শেষের আগে
জাকারবার্গের বন্ধুসামির লেইন। জানি, নামটা আপনি আগে শোনেননি। হাইতির মতো একটা দেশ থেকে এসেছেন অলিম্পিকে। সেটিও ট্রিপল জাম্প-এর মতো অখ্যাত খেলার জন্য। হাইতি থেকে অলিম্পিকে আসা পাঁচ অ্যাথলেটদের একজন লেইনের আরেকটি পরিচয় আছে। পেশায় আসলে তিনি আইনজীবী। না, এতেও তাঁকে নিয়ে লেখার কারণ খুঁজে পাওয়া যায় না। এবার তাহলে আসল পরিচয়টাই বলি—লেইন মার্ক জাকারবার্গের বন্ধু।বন্ধু বলতে হার্ভার্ডে একই সঙ্গে একই কক্ষে থেকেছেন। রুমমেট। আজ যে ফেসবুকের শত কোটি সদস্য, এর মধ্যে লেইন ছিলেন ১৪ নম্বর। ১৪তম ব্যক্তি হিসেবে ফেসবুকে সাইনআপ করেছিলেন তিনিই। সত্তরের দশকেই তাঁর বাবা-মা যুক্তরাষ্ট্রে চলে আসেন। লেইন বেড়ে উঠেছেন সেখানেই। কিন্তু নিজেদের দেশের প্রতি দায়বদ্ধতা এড়াতে পারেননি। পারেননি বলেই ভূমিকম্প-বিধ্বস্ত হাইতির জন্য কিছু একটা করার জন্য মন কাঁদে এই ২৮ বছর বয়সীর। আড়াই বছর আগে ভয়াবহ ভূমিকম্পে হাইতি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। তিন লাখ লোক তাতে প্রাণ হারিয়েছিল। কয়েক লাখ লোক হয়েছিল গৃহহীন।হাইতির দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য ‘জাম্প ফর হাইতি’ নামের একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন। লেইনের আশা, এই ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়াবেন তাঁর এককালের বন্ধু, এখনকার বিলিওনিয়ার জাকারবার্গ। ‘আমি ওর সঙ্গে এটা নিয়ে কথা বলব। আমি আমার বাকি বন্ধুদের সঙ্গেও কথা বলব। বাকিদের কাছে যে সাহায্য চাই, মার্কের কাছেও তা-ই চাইব, বেশি কিছু নয়। আশা করি তার হূদয় সাড়া দেবে। এই ফাউন্ডেশনের পাশে ওকে পাওয়াটা হবে বিরাট কিছু।’‘জেলে’ থেকে অলিম্পিয়ানতাঁকে আপনি জেলেও বলতে পারেন। মাছ ধরার নৌকায় লম্বা একটা সময় কেটেছে তাঁর। না, মাছ শিকার করতে নয়। কয়েক দিনের জন্য হামাদু ডিজিবো আইজাকা মৎস্যজীবী হয়ে গিয়েছিলেন অলিম্পিকের জন্যই!একসময় সাঁতরাতেন। ৫০ মিটার ফ্রি-স্টাইল। এখন বয়স হয়ে গেছে ৩৫। এই বয়সে দ্রুতগতির এই সাঁতারে মানাবে না। তাই বলে অলিম্পিক স্বপ্ন কি আটকে থাকবে? না, পরিচয়টাই পাল্টে ফেললেন। সাঁতারু থেকে হয়ে গেলেন রোয়ার। নাইজারের প্রথম রোয়ার হিসেবে অলিম্পিকে অংশ নিচ্ছেন তিনি।এটা খুবই স্বাভাবিক মাছ শিকারের নৌকায় প্রশিক্ষণ নিয়ে অলিম্পিকে লড়াই করা যায় না। অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে নামার সময়ই ‘লজ্জা’য় পড়ে গেছেন। নৌকা থেকেই যে পড়ে গিয়েছিলেন আইজাকা! কিন্তু সেই লজ্জার কলঙ্ক তিলক পশ্চিম লন্ডনের এটন ডর্নি রোয়িং ভেন্যুর পানিতেই মুছে ফেলেছেন। কারণ, আবারও নৌকায় চেপে বসে তিনি ঠিকই পাড়ি দিয়েছেন।