শেষের আগে
ঐক্যে অনৈক্যএই তো মঙ্গলবার ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে জানানো হলো, এক ‘ঐতিহাসিক’ চুক্তিতে পৌঁছাতে পেরেছে তারা। সবাই মিলে সম্মত হয়ে আলাদা আলাদা দল না পাঠিয়ে ব্রিটেন ফুটবল দলই পাঠানো হবে ২০১২ লন্ডন অলিম্পিকে। ব্রিটিশ ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া যাবে বাকি বিশ্বের কাছে। তবে কি ক্রীড়া ঐক্য মলম হিসেবে কাজ করল দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনে!কোথায় কী! বিওএর এই বিবৃতি প্রচারিত হতে না হতেই তীব্র প্রতিবাদ ব্রিটেনের অংশভুক্ত বাকি তিন দেশের। স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড পাল্টা বিবৃতি দিয়ে জানাল, কোনো ঐতিহাসিক চুক্তিটুক্তি হয়নি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর উত্তর আয়ারল্যান্ড—এই চার দেশ মিলে যৌথভাবে অলিম্পিক ফুটবল দলের জন্য যে অভিন্ন ‘টিম জিবি’ (গ্রেট ব্রিটেন) গঠনের কথা বলা হয়েছে, সেটা আদৌ সত্যি নয়।প্রশ্ন হলো, সত্যি কথা বলছে কে—বিওএ, নাকি আপত্তি তোলা বাকি তিন দেশ? উত্তরটা জটিল। এক অর্থে সত্যি কথা বলছে দুই পক্ষই! এটা ঠিক, টিম জিবি গঠনের বিরোধিতা করে আসছে ব্রিটেনের বাকি তিন দেশ। তাদের ভয়, এভাবে একটা দল করে ফেললে আলাদা আলাদা দল হিসেবে ফিফা কর্তৃক তাদের যে স্বীকৃতি, সেটি পরে সংশয়ের মধ্যে পড়ে যেতে পারে।এ কারণেই ব্রিটেনের পতাকাতলে খেলতে রাজি নয় তারা। কিন্তু ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আইনগত এখতিয়ার আছে ব্রিটিশ ফুটবল দল গঠনের। এ ব্যাপারে আসলে তাদের চুক্তিটা হয়েছে ইংলিশ ফুটবল সংস্থার (এফএ) সঙ্গে। এর ফলে বিওএ যদি চার দেশ থেকে ফুটবলার নির্বাচন করে একটা দল গঠন করে, কোনো দেশই তাদের ফুটবলারকে নিষেধ করতে পারবে না, ‘তোমরা খেলো না।’কিন্তু এটা তো সত্যি, এমন অনৈক্যের সুরের মধ্যে সম্মিলিত একটা দল গড়ে কী লাভ!গোলে গন্ডগোল২২ জুন ২৫ বছর পূর্তি হলো ‘হ্যান্ড অব গডে’র। সিকি শতাব্দী পেরিয়ে এসেও এখনো সমান আলোচিত ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে করা ডিয়েগো ম্যারাডোনার সেই গোল। এখনো যে ওই গোলের জ্বালা ভুলতে পারেনি ইংলিশরা।ম্যারাডোনার ওই গোলের সূত্র ধরে ফুটবলের মহা বিতর্কিত অন্যান্য গোল নিয়েও আলোচনা চলছে। গোলডটকমের ওয়েবসাইট বিতর্কিত গোলগুলোর একটা তালিকাও বানিয়েছে, যে তালিকার শীর্ষে থিয়েরি অঁরির সেই আলোচিত ‘হ্যান্ড অব অঁরি’। অঁরি ঠিক গোল করেননি। তবে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে হাত দিয়ে বল ঠেকিয়ে সেটি পাস দিয়েছিলেন সতীর্থ গালাসকে। আর সেখান থেকে গোল করে গালাস বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছিলেন ফ্রান্সকে।