শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিমন্যাস্ট হায়েক! নামের পাশে অস্কার আছে, আর কী চাই! তার পরও আছে আরও ডজন খানেক পুরস্কার। তার পরও সালমা হায়েকের মনে কোথাও যেন একটু খামতি, অতৃপ্তির খচখচানি। অলিম্পিকে পদক যে জেতা হয়নি!‘অলিম্পিক পদক’ শব্দযুগল শোনার পর একটু বিভ্রান্ত হতে পারেন। এ কোন সালমা হায়েক? বিশ্বখ্যাত অভিনেত্রীরই কথা হচ্ছিল এতক্ষণ। তবে তাঁর অজানা যে অধ্যায়টি এত দিন আড়ালে ছিল, সেটি আলোয় নিয়ে এসেছেন হায়েক নিজেই। ছোটবেলায় দুর্দান্ত জিমন্যাস্ট ছিলেন। মেক্সিকোর সম্ভাব্য অলিম্পিক দলে ডাকও পেয়েছিলেন। কিন্তু বাদ সাধলেন পিতৃদেব। ছোট্ট মেয়েকে কিছুতেই মেক্সিকো সিটিতে গিয়ে ক্যাম্পে রেখে প্রশিক্ষণ নিতে দেবেন না! অগত্যা কী আর করা? অলিম্পিকে যাওয়া হলো না।আর কদিন বাদে লন্ডন অলিম্পিক। প্রতিবার অলিম্পিক এলেই হায়েকের মনে পড়ে যায় শৈশবের এই স্মৃতি। ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী বলছেন, ‘ওরা আমাকে বাছাই করেছিল...অলিম্পিক দলের জন্য। কিন্তু তখন আমার বয়স আট কি নয় বছর। বাবা না করে দিলেন। কারণ, আমাকে মেক্সিকো সিটিতে গিয়ে সেখানে বোর্ডিং স্কুলে থেকে জিমন্যাস্ট প্রশিক্ষণ নিতে হতো। দিনে ছয় থেকে আট ঘণ্টার অনুশীলন। তখন ওটাই আমার কাছে মনে হয়েছিল স্বর্গ।’বাবা স্যামি হায়েক তাঁর জন্য একটা ‘স্বাভাবিক শৈশব’ নিশ্চিত করতে চেয়েছিলেন। এ কারণেই এই ‘না’। ‘বাবা ভেবেছিলেন, জিমন্যাস্টে গেলে আমি স্বাভাবিক শৈশব হারাব। তিনি চাইতেন আমার শৈশব যেন আর দশটা মেয়ের মতোই হয়। অবশ্য তাঁর এই চেষ্টা শেষ পর্যন্ত বৃথাই গেছে। তবে আমার জন্য ভালোই হয়েছে। কারণ, জিমন্যাস্ট না হতে পারলেও শেষ পর্যন্ত অভিনেত্রী তো হয়েছি!’ নিখোঁজ সংবাদউইম্বলডনের সবচেয়ে পরিচিত মুখ কে? রজার ফেদেরারের কথাই বলবেন জানি। এ নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো ফাইনালে উঠে এলেন। এখানে এর আগে ছয়-ছয়টি শিরোপা জিতেছেন। উইম্বলডন আর ফেদেরার যেন একে অন্যের সমার্থক।তবে গত চার বছরে ফেদেরারের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে আরেকজন। বিশেষ করে মাঠে গিয়ে যাঁরা উইম্বলডন দেখেন, তাঁদের অনেকের কাছেই ফেদেরারের মতো সেও জনপ্রিয়। নাম তার রাফাস!না, রাফাস কোনো টেনিস খেলোয়াড় নয়। জন্মসূত্রে সে বাজপাখি। উইম্বলডনের সঙ্গে সম্পর্ক? ঘাসের কোর্টে অহেতুক উটকো ভিড় জমাতে আসা পায়রাদের তাড়ানো। চার বছর ধরে উইম্বলডন শুরুর দিন থেকে নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে আসছে। কিন্তু কদিন আগে চুরি গেছে এই বাজপাখি!পাখিটির মালিক ইমোজেন ডেভিস এই দুসংবাদ দিয়েছেন, ‘এটা সত্যি, সত্যিই খুব বেদনাদায়ক। কে বা কারা পাখিটিকে তার বাক্সসহ নিয়ে গেছে। ওই বাক্সেই ওটা ঘুমাত। কারণ, এটা ছিল সুন্দর, অন্ধকার এবং শীতল। সেখানে সে সহজেই ঘুমিয়ে পড়ত।’