িয়েছেন; গ্র্যান্ড স্লামের এককে ফাইনালেই কোনো দিন পা রাখতে পারেননি, কিন্তু বাণিজ্যলক্ষ্মী ঠিকই অকাতরে হাত তুলে আশীর্বাদ করে গেছে, পেশাদার ক্যারিয়ারে ১৬টি শিরোপা, তা-ও দ্বৈতের; তার পরও ব্যাংক-ব্যালেন্স ফুলেফেঁপে উঠেছে তাঁর।এই সাফল্য ঈর্ষা জাগাবেই। জাগিয়েছেও। নিন্দুকের কম কথা তো আর হজম করতে হয়নি। কিন্তু কুর্নিকোভার দোষটা কোথায়? সেই ১৫ বছর বয়সে ১৯৯৬ ইউএস ওপেন খেলতে এলেন যখন, আলোকচিত্রীর ক্যামেরাই তো খুঁজে নিয়েছিল তাঁকে। রাতারাতি খ্যাতি এসে দাঁড়াল দুয়ারে। স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর সুইমস্যুট সংখ্যার মডেল হলেন, এফএইচএম, ম্যাক্সিম-এও হাজির হলেন স্বল্পবসনা সোনাচুলো রুশ-নন্দনী। এমনকি বহু আগেই খেলা ছাড়ার পরও ২০০৮ সালে ইন্টারনেটে সবচেয়ে বেশিবার খোঁজা ক্রীড়া তারকা হয়েছিলেন তিনিই। সেই ১৫ বছর বয়সে শুরু, আরেক ১৫ বছর পেরিয়ে কুর্নিকোভা এখন ত্রিশের কোঠায়। তার পরও তাঁকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।সেই কুর্নিকোভা কেন বিগেস্ট লুজার হতে যাবেন! ভুলটা ভাঙল পুরো খবর পড়ার পর। এখানে লুজার আসলে অন্য অর্থে ব্যবহূত। যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলে এই অনুষ্ঠানটি হয় আসলে শরীর থেকে মেদ ঝরানোর প্রতিযোগিতা নিয়ে। সেখানেই ট্রেনার হিসেবে দেখা যাবে কুর্নিকোভাকে। ‘দ্য বিগেস্ট লুজার’ই আসলে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় ‘উইনার’।মলাটবন্দীঅস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ আর ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ড; উইম্বলডনে গিয়েছিলেন তৃতীয় রাউন্ড পর্যন্ত। এই হচ্ছে নিকোলাস মাহুতের গ্র্যান্ড স্লাম ‘সাফল্য’। ভ্রু কুঁচকে আপনি বলতেই পারেন, ইনি তো দেখি কুর্নিকোভারও ওস্তাদ। যা-ই বলুন, ইতিহাসে হয়তো চির অমর হয়ে থাকবেন মাহুত। টেনিস ইতিহাসের সবচেয়ে লম্বা ম্যাচটা যে খেলেছেন! গত বছর উইম্বলডনে প্রথম রাউন্ডেই মাহুত মুখোমুখি হয়েছিলেন জন ইসনারের। বাছাই পর্ব খেলে আসা মাহুত আর ২৩তম বাছাই ইসনারের সেই ম্যাচটা শেষ হতে সময় লেগেছিল তিন দিন! ২২ থেকে ২৪ জুন। সময়ের ব্যাপ্তিতে এই দুজন কোর্টে লড়েছেন ১১ ঘণ্টা পাঁচ মিনিট। সব মিলে খেলা হয়েছে ১৮৩টি গেম। শেষ পর্যন্ত ৬-৪, ৩-৬, ৬-৭(৭-৯), ৭-৬(৭-৩), ৭০-৬৮ গেমে ম্যাচটা জিতে নেন ইসনার। স্কোর দেখেই অনুমান করে নেওয়া যায়, পঞ্চম সেটটা শেষ হতে কত সময় লেগেছিল। আট ঘণ্টা ১১ মিনিট। এটিও একটি রেকর্ড। সব মিলে পঞ্চম সেটেই খেলা হয়েছে ৭০+৬৮ = ১৩৮ গেম! ২৩ জুন পুরো দিনটাই লেগেছে, তার পরও মীমাংসা হয়নি পঞ্চম সেট। শেষে ২৪ জুনে গিয়ে জয়ী হলেন ইসনার। হেরেও ইতিহাসে ঠাঁই হলো মাহুতের।এর পর থেকেই ইসনার, মাহুত দুজনকেই বলা হয় ম্যারাথন ম্যান। ফরাসি মাহুত তাঁর সেই ম্যাচের গল্প শোনাতে আস্ত একখানা বই লিখছেন। বইয়ের নাম দ্য ম্যাচ অব মাই লাইফ। জীবনের স্মরণীয়তম সেই ম্যাচের নানা ঘটনা উঠে আসবে এই বইয়ে, উঠে আসবে মাহুতের মানসিক অবস্থা কেমন ছিল, কীভাবে একের পর এক সার্ভ ঠেকিয়ে গেছেন। বইয়ের আকারও ‘ম্যারাথন’ না হলেই হয়!