শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাযাত্রী চেন বেইজিং অলিম্পিকের সমাপনী দিনেই অলিম্পিকের পতাকা বুঝে নিয়েছে লন্ডন। ২০১২ অলিম্পিকের আয়োজক শহরের প্রধান হিসেবে সেই পতাকা অর্পিত হয়েছে মেয়র বরিস জনসনের হাতে। এভাবেই বেইজিংয়ের শুভকামনাও পৌঁছে গেছে লন্ডনে। কিন্তু চেন গুয়ানমিং ভাবলেন, এটাই যথেষ্ট নয়। আরও কিছু করা উচিত। বেইজিং আর লন্ডনের সেতুবন্ধ হয়ে উঠতে ৫৭ বছর বয়সী এই কৃষক করলেন অবিশ্বাস্য এক কাজ। এই ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে দুই বছর আগে চীন থেকে একটা রিকশা, শুধু একটা রিকশায় চেপে পাড়ি দিলেন লন্ডনের উদ্দেশে। অবশেষে দীর্ঘ দুই বছরে ৬০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে, ১৬ দেশ ঘুরে একেবারে ঠিক সময়ে লন্ডনে পৌঁছে গেছেন এই বৃদ্ধ।‘এই রিকশাযাত্রায় আমি ১৬টি দেশ ঘুরেছি। ৪০ হাজার মাইলের মতো পথ পাড়ি দিয়েছি। আমি উদ্বোধনী অনুষ্ঠানের আগে ঠিক সময়েই এসে পৌঁছাতে চেয়েছিলাম। এই যাত্রায় আমাকে বন্যা, প্রচণ্ড গরম, শুকনো আবহাওয়া—সবই সইতে হয়েছে’—উদ্বোধনের এক দিন আগে লন্ডনে পৌঁছে বলেছেন চেন।দীর্ঘ এই ভ্রমণের প্রমাণ হিসেবে তাঁর পাসপোর্টে আছে ভিন্ন ভিন্ন দেশের ভিসা। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিকভাবে পরিচিত অবকাঠামোর সামনে নিজের রিকশা নিয়ে ছবিও তুলেছেন। ইউটিউবের একটি ফুটেজে দেখা গেছে, ত্রিচক্রযান নিয়ে চেন ঘুরছেন রোমে!এই পরিশ্রম, অলিম্পিকের প্রতি এই ভালোবাসায় মুগ্ধ হয়ে লন্ডনবাসী চেনকে আপন করে নিয়েছে। চেনও মুগ্ধ এই আতিথেয়তায়, ‘লন্ডনের মানুষ খুবই আন্তরিক। তা ছাড়া এই শহর তো পুরো বিশ্বকেই আমন্ত্রণ জানাচ্ছে।’ইমনস পারবেন?টানা দুই অলিম্পিকে সোনা জিততে জিতে হেরে যাওয়ার অভিজ্ঞতা যদি হয়, আর সেটিও যদি হয় দুর্ভাগ্যের কারণে; যে কেউ মুষড়ে পড়বেই। মুষড়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের শ্যুটার ম্যাট ইমনসও। দুবারই ঘটনা ঘটেছে ৫০ মিটার থ্রি পজিশনে। ২০০৪ এথেন্স অলিম্পিকে শেষ শটটা মেরেছিলেন ভুল জায়গায়। অথচ সোনা থেকে ওই একটা শটেই দূরে ছিলেন! বেইজিং অলিম্পিকে ফসকে গিয়েছিল তাঁর ট্রিগার আঙুল!নিজের দুর্ভাগ্য নিয়ে যখন হা-পিত্যেশ করছেন, এমন সময় এল আরও বড় দুঃসংবাদ। ২০১০ সালে থাইরয়েড ক্যানসার ধরা পড়ল তাঁর!মানবদেহ পরিচালনাই করে থাইরয়েড হরমোন। আর সেটাই বাদ দিয়ে দিতে হলো তাঁকে। এখন প্রতিদিন নিয়ম করে এই হরমোন নিতে হয় তাঁকে। এভাবেই বেঁচে আছেন তিনি। তবে হাসপাতালের শয্যায় শুয়ে নেই। ইমনসও আবার এসেছেন অলিম্পিকে। ক্যানসার জিতেছেন, এবার দুর্ভাগ্যকে জিততে হবে!