এরপর তালিকায় আছে ১৯৭০ সালে ইংলিশ লিগে ইপসউইচ টাউনের বিপক্ষে চেলসির অ্যালান হাডসনের করা গোলটি। হাডসনের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে গিয়ে পেছনে ধাক্কা লেগে মাঠে ফিরে আসে। রেফারি মনে করেছিলেন বল জালে ধাক্কা লেগে ফিরে এসেছে। বাজিয়ে দিয়েছিলেন গোলের বাঁশি।১৯৯৯ এফএ কাপে বিতর্কিত গোল করেছিলেন আর্সেনালের মার্ক ওভারমার্স। পঞ্চম রাউন্ডে আর্সেনালের সঙ্গে খেলা পড়েছিল শেফিল্ড ইউনাইটেডের। খেলা চলার সময় শেফিল্ডের এক খেলোয়াড় ইনজুরিতে পড়লে তাদের গোলরক্ষক মাঠের বাইরের দিকে বল মেরে দিয়েছিলেন। উদ্দেশ্য, চোট পাওয়া খেলোয়াড়টির শুশ্রূষার ব্যবস্থা করা। কিন্তু সেই ছেড়ে দেওয়া বলটাই টেনে এনে গোল করে আর্সেনাল।২০০৯ সালে সান্ডারল্যান্ডের ড্যারেন বেন্টের করা লিভারপুলের বিপক্ষে গোলটা নিয়েও শোরগোল কম হয়নি। বেন্টের নেওয়া শট বক্সে পড়ে থাকা বিচ বলে লেগে দিক পরিবর্তন করে ঢুকে পড়ে জালে। মহা বিতর্কিত গোলের মধ্যে আছে ১৯৬৬ বিশ্বকাপে করা জিওফ হার্স্টের গোলটিও। ক্রসবারে লেগে নিচে ঠিক লাইনে পড়া বলটি আদৌ লাইন পেরিয়েছে কি না, এ নিয়ে এখনো বিতর্ক হয়।সেই ইংল্যান্ডের বিপক্ষেই ১৯৮৬ বিশ্বকাপে হাত দিয়ে গোল ঢুকিয়ে দিয়েছিলেন ম্যারাডোনা। জানেন নিশ্চয়ই, ৫১ মিনিটে সেই হ্যান্ড অব গডের চার মিনিটের মাথায় ‘গোল অব দ্য সেঞ্চুরি’ করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।পোশাকের গুনেম্যাচ অফিশিয়ালদের টেনশনেই ফেলে দিয়েছিলেন। তাঁর পরনে অদ্ভুতুড়ে জ্যাকেট দেখে ওয়াকিটকি হাতে কোর্টে ছুটে এসেছিলেন এক কর্মকর্তা। এমন পোশাক পরে খেলা বারণ উইম্বলডনে। বেথানি মাটেক-স্যান্ডস আশ্বস্ত করলেন, ‘ভয় পাবেন না। এটা পরে খেলতে নামছি না। আসলে পোশাকটা খুব ভারী, এটা পরে কি খেলা যায়!’উইম্বলডনে নিজের প্রথম ম্যাচেও পোশাক নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়। আলোচনায় এসেছিলেন উইম্বলডন শুরুর আগেই, খেলোয়াড়দের পার্টিতেই পরে আসা পোশাক দিয়ে। তখনই জানিয়েছিলেন, উইম্বলডনে খেলোয়াড়দের পোশাক কী রকম হবে, এ সম্পর্কিত বাধ্যবাধকতা থাকলেও দ্বিতীয় পোশাকটি নিয়েও তিনি চমকে দিতে চলেছেন। আসলেই চমকে গেল সবাই, যখন প্রায় ডজনখানেক বল লাগানো সাদা জ্যাকেটটি পরে এলেন। জনা দশেক আলোকচিত্রীর মধ্যে হিড়িক পড়ে গেল ছবি তোলার জন্য।মার্কিন এই খেলোয়াড়ের ‘ইতিহাস’ যাদের জানা, তাদের কাছে এই পোশাক চমক নয়। পোশাকের কারণে আলোচনায় আসা যে তাঁর নতুন নয়। ২০০৫ ইউএস ওপেনে কাউবয় হ্যাট পরে খেলতে নামার কারণে জরিমানাও গুনেছিলেন। পরের বছর তিনি কোর্টে নেমেছিলেন চিতাবাঘের ছালের মতো একটা পোশাক পরে।উইম্বলডনেও ২০০৬ সালে তাঁর পরনের পোশাকটি আলোচনায় এসেছিল। সেই পোশাকটি উইম্বলডন জাদুঘরে সংরক্ষিতও আছে। সম্ভবত হতে যাচ্ছে এবারেরটিও। প্রথম রাউন্ডে বাদ পড়লেও গর্বভরেই নিজের টুইটারে মাটেক-স্যান্ডস লিখেছেন, ‘উইম্বি এ রকমটা আগে কখনো দেখেনি।’ রাজীব হাসান