ফার্স্ট-সেকেন্ড ব্যাপারটিকে গৌণ করে তোলে যেসব মানবিক গল্প, এবারের অলিম্পিকে তারই একটা গল্প জন্ম দিয়েছেন আইজাকা। তাঁর এই হার না মানা মানসিকতা দর্শকদের দৃষ্টি কেড়েছে। দ্রুতই জনপ্রিয়ও হয়ে উঠেছেন তিনি। সেদিন তো বটেই, এর পর যতবার বৈঠা হাতে নিয়েছেন, দর্শকেরা তুমুল করতালির বৃষ্টিতে ভিজিয়েছেন তাঁকে। দর্শকদের এই ভালোবাসায় আইজাকা মুগ্ধ, অভিভূত, আপ্লুত। ‘আমার প্রতি সবাই যেভাবে মনোযোগ দিচ্ছে, তাতে আমি খুবই খুশি। এটা আমাকে অনেক বেশি সাহস জোগাচ্ছে। দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া সব সময়ই দারুণ কিছু’—বলেছেন তিনি।পেলেগ্রিনির ছুটিহারজিত বড় নয়, অংশগ্রহণই বড় কথা। এ ধরনের আপ্তবাক্য লেইন-আইজাকাদের মুখে মানায়। ফেদেরিকা পেলেগ্রিনির মুখে নয়। অথচ এই সান্ত্বনা নিয়েই এবার অলিম্পিক থেকে দেশে ফিরতে হচ্ছে ইতালির এই সাঁতারুকে।ফেবারিট হিসেবেই অলিম্পিকে এসেছিলেন। গত দুটি বিশ্বচ্যাম্পিয়নশিপেই মেয়েদের ২০০ ও ৪০০ মিটার ফ্রি-স্টাইল চ্যাম্পিয়ন ছিলেন। বেইজিং অলিম্পিকে ২০০ মিটারের সোনাজয়ী এই সাঁতারুর দখলেই এই দুই ইভেন্টের বিশ্বরেকর্ড। পায়ে ঠেলেছিলেন অলিম্পিকের উদ্বোধনী মার্চপাস্টে দেশের পতাকা বহনের সম্মানজনক দায়িত্বও। কারণ, তাতে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটত। হা-হতোস্মি, সবই বিফলে গেল। দুটো ইভেন্টেই পঞ্চম হয়ে ফেবারিটের ফাঁপানো বেলুনটাকে একবারে চুপসে দিয়েছেন পেলেগ্রিনি।হতভম্ব পেলেগ্রিনি বুঝে উঠতে পারছেন না কী থেকে কী হলো। সেটা বুঝতেই কিনা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, না অবসরের নয়, এক বছরের ছুটির। এক বছর সাঁতার থেকে দূরে থাকবেন জলকন্যা। তাঁর ভাবনায় এখন শুধুই কীভাবে ছুটি কাটাবেন সেই চিন্তা। একটা খসড়াও করে ফেলেছেন ছেলেবন্ধু পাল্টানোর ক্ষেত্রে ‘বিখ্যাত’ হয়ে ওঠা এই সাঁতারু। এবারের ক্রিসমাসটা লম্বা সময় ধরে উপভোগ করবেন। সপ্তাহান্তের দিনগুলোতে পর্বতে যাবেন স্কি করতে। আর ঝালাই করে নেবেন ইংরেজি বিদ্যাটা।মাত্র ১৬ বছর বয়সে এথেন্সে রুপা জেতা এই সাঁতারু অবশ্য কথা দিয়েছেন ফিরবেন নিজের প্রিয় ভুবনে, ‘আমি ফেরার আশা করছি। আমি ফিরবই। সাঁতার আমার জীবনের বড় ভালোবাসার নাম। তা ছাড়া আমি এখনো তরুণ।’ রাজীব হাসান