পাখিটিকে নিজের হাতে বড় করে তুলেছেন। পাখিটির সঙ্গে ছিল দারুণ দোস্তি। বন্ধু হারানোর বেদনায়ই পুড়ছেন ডেভিস, ‘আমরা একসঙ্গে একটা দলের মতো কাজ করতাম। ওকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা এক কথায় ভয়াবহ। এটা আমাদের পারিবারিক ব্যবসা। পাখিগুলোকে নিয়ে এসে আমরাই বড় করে তুলি। তারা আমাদের পরিবারেরই অংশ।’উইম্বলডনে এরই মধ্যে মোটামুটি জনপ্রিয় হয়ে উঠেছিল রাফাস। খেলা দেখতে আসা টেনিসপ্রেমীরা আগ্রহ নিয়ে তার সঙ্গেও ছবি তুলত। এমনকি রাফাসের নিজস্ব একটা টুইটার অ্যাকাউন্টও আছে! কিন্তু কিছুদিন ধরে তাতে কোনো টুইট করা হয়নি। হবে কী করে, রাফাসই যে নেই। ডেভিস একটা মিনতি করেছেন, ‘ও যেখানে, যার কাছেই থাকুক, শুধু এতটুকু শুনতে চাই, ও ভালো আছে।’ইয়ে, ইয়েস!তার উত্থানটা রূপকথার মতো। সাঁতার নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। চীনের সাধারণ এক শ্রমিক পরিবারে বেড়ে উঠেছে। কিন্তু স্কুলে পড়ার সময় তার এক শিক্ষক আবিষ্কার করলেন, অন্য শিক্ষার্থীদের তুলনায় তার হাত আর পা বেশি বড়। যেটি সাঁতারে বাড়তি সুবিধা দিচ্ছে তাকে। ঝেজিয়াং রাজ্য দলের হয়ে সাঁতরাতে শুরু করেছে ২০০৭ সালে। পরের বছরই জায়গা করে নিয়েছে জাতীয় দলে। চার বছর পেরোতে না পেরোতেই তারকা! গত জুলাইয়ে অনেকেই চমকে দিয়ে মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলিতে চীনকে এনে দিল প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ সোনা! বয়স তখন মাত্র ১৫!গত মার্চে ১৬ পূর্ণ করা ইয়ে শিওয়েনকে নিয়ে এরই মধ্যে প্রত্যাশার বেলুনটা ফুলে-ফেঁপে উঠেছে চীনে। সেই অর্থে সাঁতারে চীন কখনোই বড় শক্তি ছিল না। তবে ইয়েকে নিয়েই নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে চীনারা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার অ্যালিসিয়া কোউটস আর সাবেক চ্যাম্পিয়ন আরিয়ানা কুকোর্সকে হারিয়ে ইয়ে নিজেই সেই স্বপ্নে জ্বালানি জুগিয়েছে। ‘প্রত্যেক অ্যাথলেটই অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চায়। অবশ্যই আমি এর ব্যতিক্রম নই’—সামপ্রতিক এক সাক্ষাৎকারে বলেছে এই কিশোরী।তাকে নিয়ে চীনাদের প্রত্যাশা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা বোঝা গেছে, যখন কমিউনিস্ট-শাসিত দেশটির সরকারনিয়ন্ত্রিত প্রধান দৈনিক পিপলস ডেইলিতে ছাপা হয়েছে তার প্রোফাইল। ইয়ের উত্থানকে ‘রকেটের মতো’ উল্লেখ করে সেখানে লেখা হয়েছে, ‘বেইজিং অলিম্পিকের পর আমরা যেসব সেরা সম্পদ খুঁজে পেয়েছি, সে তাদের অন্যতম। সাংহাইয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ইয়ে সেই নতুন তারকা, তার ওপর আস্থা রাখাই যায়।’