ক্যানসারের বিরুদ্ধে এই লড়াইটাই সব সময় পাশে পেয়েছিলেন স্ত্রী ক্যাটেরিনা ইমনসকে। ক্যাটেরিনা নিজেও অলিম্পিকজয়ী শ্যুটার। বেইজিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা আর ৫০ মিটার থ্রি পজিশনে জিতেছেন রুপা। স্বামী-স্ত্রী মিলে মোট পাঁচটি অলিম্পিক পদক আছে তাঁদের ঘরে। ‘পাঁচটি অলিম্পিক পদক, সত্যিই দুর্দান্ত। এর সঙ্গে আরও কিছু যোগ করতে পারলে আরও ভালো লাগবে’—বলেছেন ইমনস। কিন্তু একটা জিনিস পরিষ্কার, শেষ মুহূর্তে মানসিক একটা চাপ তৈরি হওয়ার কারণেই পারছেন না। বেইজিংয়ে যেটা হয়েছে, সেটা স্রেফ নার্ভাসনেসের পরিণতি। এটা ইমনস অস্বীকারও করছেন না। এ নিয়ে মনোবিদের সঙ্গে কথা বলেছেন। মনোবিদ তাঁকে একটা কথাই বলেছেন, যে ক্যানসার জিততে পারে, তার কাছে অজেয় কিছুই নেই!ভূপালের অলিম্পিকসবার চোখ এখন লন্ডনে। সেই চোখে মুগ্ধতা। বিস্ময়। কিন্তু এরই মধ্যে ভারতের ভূপালেও হয়ে গেল একটা ‘অলিম্পিক’! গত সপ্তাহে অনুষ্ঠিত এই অলিম্পিকের নাম ছিল ‘ভূপাল স্পেশাল অলিম্পিক’। ঝা-চকচকে স্টেডিয়াম, ফ্লাডলাইটের উজ্জ্বল আলো কিংবা বনেদি রোশনাই নয়; মাটি-কাদার মধ্যেই নিজের খেলায়-খুশিমতো খেলল ভূপালের শিশু-কিশোরেরা। খেলা মানে আনন্দ। নির্মল বিনোদন। কিন্তু এ দিন তাদের এই ক্রীড়াযজ্ঞে আনন্দ ছিল না, বিনোদন ছিল না; ছিল ক্ষোভ!এবারের অলিম্পিকের অন্যতম স্পনসর ডাউ কেমিক্যাল। বিশ্বের শীর্ষ রাসায়নিক প্রতিষ্ঠানটির কারণে ভারতের ভূপালে ঘটে গিয়েছিল ভয়াবহ বিপর্যয়। দুর্ঘটনায় গ্যাস নির্গত হয়ে প্রথম তিন দিনেই মারা গিয়েছিল আট থেকে দশ হাজার মানুষ। ৪০ টন মিথাইল আইসোসায়ানেট গ্যাসের কারণে অসুস্থ-বিকলাঙ্গ হয়ে গেছে আরও কয়েক হাজার। এখনো ভূপালের অনেক শিশু জন্মাচ্ছে পঙ্গু-প্রতিবন্ধী হয়ে। সেই গ্যাস বিপর্যয়ের কারণেই এমনটা হচ্ছে বলে উঠে এসেছে গবেষণায়। ডাউ কেমিক্যাল অবশ্য তাদের ভারতের প্রতিষ্ঠান ২০০১ সালে ইউনিয়ন কার্বাইডের কাছে বিক্রি করে দেয়। চুক্তির অংশ হিসেবে ইউনিয়ন কার্বাইড ভারত সরকারকে ৪৭ কোটি ডলার ক্ষতিপূরণও দিয়েছিল। কিন্তু এই টাকার কত অংশ আমলা-রাজনীতিবিদদের পকেটে গেছে, আর সত্যিকারের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপকারে এসেছে কতটা, এ নিয়ে এখনো অনেকের মনে প্রশ্ন।যে প্রতিষ্ঠানের কারণে এই ভয়াবহ মানবিক বিপর্যয়, তারা যখন অলিম্পিকের মতো একটা মহৎ আয়োজনে গিয়ে মানবতার ধ্বজা ওড়াবে, স্বাভাবিকভাবেই ভূপালবাসীর কাছে সেই দৃশ্য দেখতে ভালো লাগবে না। ডাউ কেমিক্যালের বিরুদ্ধে অনেক দিন ধরেই তাই চলে আসছে আন্দোলন।  রাজীব হাসান